ভায়াগ্রা-জাতীয় ওষুধের অবাধ ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের মে মাসে ওষুধ নিয়ন্ত্রণ কমিটির সভায় ভায়াগ্রা-জাতীয় ওষুধ উৎপাদনের অনুমতি দেওয়া হয়। তার পর থেকে দেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ট্যাডালাফিল ও সিলডেনাফিল গ্রুপের ভায়াগ্রা-জাতীয় বা যৌন উত্তেজক ওষুধ উৎপাদন করে আসছে। ট্যাডালাফিল নামক ওষুধটি বাংলাদেশের ২০টি কোম্পানি ৫, ১০, ২০ ও ৪০ মিলিগ্রাম মাত্রায় এবং সিলডেনাফিল ওষুধটি বাংলাদেশের ২৪টি কোম্পানি ২০, ২৫, ৫০ ও ১০০ মিলিগ্রাম মাত্রায় উৎপাদন করছে।ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভায়াগ্রা-জাতীয় ওষুধ উৎপাদনের জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি আবেদন জানিয়ে আসছিল। কিন্তু সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে ওষুধ নিয়ন্ত্রণ কমিটি এই আবেদন স্থগিত করে দেয়। গত বছরের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওষুধ নিয়ন্ত্রণ কমিটির টেকনিক্যাল উপকমিটির সভায় বলা হয়, ‘দুর্বল যৌন রোগীর চিকিৎসায় এই ওষুধ অত্যন্ত কার্যকর। দেশে এমন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অপব্যবহারের বিষয় ভেবে এসব প্রয়োজনীয় ওষুধের নিবন্ধন বন্ধ রাখা সমীচীন হবে না। দেশে এ-জাতীয় নিবন্ধনবিহীন ওষুধ অনিয়ন্ত্রিতভাবে ব্যবহূত হচ্ছে। তাই সার্বিক অবস্থা বিবেচনায় ওষুধগুলো উৎপাদনে অনুমোদন দেওয়া যেতে পারে।’২. ১৯৯৮ সালে ভায়াগ্রা-জাতীয় ওষুধটি সর্বপ্রথম ফাইজার নামক একটি ওষুধ কোম্পানি হূদেরাগের চিকিৎসার জন্য আবিষ্কার করলেও পরবর্তী সময়ে ওষুধটির যৌন উত্তেজক জাতীয় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ওই কোম্পানি হূদেরাগের পরিবর্তে যৌন চিকিৎসার জন্য ওষুধটি বাজারজাত করতে থাকে। এর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এ ওষুধটির বাজারজাতকরণ বৃদ্ধি পেতে থাকে। কেবল যুক্তরাষ্ট্রেই বিভিন্ন বয়সের দুর্বল যৌন রোগীর সংখ্যা প্রায় তিন কোটি। বাংলাদেশেও এ-জাতীয় রোগীর সংখ্যা অনেক। কিন্তু সামাজিক প্রেক্ষাপট ও লজ্জায় বেশির ভাগ রোগী ডাক্তারের শরণাপন্ন হয় না অথবা হাতুড়ে ডাক্তার, হোমিওপ্যাথিক বা হারবালজাতীয় ওষুধ ব্যবহার করে থাকেন। যৌন দুর্বলতা বিভিন্ন মানসিক রোগ, ডায়াবেটিস, হূদেরাগ, টেনশন বা অন্য কোনো অসুখের কারণে হতে পারে এবং এ রোগের চিকিৎসায় কেবল মনোরোগ চিকিৎসক, ইউরোলজিস্ট, চর্ম ও যৌন বিশেষজ্ঞ এবং মেডিসিন বিশেষজ্ঞরাই যথাযথ পরামর্শ দিতে পারেন। উল্লেখ্য, ভায়াগ্রা-জাতীয় ওষুধ যৌনাঙ্গে রক্তপ্রবাহ বৃদ্ধি করে, ফলে যৌনশক্তি কয়েক গুণ বেড়ে যায়। ৩.যেহেতু ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি, তাই কোনোভাবেই এ ওষুধ ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া যত্রতত্র বিক্রি করা উচিত নয়। বিশেষ করে, যারা বিভিন্ন ধরনের হূদেরাগজাতীয় অসুখ, রক্তচাপ, স্ট্রোকজাতীয় অসুখে আক্রান্ত অথবা যাদের পরিবারে এ-জাতীয় বংশগত রোগ আছে, তাদের কোনোভাবেই ভায়াগ্রা-জাতীয় ওষুধ ব্যবহার করা ঠিক নয়। এ ওষুধ ব্যবহারে অনেক সময় হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে। বিভিন্ন গবেষণায় ভায়াগ্রা-জাতীয় ওষুধ ব্যবহারে হার্ট অ্যাটাকজনিত মৃত্যু প্রকাশিত হয়েছে। তা ছাড়া কারও কারও ক্ষেত্রে বেশি মাত্রায় যৌনক্ষমতা বৃদ্ধি পেতে পারে এবং দীর্ঘস্থায়ী হতে পারে, যা শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ওষুধ সেবনের ফলে মাঝেমধ্যে মাথাব্যথা, মুখ বা সারা শরীর লাল হওয়া, পেটে ব্যথা, ডায়রিয়া, কানে কম শোনা, চোখে কম দেখা ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।৪.প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গায় চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই যত্রতত্র মিলছে ভায়াগ্রা-জাতীয় ওষুধ। এমন ওষুধের অপব্যবহারে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সের লোক এই ওষুধের খোঁজ করেন। ওষুধ খাওয়ার পর মাথা ঘোরানো, গোপনাঙ্গে ব্যথাসহ নানা শারীরিক সমস্যা তাদের মধ্যে দেখা গেছে।যারা শারীরিকভাবে সক্ষম এবং বয়সে তরুণ তাদের কোনোভাবেই এ জাতীয় ওষুধ ব্যবহার করা উচিত নয়। তরুণদের এ ওষুধ ব্যবহারে কেবল ওষুধের ওপর নির্ভরশীলতাই বাড়াবে না বরং নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া এবং স্বাস্থ্যঝুঁকিও বাড়াতে পারে। আমাদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে সবার সচেতনতা বৃদ্ধির জন্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ২১ বছরের কম বয়সী পুরুষের কাছে এ ওষুধ কোনোভাবেই বিক্রি করা যাবে না। ব্যবস্থাপত্র ছাড়া যেন কেউ এ-জাতীয় ওষুধ যত্রতত্র বিক্রি করতে না পারে, সে ব্যাপারে সরকারকে আইনের মাধ্যমে কঠোর শাস্তির বিধান করতে হবে। সবার সমন্বিত প্রয়াস ও জনসাধারণের সতর্কতাই পারে এর অপব্যবহার রোধ করতে। ড. আবুল হাসনাত: অধ্যাপক, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়email: [email protected]