টাকা দিয়ে পুলিশ ভাড়া করে খুনের বন্দোবস্ত করানো যায়। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত সত্য। এই সত্য প্রথম প্রকাশ করেছিল প্রথম আলো। রাষ্ট্রীয় তদন্তে সেই সত্য প্রমাণিত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ। প্রথম আলোর প্রতিবেদনে সাড়া দিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের অনুরোধে তদন্ত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতাকে স্বতঃপ্রণোদিত দায়িত্ব পালন ভাবা যাচ্ছে না। গাজীপুরের বালু ব্যবসায়ী মামুন ভূঁইয়া হত্যার ন্যায্য বিচারের স্বার্থে দোষী পুলিশ কর্মকর্তাসহ ঘটনার হোতাদের বিচার হোক।গত ৩১ মে ‘ব্যবসায়ীকে খুনিদের হাতে তুলে দিল পুলিশ’ শিরোনামে প্রথম আলোয় একটি সাড়া জাগানো প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ১৭ জুন জাতীয় মানবাধিকার কমিশন স্বরাষ্ট্রসচিবকে এ বিষয়ে তদন্তের অনুরোধ জানায়। অন্যান্য মানবাধিকার সংস্থাও ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দায় এড়ানোর সুযোগ ছিল না। তবে অন্যান্য অনেক ক্ষেত্রের মতো পুলিশের বিরুদ্ধে এই অভিযোগটিকেও উপেক্ষার ঝুড়িতে যে ফেলে দেওয়া হয়নি, এটা অবশ্যই অভিনন্দনীয়। গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো সচেষ্ট হলে সরকারকে দিয়ে যে উচিত কাজ করানো যায়, এটা তারও উজ্জ্বল উদাহরণ। উল্লেখ্য, সংবাদ প্রকাশের পর গাজীপুরের পুলিশ সুপারও একটি তদন্ত করেন। সেখানেও অভিযুক্ত পুলিশ কর্মকর্তা নিপেন্দ্র কুমার দেকে সর্বোচ্চ বিভাগীয় শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছিল।দীর্ঘদিন ধরে পুলিশসহ বিশেষ বিশেষ বাহিনীর কারও কারও দ্বারা খুনখারাবিসহ বিভিন্ন রকম দুষ্কৃতির অভিযোগ গণমাধ্যমে আসছিল। ভুক্তভোগীরা প্রতিনিয়ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যদের দ্বারা হয়রানি, নির্যাতন, চাঁদাবাজিসহ গুরুতর অপরাধের অভিযোগ করে আসছিলেন। হাঁড়ির একটি চাল টিপলেই যেমন ভাতের অবস্থা বোঝা যায়, গাজীপুরের আলোচিত খুনের ঘটনাটি তেমনি করে পুলিশ বাহিনীর অন্দরের অবস্থা জানিয়ে গেল। এ কারণেই, এ ধরনের সব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা বাহিনীটিকে কার্যকর রাখার জন্যই জরুরি।পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্যের এ রকম ‘অপরাধীকরণের’ জন্য বাহিনীটির রাজনৈতিকীকরণও দায়ী। রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশের ব্যবহার এবং প্রতিপক্ষ দমনের জন্য পুরস্কারের সংস্কৃতি চালু হয়েছে রাজনৈতিক সরকারের কর্তাব্যক্তিদেরই মাধ্যমে। রাজনৈতিকভাবে ‘ব্যবহূত’ পুলিশের পক্ষে আর্থিকভাবেও ব্যবহূত হওয়া সম্ভব। তাই পুলিশকে একা দুষে লাভ নেই। পুলিশ বাহিনীকে কলুষমুক্ত এবং জনগণের জন্য নিরাপদ করার স্বার্থে এর ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের ব্যবস্থা নিতে হবে।ব্যবসায়ী মামুনের পরিবার এখন ন্যায়বিচার প্রত্যাশী। তদন্তের সূত্র ধরে খুনের বন্দোবস্তকারী পুলিশ কর্মকর্তা এবং খুনের হোতা হিসেবে অভিযুক্ত হেকিম ফরাজীসহ জড়িত সবার বিরুদ্ধে খুনের মামলা করার দায়িত্ব এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ বাহিনীরই। আমরা সেই পদক্ষেপের অপেক্ষায়।