ভাড়া নিয়ে নৈরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথের দূরত্ব বাড়লে যদি বাসের ভাড়া বাড়ে, তাহলে পথের দূরত্ব কমলে লঞ্চ-ফেরির ভাড়া কমবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু বাংলাদেশে সবখানে যে এই গাণিতিক নিয়ম চলে না, তারই অন্যতম উদাহরণ পদ্মায় চলাচলকারী ফেরি ও লঞ্চ।
প্রথম আলোর খবর থেকে জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে ঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তরের ফলে নৌপথে মুন্সিগঞ্জের শিমুলিয়ার দূরত্ব ছয় কিলোমিটার কমে গেলেও ভাড়া এক পয়সাও কমানো হয়নি। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছে, ভাড়া কমানো হবে না। অথচ সড়কপথে প্রায় সাড়ে নয় কিলোমিটার পথ বেশি পাড়ি দিতে হয়, এই অজুহাত দেখিয়ে পরিবহন মালিকেরা ঠিকই বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছেন। যাত্রীদের সে ভাড়াও গুনতে হচ্ছে। কাঁঠালবাড়িতে নেওয়ায় শিমুলিয়া থেকে নৌপথের দূরত্ব কমেছে ৬ দশমিক ১৬ কিলোমিটার। পদ্মা নদী পারাপারে সময় ৩০ থেকে ৪০ মিনিট কমলেও ভাড়া কমানো হয়নি। অন্যদিকে কাওড়াকান্দি ঘাট থেকে খানজাহান আলী পরিবহনে নড়াইলের ভাড়া ছিল ১৫০ টাকা, এখন কাঁঠালবাড়ি থেকে নড়াইল পর্যন্ত নেওয়া হচ্ছে ১৭০ টাকা।
এই যে ভাড়া না কমানো এবং বাড়ানোর দ্বৈরথে পড়ে দক্ষিণাঞ্চলের লাখ লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার জবাব কী? সর্বজনীন নিয়ম হলো পথের দূরত্ব মেপেই ভাড়া নির্ধারিত হবে। দূরত্ব কমলে ভাড়াও কমবে। কিন্তু সরকার এখানে তার ব্যত্যয় ঘটিয়ে নৌপথের জন্য এক নিয়ম এবং সড়কপথের জন্য অন্য নিয়ম যাত্রীদের ওপর চাপিয়ে দিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একযাত্রায় দুই ফল হতে পারে না। আরও উদ্বেগের বিষয় হলো ওই রুটের যাত্রীদের কাছ থেকে যে লঞ্চ ভাড়া নেওয়া হয় নির্ধারিত হারের চেয়ে প্রায় দ্বিগুণ। সেখানেও সংশ্লিষ্টরা নানা অজুহাত খাড়া করছে। পথের দূরত্ব বেড়ে যাওয়ায় যদি বাসের ভাড়া বাড়ানো হয়, তাহলে লঞ্চ-ফেরির দূরত্ব কমে যাওয়ায় লঞ্চ-ফেরির ভাড়া কমানো হবে না কেন?
নৌ ও সড়কপথ মিলে যাত্রীরা আগে যে ভাড়ায় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যেত বা দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় আসত, এখনো তাদের সেই ভাড়ায় চলাচল করতে দিতে হবে। অর্থাৎ নৌপথের ভাড়া না কমালে সড়কপথের ভাড়াও বাড়ানো চলবে না। যাত্রীদের ওপর জুলুম বন্ধ হোক।