মত দ্বিমত: ভর্তুকির দোহাই দিয়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে সরকার। ইতিমধ্যে এর নেতিবাচক প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। গণপরিবহনের ভাড়া বেড়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানো সম্পর্কে এখানে দুই বিশেষজ্ঞের অভিমত তুলে ধরা হলো
ভুল নীতির কারণেই ভর্তুকির বোঝা
জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারের প্রকাশ্য অজুহাত ভর্তুকি কমানো। অপ্রকাশ্যের মধ্যে রয়েছে আইএমএফের শর্ত। গত দুই বছরে তেলের আমদানি-ব্যয়ের সঙ্গে পাল্লা দিয়ে ভর্তুকিও বেড়েছে। এর পাশাপাশি আমদানি করা তেলের ওপর সরকারের রাজস্ব আয় হিসাব করলে চিত্রটা ভিন্ন রকম হয়। দেখা যায়, লোকসান যতটা, সরকারের রাজস্ব আয় তার কাছাকাছিই থাকে। তার মানে তেলের ওপর ট্যাক্স কিছুটা কম নিলে আর লোকসান থাকত না। কোনো কোনো বছর লোকসানের থেকে রাজস্ব আয় বেশি অর্থাৎ লাভ হয়েছে। তার মানে সরকারের তেল আমদানি ও দেশের মধ্যে বিক্রিবিষয়ক নীতিমালায় গলদ আছে। অর্থাৎ কতটা তেল আমদানি করে কতটা রাজস্ব নিলে লোকসান বন্ধ হয়, সেই হিসাব স্বচ্ছ নয়। আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেলের চেয়ে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০ থেকে ৩০ ডলার কম। অপরিশোধিত তেল এনে রিফাইনারির মাধ্যমে পরিশোধন করলে ব্যয় কমে। তা সত্ত্বেও গত ৪০ বছরে তেল পরিশোধনব্যবস্থার উন্নতি হয়নি। পাকিস্তান আমলের ইস্টার্ন রিফাইনারিই একমাত্র ভরসা। রিফাইনারির সম্প্রসারণ না হওয়ায় অপ্রয়োজনীয়ভাবে বছরের পর বছর বিরাট ব্যয়ের বোঝা বহন করতে হচ্ছে। গত তিন বছরে রেন্টাল, কুইক রেন্টালের মাধ্যমে তেলনির্ভর বিদ্যুৎ প্ল্যান্টের কারণে তেলের আমদানির পরিমাণ ও ব্যয় অনেক হচ্ছে, ভর্তুকি বাবদ লোকসানও বাড়ছে। রেন্টাল প্ল্যান্টের আগে পর্যন্ত তেল আমদানি-ব্যয় লোকসান ও রাজস্ব আদায় ভারসাম্যপূর্ণই ছিল। বিদ্যুৎ উৎপাদনে তেলনির্ভরতা কমালে তেল আমদানি বাবদ সরকারের ঋণগ্রস্ততা, আমদানি-ব্যয় বৃদ্ধি ও ভর্তুকির চাপ তৈরি হতো না। বিদ্যুৎ-সংকট সমাধানে এর চেয়ে সহজ সমাধান ছিল। বর্তমানে গ্যাস, কয়লা ও পানিভিত্তিক যেসব বিদ্যুৎকেন্দ্র আছে, সেগুলো নবায়ন ও মেরামত করলেই সরকারি হিসাবে এক হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ বেশি পাওয়া যেত। বিশ্বব্যাংকের অনিচ্ছা থাকায় সরকার এ পথে এগোয়নি। অথচ তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ পেয়েছি আট-দশ গুণ কম, কিন্তু ভর্তুকি দিতে হয়েছে অনেক গুণ বেশি। জ্বালানি খাতের দুর্নীতি হল-মার্ক বা শেয়ারবাজার বা ডেসটিনি কেলেঙ্কারির থেকেও অনেক বেশি। আইএমএফ তিন বছরে এক বিলিয়ন ডলার ঋণ দেবে। এই ঋণ পাওয়ার শর্ত পূরণ করতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে। অথচ এ পরিমাণ অর্থ বাংলাদেশের প্রবাসীরা প্রতি ২৫ দিনেই পাঠাচ্ছেন। এই জানুয়ারি মাসে আইএমএফ দেবে ১৪ মিলিয়ন ডলারের প্রথম কিস্তি, প্রবাসীরা মাত্র দুই দিনে এর থেকে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। অন্যদিকে ভর্তুকি দূর করায় আইএমএফের আগ্রহ আপাতদৃষ্টিতে যুক্তিসংগত দেখালেও ভর্তুকির কারণ দূর করায় অর্থাৎ বিদ্যুৎ খাতের টেকসই সংস্কারে তাদের অনাগ্রহ তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণ, গ্যাসভিত্তিক বৃহৎ প্ল্যান্ট নির্মাণ, নবায়নযোগ্য বিদ্যুৎ ও কয়লার সর্বোত্তম ব্যবহার সম্পর্কে জাতীয় সক্ষমতা বিকাশ হলেই আর তেল আমদানি করতে হয় না। তেল আমদানিতে ভর্তুকির বোঝা বইতে হচ্ছে ভুল নীতি, অদক্ষতা, দুর্নীতির কারণে। আইএমএফ-বিশ্বব্যাংকের সুবিধার জন্যই সহজ সমাধানের পথ ছেড়ে ভর্তুকি নামের বোঝা জনগণের কাঁধে তুলে দেওয়া হচ্ছে। এ কারণেই গ্যাস ও বিদ্যুৎ খাতেও ভর্তুকি বাড়ছে। জাতীয় সংস্থার তুলনায় বিদেশি কোম্পানির কাছ থেকে ১০ গুণ বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। মুনাফাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন-প্রক্রিয়ার কারণে বিদ্যুতের দামও বেড়ে গেছে। সহজ সমাধান হিসেবে অনেকে কয়লার কথা বলেন। কোম্পানির দৃষ্টিতে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন-ব্যয় সব থেকে কম। কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, কয়লা উত্তোলন ও কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনে সামাজিক ও পরিবেশগত ক্ষতি হিসাব করলে এর উৎপাদন-ব্যয়ই সবচেয়ে বেশি। এ জন্য বাংলাদেশের মতো দেশে কয়লা সম্পদের উত্তম ব্যবহার কোনো মুনাফামুখী প্রাইভেট প্রতিষ্ঠান দিয়ে হবে না। জাতীয় সংস্থার কর্তৃত্বে শতভাগ মালিকানা রেখে মাটি, পানি, মানুষ ও আবাদি জমির ক্ষতি না করে কয়লার সর্বোত্তম ব্যবহারের সিদ্ধান্ত নিলেই তা যুক্তিযুক্ত হবে। ভুল নীতি ও দুর্নীতি থেকে বের হয়ে জনগণের স্বার্থকে কেন্দ্রে রেখে দেশের বর্তমান ও সম্ভাব্য গ্যাসের মজুত ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি, কয়লা সম্পদের সর্বোত্তম ব্যবহার করলে ন্যায্য দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। ভর্তুকির কৃত্রিম বোঝা থেকেও তখন মুক্ত হওয়া সম্ভব। পাশাপাশি খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে আইনও করতে হবে। জনগণ আন্দোলন করে গ্যাস রপ্তানি প্রতিরোধ না করলে বছরে আরও প্রায় ৩০ হাজার কোটি টাকার বাড়তি তেল আমদানি করতে হতো। অনেকেই একসময় যে প্রক্রিয়ায় গ্যাস রপ্তানির কথা বলছেন, এখন সেই একই প্রক্রিয়ায় কয়লা সম্পদের নয়ছয় করার পথ দেখাচ্ছেন। বিশ্বব্যাংক-আইএমএফের মডেল এবং দেশি-বিদেশি প্রাইভেট মুনাফামুখী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার নীতি থেকে বের হওয়া ছাড়া এই দুষ্টচক্র থেকে মুক্তি নেই। আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ। অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।