ভাড়া নিয়ে নৈরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্লেখ্য, এপ্রিল মাসের মাঝামাঝি ঢাকা পরিবহন মালিক সমিতি অবৈধ আখ্যা দিয়ে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেয় এবং পরে এই সার্ভিস বন্ধ করতে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে এরপর প্রায় ৪০ শতাংশ বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেন মালিকেরা। ফলে যাত্রীরাই শুধু অবর্ণনীয় ভোগান্তিতে পড়েনি, রাজধানীর জনজীবনও স্থবির হয়ে পড়ে।

এই প্রেক্ষাপটে কর্তৃপক্ষ সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা থেকে সরে আসে। প্রথম তারা ১৫ দিনের জন্য সিদ্ধান্ত স্থগিত রাখলেও গত মঙ্গলবার এর সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে সিটিং সার্ভিসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে। দুর্ভাগ্যজনক হচ্ছে, সেই কমিটিতে বিআরটিএর দুজন, পুলিশের একজন, মালিক ও শ্রমিকনেতাদের তরফে দুজন এবং তিনজন সাংবাদিককে রাখা হলেও যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠন বা ব্যক্তিদের রাখা হয়নি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল পরিবহন চলাচল বন্ধ করতে নয়; এর ফিটনেস আছে কি না, নির্ধারিত হারে ভাড়া নেওয়া হয় কি না—এসব দেখতে। কিন্তু পরিবহন মালিক-শ্রমিকেরা কোনো নিয়মনীতিই মানতে চান না। তাঁরা স্বেচ্ছাচারভাবে বাস-মিনিবাস চালাতে এবং ভাড়া আদায় করতে চান।

প্রেসক্লাব থেকে শাহবাগের দূরত্ব এক কিলোমিটারের কম। কিন্তু প্রথম আলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী হিমাচল পরিবহন, স্বাধীন এক্সপ্রেস, দিশারী পরিবহন, সময় নিয়ন্ত্রণ, শিকড় পরিবহনের বাস-মিনিবাসে ২৫ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। অন্যদিকে মনজিল, শতাব্দী, আল মক্কা, মালঞ্চ, বসুমতি ও রাইদা পরিবহনের বাস-মিনিবাসে এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ২০ টাকা। আবার শুভেচ্ছা, ওয়েলকাম, তানজিল, গুলিস্তান-গাজীপুর পরিবহন ও মেশকাত পরিবহনে ১০ টাকা। লোকাল নামে চলা মিনিবাসে ৫ টাকা নেওয়া হচ্ছে। এ তথ্যই প্রমাণ করে, রাজধানীর পরিবহন খাতে কী ধরনের নৈরাজ্য চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ঢাকা পরিবহন মালিক সমিতির সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্তটিই ছিল উদ্দেশ্যমূলক। এর মাধ্যমে তারা পরিবহন খাতের নৈরাজ্য টিকিয়ে রেখে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তাদের হাতে আর কত দিন যাত্রীসাধারণ জিম্মি হয়ে থাকবে?