নিষ্পাপ শিশুদের অপহরণ করে প্রথমে পঙ্গু করা হয়, তারপর তাদের ভিক্ষার ব্যবসায় লাগানো হয়। রাজধানী ঢাকার বড় বড় সড়কের মোড়ে যে বিকলাঙ্গ শিশুদের কোলে নিয়ে সাজানো মা-বাবারা ভিক্ষা দেওয়ার জন্য পথচারী ও গাড়িতে বসে থাকা ব্যক্তিদের কাছে হাত পাতেন, তাঁদের অনেকেই আসলে একশ্রেণীর সন্ত্রাসীর নিয়োজিত লোক। বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে শিশু নির্যাতনের যে নির্মম চিত্র ফুটে উঠেছে, তা কোনো সভ্য দেশে চলতে পারে, বিশ্বাস করা কঠিন। শিশুদের ধরে এনে ছয় মাস পাতিলে ভরে রেখে, দিনে সামান্য কিছু খেতে দিয়ে বিকলাঙ্গ বানানো হয়। কারও হাত-পায়ের রগ বা কবজি কেটে ফেলা হয়। এ ধরনের বর্বরতা চলছে কামরাঙ্গীরচরের একটি ক্লাবঘরে। এর পেছনে রয়েছে এলাকার প্রভাবশালী সন্ত্রাসী চক্র। তাদের মূল নেতা এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী বলে পরিচিত।কদমতলী ও কামরাঙ্গীরচর থানার পুলিশের সঙ্গে এই সন্ত্রাসী চক্রের সখ্য রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা শিশু অপহরণের মামলা নেয় না, উল্টো অপহূত শিশুর বাবার বিরুদ্ধে সন্ত্রাসীদের দেওয়া মিথ্যা মামলা নেয়। হিউম্যান রাইটস ফাউন্ডেশনের এ অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।রাজধানীর রাস্তার মোড়ে মোড়ে ভাসমান ভিক্ষুকের সংখ্যা বেড়েই চলেছে। অভিযোগ রয়েছে যে দিনের শেষে ভিক্ষার টাকা প্রভাবশালীদের মধ্যে ভাগাভাগি হয়। ভিক্ষুকেরা আসলে ভাড়া খাটে। বিকলাঙ্গ শিশুরা নির্যাতিত ভাগ্যহত শিশু। চোখের ওপর এই ব্যবসা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছু বলেন না। কথিত এই ভিক্ষুকদের মধ্যে যারা সত্যিই অসহায়, তাদের সরকারি আশ্রয়কেন্দ্রে নিয়ে পুনর্বাসন করা হোক। আর যারা সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।ভিক্ষা-ব্যবসায়ী সন্ত্রাসী চক্রের একজনকে র্যাব গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্য সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার, বিচার ও তাদের শাস্তির ব্যবস্থা করা দরকার। এ ধরনের বর্বরতা কোনো সভ্য দেশে চলতে পারে না। এটা ভালো যে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের আগেই বিষয়টি সামনে এসেছে। বিদেশিদের চোখে আমাদের দেশের সুন্দর অভিব্যক্তি যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। ঢাকায়ও নিতে হবে। ভিক্ষার নামে অমানবিকতা বন্ধ করা দরকার।