ভুয়া মুক্তিযোদ্ধা সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির দায়ে পাঁচ সচিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের সুপারিশ অবিলম্বে কার্যকর করতে হবে। এ ঘটনায় একটি বিষয় প্রমাণিত হয়েছে যে, রাজনৈতিক হস্তক্ষেপ না করা হলে দুদকের পক্ষে স্বাধীনভাবে দায়িত্ব পালন করা সম্ভব। এটাও প্রশংসনীয় যে, এই অনিয়মের নাটের গুরু বলে যিনি প্রতীয়মান হন, সেই সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর ব্যাপারে দুদকের তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, আইনকানুন না মেনে সাবেক প্রতিমন্ত্রী পাঁচ সচিবকে সনদ দিতে সহায়তা করেছিলেন। কিন্তু দুদক পাঁচ সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলেও প্রতিমন্ত্রীর ব্যাপারে নীরব রয়েছে।
একাত্তরে ১২ থেকে ১৬ বছর বয়সী থাকা এই ব্যক্তিরা যে সবাই ঠান্ডা মাথায় জাতির সঙ্গে প্রতারণা করেছেন, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। সাবেক এই প্রতিমন্ত্রীর ভাবমূর্তি অপরিচ্ছন্ন। আগের দুটি ঘটনায় তাঁর ভূমিকা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এর মধ্যে বিদেশি বন্ধুদের দেওয়া সম্মাননা পদকে স্বর্ণ কেলেঙ্কারি দেশবাসীকে বিক্ষুব্ধ ও স্তম্ভিত করেছে। অন্য ঘটনায় তিনি কোটি টাকার বরাদ্দে যাচ্ছেতাই করেছেন বলে অভিযোগ ওঠে। অথচ তাঁর জবাবদিহির প্রশ্ন ক্ষমতাসীনদের কাছে গৌণ রয়েছে। তিনি এতটাই নির্বিকার ও শক্তিধর যে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ অলংকৃত করে চলেছেন। সদ্য বিদায়ী মন্ত্রীদের স্থায়ী কমিটির সভাপতি করা সংসদীয় রীতিবিরুদ্ধ। কারণ, এতে স্বার্থের সংঘাত দেখা দেয়। এটা তাই পরিহাসমূলক যে, সনদ জালিয়াতির ঘটনার পরবর্তী কোনো সংসদীয় ব্যবস্থা নিতে স্বয়ং কমিটির সভাপতিই হবেন বড় বাধা। দেশে সংসদীয় গণতন্ত্রের সুস্থ ধারা থাকলে দুদকের ওই প্রতিবেদনের পর অভিযুক্ত মন্ত্রীর সভাপতির পদে বহাল থাকা বা রাখা সম্ভব হতো না।
আমরা আশা করব, পাঁচ সচিবসহ সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে দৃষ্টান্ত স্থাপন করা হবে। তাঁদের ওএসডি করে মুখরক্ষার পলায়নপর নীতি অনুসরণ করা হবে না।