ভাষানটেকে ফ্ল্যাট নির্মাণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরীর ছিন্নমূল বস্তিবাসী ও নিম্নবিত্তদের পুনর্বাসনের জন্য ভূমি মন্ত্রণালয়ের অধীন ভাষানটেক পুনর্বাসন প্রকল্পে যে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্বিগুণের বেশি টাকা দিয়ে এই প্রকল্পে আবেদনকারীদের মধ্যে অনেকে এখনো ফ্ল্যাটের মালিকানা বুঝে পাননি। আদৌ পাবেন কি না, সেটাই এখন প্রশ্ন।

শনিবার এক সংবাদ সম্মেলনে ফ্ল্যাট না পাওয়া লোকজনের অভিযোগ অনুযায়ী, ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত তাঁরা প্রত্যেকে ৩ লাখ ৯০ হাজার টাকা করে পরিশোধ করেন। ২০১০ সালে সরকার বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করলে ফ্ল্যাট নির্মাণকাজ বন্ধ থাকে। এর পাঁচ বছর পর ২০১৫ সালের জুলাই মাসে ভূমি মন্ত্রণালয় থেকে একটি চিঠির মাধ্যমে ফ্ল্যাটের জন্য টাকা পরিশোধ করা আবেদনকারীদের বলা হয়, আরও ৩ লাখ ৫০ হাজার টাকা করে পরিশোধ করলে এক বছরের মধ্যে তাঁদের কাছে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে। সেই টাকাও তাঁরা পরিশোধ করেছেন। কিন্তু দুই বছর পার হয়ে গেলেও প্রকল্পে ফ্ল্যাট তৈরির কোনো কাজই হচ্ছে না। দরিদ্র মানুষের টাকা নিয়ে এভাবে ছিনিমিনি করার অর্থ কী?

গত বছর প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতির অভিযোগ পাওয়ার পর এই প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এনএসপিডিএলের সঙ্গে চুক্তি বাতিল করে ভূমি মন্ত্রণালয়। অথচ তারপর পেরিয়ে গেছে সাতটি বছর। কিন্তু নতুন করে কোনো প্রতিষ্ঠানকে কার্যাদেশই দেওয়া হয়নি। এ রকম তো চলতে পারে না। এ ধরনের গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভাষানটেক পুনর্বাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগ নতুন নয়। এর আগেও সরকারের এক তদন্তে এই প্রকল্পের নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ত্রুটিপূর্ণ চুক্তি, চুক্তির শর্ত না মেনে কাজ শেষ করা, অতিরিক্ত অর্থ আদায়, ফ্ল্যাট বরাদ্দের তালিকায় প্রকৃত বস্তিবাসীর নাম না থাকাসহ নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের তথ্য উঠে আসে সরকারের প্রতিবেদনে।

ভূমি মন্ত্রণালয়ের উচিত এই প্রকল্পটি বাস্তবায়নে অবিলম্বে নতুন করে উদ্যোগ নেওয়া। যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাঁদের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া। প্রকৃত অর্থেই যাঁরা নিম্নবিত্ত, তাঁরাই যেন এসব ফ্ল্যাট বরাদ্দ পান—সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে।