ভুলে ভরা বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার কৃতিত্বের সঙ্গে শুদ্ধতার প্রশ্নটিও অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সরকারি মহলকে অনেক সময় যথাসময়ে বই প্রকাশ ও বিতরণের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এখন সময় এসেছে ভুলে ভরা বইয়ের ব্যাপারে জনগণের কাছে জবাবদিহি করা, সরকারের তরফে সংশ্লিষ্টদের উচিত হবে এ বিষয়ে অবিলম্বে দুঃখ প্রকাশ করা।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে বাহাত্তরের ১০ জানুয়ারির পরিবর্তে একাত্তরের ১০ জানুয়ারি বা ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহকে ১৯৪৭ সালে নামিয়ে আনার মতো ভুলগুলো ইঙ্গিত করে যে নিতান্ত অযত্নে বই ছাপার কাজ চলছে। শ্রেণিকক্ষে শিক্ষকের পাঠদান থেকে কোমলমতি শিশুরা বইনির্ভরতা বেশি দেখাবে, সেটাই স্বাভাবিক। তাই কর্তৃপক্ষের অনিচ্ছাকৃত ইতিহাস বিকৃতির কবল থেকে শিশুদের বাঁচানো জরুরি।
দুটি পাঠ্যবইয়ে ১০ ভুলপঞ্চম ও সপ্তম শ্রেণির দুটি পাঠ্যবই পর্যালোচনা করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্প্রতি ১০টি স্পর্শকাতর ভুল পেয়েছে। এনসিটিবি যে বিলম্বে হলেও সব বইয়ের ভুলত্রুটি খোঁজা এবং দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে, সেটা ভালো লক্ষণ। কিন্তু বাস্তবে কার্যকর পদক্ষেপ নিয়ে তা দ্রুত প্রকাশ না করা পর্যন্ত তাতে ভরসা কম। কারণ, এই ভুলের কাহিনি মোটেই নতুন বা সাম্প্রতিক নয়। সেই এরশাদ আমল থেকে এই বিষয়ে মানের যে অবনতি ঘটেছে, ভুল-ভূতের আছর যে পাঠ্যপুস্তকে পড়েছে, তা আর কিছুতেই যাচ্ছে না।
২০১৩ সালে প্রথম আলোতে দুই পৃষ্ঠাজুড়ে মাধ্যমিকের ভুলে ভরা পাঠ্যবইয়ের কাহিনি ছাপা হয়েছিল। এনসিটিবি তড়িঘড়ি করে তখন ৬০টি বইয়ের ভুলত্রুটি সংশোধনে ৬০টি পৃথক কমিটি করে। কিন্তু সমস্যা কাটেনি। আগের চেয়ে ঘন ঘন পাঠ্যসূচিরও পরিবর্তন হচ্ছে, তাই সার্বিকভাবে প্রকাশনা ব্যবস্থাপনার মান খুবই উন্নত ও নিশ্ছিদ্র করার বিকল্প নেই। দোষীদের মার্জনা নয়, শাস্তি দিতে হবে।