ভীতিহীন পরিবেশের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আগামীকাল অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হোক—এটা নিশ্চিত করার জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সব পক্ষের কাছে যে আহ্বান জানিয়েছেন, তা এ দেশের জনগণেরও আহ্বান। যদিও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের জবরদস্তিমূলক আচরণ, আইন প্রয়োগ ব্যবস্থার ব্যাপক অপব্যবহার, পুলিশের দৃশ্যমান পক্ষপাত ও নির্বাচন কমিশনের কাছ থেকে প্রত্যাশিত নিরপেক্ষতার অভাবে নির্বাচন নিয়ে একধরনের নিরাশা লক্ষ করা যাচ্ছে। তবু আমরা আগামীকালের নির্বাচনের সামগ্রিক সুষ্ঠুতা নিশ্চিত করার ওপর জোর দিতে চাই।

কারণ, নির্বাচনী প্রচারণা পর্বে অনেক সহিংস ঘটনা ঘটেছে এবং সেগুলো শান্তিভঙ্গের কারণ হয়েছে। একটা শঙ্কা ও ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল নয়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গত দুই সপ্তাহের নির্বাচনী সহিংসতা লক্ষ করে উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে তিনি তাঁর উদ্বেগের কথা কমিশনকে অবহিত করেছেন। আর বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় বিরোধী দলের প্রার্থীরা বেশি আক্রান্ত হয়েছেন, সংখ্যালঘু ও নারী প্রার্থীরাও সহিংসতার শিকার হয়েছেন।

অর্থাৎ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে স্বাভাবিক শান্তিশৃঙ্খলার জন্য যে ঝুঁকি সৃষ্টি হয়েছে, তা শুধু আমরাই লক্ষ করছি না, আন্তর্জাতিক মহলেরও এদিকে দৃষ্টি আছে। আমরা বরাবর বলে আসছি, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণকারী সব দল ও প্রার্থীকে বলপ্রয়োগের প্রবণতা সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ক্ষমতাসীন দলের মধ্যে সহিংসপ্রবণতা দৃষ্টিকটু হয়ে উঠেছে। এক ডজনের বেশি বিরোধীদলীয় প্রার্থী শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন—এটা এই নির্বাচনের প্রচারণাপর্বের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। এর আগের কোনো জাতীয় নির্বাচনে স্বয়ং প্রার্থীরা এভাবে আক্রমণের শিকার হননি। নির্বাচন কমিশনের হাতে নির্বাচন-সংক্রান্ত অপরাধের বিষয়ে আইন প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও প্রার্থীদের ওপর হামলা করার মতো গুরুতর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে আইন প্রয়োগে উদ্যোগী হতে দেখা যায়নি; কোনো প্রার্থীর ওপর হামলা করার দায়ে কাউকে গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি।

জাতিসংঘের মহাসচিব ও মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগের গুরুত্ব নির্বাচন কমিশনকে সম্যকভাবে উপলব্ধি করতে হবে, গুরুত্বের সঙ্গে আমলে নিতে হবে। নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। এই সময়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। কেননা, এর ওপরেই ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে উৎসাহ-অনুৎসাহ অনেকটা নির্ভর করবে। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হলে ভোটারদের জন্য ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে হবে। সে দায়িত্ব প্রধানত নির্বাচন কমিশনের; আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও নির্বাচনী কাজে নিয়োজিত সশস্ত্র বাহিনীগুলোর সদস্যদের ভূমিকাও বিরাট।