ভুয়া বিলে সরকারি টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি টাকার হিসাবে নয়ছয় পুরোনো ব্যাধি। কিন্তু পুকুরচুরি হলে বুঝতে হবে বড় রকমের গলদ রয়েছে, যা দেখা গেল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের নামে ভুয়া বিল দাখিল করে প্রায় ২৩ লাখ টাকার চেক তুলে নেওয়ার অবিশ্বাস্য ঘটনায়। সেই চেক ভাঙিয়ে ব্যাংক থেকে টাকাও তুলে নেওয়া হয়েছে। কথায় বলে, চোর পালালে বুদ্ধি বাড়ে। কম্মো কাবার হয়ে যাওয়ার পর হুঁশ হলো বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের। দেখা গেল, খাদ্যসামগ্রী সরবরাহ না করেই জালিয়াতির মাধ্যমে টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর তিন কর্মকর্তাকে ওএসডি ও গতানুগতিক ধারায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বটে, কিন্তু সেটাই কি যথেষ্ট? জালিয়াত চক্রকে চিহ্নিত করতে না পারলে তো সরকারের টাকা লোপাটের প্রক্রিয়াটি চলতেই থাকবে।

কারাগার থেকে এপ্রিল মাসের খাদ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী সরবরাহের জন্য ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় সোয়া ৯৯ লাখ টাকার বিল বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক কার্যালয়ে পাঠানো হয়েছিল। আর একটি চক্র অন্য দুটি প্রতিষ্ঠানের নামে কারা কর্তৃপক্ষের সই-সিল জাল করে অতিরিক্ত প্রায় ২৩ লাখ টাকা তুলে নেয়। তাহলে কি এটাই ধরে নিতে হবে যে হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে জাল সিল-ছাপ্পর ধরার মতো দক্ষ কর্মী নেই? এঁদের হাতে এত দায়িত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে কার্যালয়টি চলছে কীভাবে? আজ ২৩ লাখ গেছে, কাল ২৩ কোটি টাকা যে যাবে না, তার নিশ্চয়তা কী?
তাই উচ্চপর্যায়ের তদন্ত হতে হবে। ভেতরের দায়ী কর্মীদের যেমন শনাক্ত করতে হবে, তেমনি বাইরের চক্রটিকেও চিহ্নিত করতে হবে। এরা সাধারণত জাল বিস্তৃত করে ভুয়া বিলে টাকা তোলার কারবার চালায়। জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হোক, যেন সেখানে জালিয়াত চক্রের আনাগোনা ও তাদের সংযোগকেন্দ্রগুলো অকার্যকর হয়ে পড়ে।