ভুয়া জামিননামা দিয়ে ক্রমবর্ধমান হারে জেল পালানোর ঘটনায় আমরা শঙ্কিত। এই প্রবণতা রুখতে হলে দ্রুত আদালত, পুলিশ ও কারা কর্তৃপক্ষকে মিলে সমন্বিত ব্যবস্থা নিতে হবে।
সার্বিকভাবে জনজীবনে নিরাপত্তাহীনতাবোধ তীব্র হচ্ছে। অপরাধের সঙ্গে পুলিশ বিভাগের ব্যাপকভাবে জড়িয়ে পড়া ইতিমধ্যেই যেন গা সওয়া ব্যাপারে পরিণত হয়েছে। এর ওপর এখন কথিতমতে, ১০ লাখ টাকার চুক্তিতে শিশু অপহরণ মামলার এক আসামির জেল পালাতে সহায়তাদানের সঙ্গে ডেপুটি জেলারের যুক্ত থাকার খবর উদ্ঘাটিত হলো। আশা করব, এ ঘটনার কার্যকর তদন্ত হবে।
২০১৫ সালে শুধু ঢাকার আদালতে বিচারাধীন ৭৬টি মামলায় ১০৬ আসামি ভুয়া জামিনে পালান। কিন্তু অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় বের করা এবং তাদের শাস্তি দেওয়ার ঘটনা বলা চলে শূন্যের কোঠায় আছে। গত ২২ মার্চ ভুয়া জামিনের ঘটনায় পাঁচজনের ১৪ বছরের কারাদণ্ড হয়েছে ঠিকই, কিন্তু তাতে পালের গোদারা কেউ নেই। ভুয়া জামিনের ঘটনায় আদালত, প্রসিকিউশন এবং কারা কর্মকর্তা-কর্মচারীরা জড়িত থাকেন। কিন্তু এই তিন শ্রেণির কেউ দণ্ডিত হয়নি। অথচ, সরকারি কর্মচারীদের দূর্নীতির বিহিত না করলে এই জালিয়াতি ভবিষ্যতেও বন্ধ হবে কি না সন্দেহ।
দ্বিতীয়ত: আমরা মনে করি, অনলাইনভিত্তিক তথ্যভান্ডারই এর বড় রক্ষাকবচ হতে পারে। সারা দেশের আদালত থেকে জারি হওয়া জামিন আদেশগুলো তাৎক্ষণিক অনলাইনে দিতে হবে। প্রতিটি জেলা সদরে এর তদারক ব্যবস্থা থাকবে এবং সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় সার্ভারে জামিনসংক্রান্ত তথ্যাবলি এবং আদেশের ডিজিটাল প্রতিচিত্রও থাকবে। আদালতের সহকারীরা জামিন আদেশের অনুলিপি কারা কর্মচারীদের কাছে পৌঁছে দেন। সে কারণে সংশ্লিষ্ট বিভাগগুলোর দায়িত্ব পালনরতদের প্রত্যেকের ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি অনলাইনে দেওয়া থাকবে। উভয় প্রান্তের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হতে হবে।
প্রত্যেক বিচারক ও কারা কর্মকর্তাদের নমুনা স্বাক্ষরও অনলাইনে সংরক্ষিত থাকবে। আর থাকবে একটি সার্বক্ষণিক হটলাইন। আদালতের ছুটির পর জামিনসংক্রান্ত আদেশের বৈধতা যাচাই করা সম্ভব হয় না। কিন্তু দ্রুত জামিন আদেশ কার্যকর করারও চাপ থাকে। বড় জায়গার টেলিফোন থাকে। উপরন্তু আদালত অবমাননার ভীতিও কারা কর্মকর্তাদের তাড়া করে। কারণ, জামিন আদেশ তাৎক্ষণিক কার্যকর করতে কারা প্রশাসন বাধ্য।
সুতরাং জামিনসংশ্লিষ্ট কারা কর্মকর্তা, আদালতে নিয়োজিত পুলিশ পরিদর্শক, ডিসি (প্রসিকিউশন) এবং সংশ্লিষ্ট সরকারি কৌঁসুলিদের ওপর নিবিড় নজরদারি একটি উপযুক্ত ডিজিটাল ব্যবস্থাই সব থেকে ভালো উপায়ে নিশ্চিত করতে পারে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সীমিতভাবে অনলাইনে জামিন আদেশ ব্যবস্থা চালু করেছেন। এর সুফল ইতিমধ্যেই মিলতে শুরু করেছে।