ভুয়া প্রকল্পে ২৪ কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খবর অনুযায়ী, মাগুরা জেলায় ওয়াজ মাহফিল ও নামযজ্ঞ অনুষ্ঠান আয়োজনের জন্য ১ হাজার ৭৭৬টি প্রকল্পে ২৪ কোটি টাকা বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বরাদ্দের ৯৫ শতাংশ ওয়াজ মাহফিলের জন্য হলেও দেখা গেছে, অনেক জায়গায় ওয়াজ মাহফিলই হয় না। এসব প্রকল্পে যাঁদের নাম-পরিচয় দেওয়া আছে, তাঁদের কেউই এ ব্যাপারে কিছু জানেন না। কে বা কারা প্রকল্পগুলো পাঠিয়েছে, তা–ও তাঁদের অজানা। যদিও স্থানীয় দুই সাংসদের দেওয়া আধা সরকারি পত্র (ডিও) অনুযায়ী মন্ত্রণালয় থেকে ওই বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সাংসদদের দাবি হচ্ছে, এসব প্রকল্পের কোনোটিতেই তাঁরা আধা সরকারি পত্র দেননি। কোনো অসৎ চক্র দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মচারীদের যোগসাজশে এটা করে থাকতে পারে।

সাধারণত ধর্মীয় অনুষ্ঠান, মসজিদ, বিদ্যালয় সংস্কারসহ বিভিন্ন খাতে সহায়তার জন্য সাংসদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা মন্ত্রণালয়ে আবেদন করেন। এসব আবেদন বিবেচনা করে অনুমোদন দিয়ে জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি এসব আবেদন যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে বরাদ্দ ছাড় করে। প্রকল্পগুলো খতিয়ে দেখার দায়িত্ব জেলা ও উপজেলা প্রশাসনের। তাহলে প্রশ্ন ওঠে, মাগুরা জেলার এসব প্রকল্প কি খতিয়ে দেখা হয়নি? খতিয়ে দেখা হলে ভুয়া প্রকল্পগুলোতে বরাদ্দ ছাড় দেওয়া হলো কীভাবে?

সরকারি তদন্তে প্রকল্পগুলো ভুয়া প্রমাণিত হয়েছে। এখন আমরা চাই, যারা এসব ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা সরকারি বরাদ্দ পেয়েছেন, তাঁদের শনাক্ত করা হোক এবং তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।