সরকারি চাকুরেদের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারী নিয়ে অভিযোগ চলে আসছিল বহুদিন থেকেই। দেরিতে হলেও অভিযোগটি সরকার গুরুত্বের সঙ্গে নিয়ে তাঁদের শনাক্ত করার উদ্যোগ নিয়েছে। গতকাল প্রথম আলোর খবরে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ১১৫ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করে সরকার তাঁদের সনদ বাতিল করে দিয়েছে। পত্রিকার খবর অনুযায়ী এসব সনদ ২০০৩ থেকে ২০১২ সালে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের এত দিন পর সনদ নেওয়া ও দেওয়ার বিষয়টি রহস্যজনক। পূর্বাপর সব সরকারের আমলেই একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী বাড়তি সুযোগ-সুবিধা আদায়ের উদ্দেশ্যে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ জোগাড় করেছেন। সেই প্রক্রিয়া বেড়ে যায় যখন সরকার মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও চাকরির কোটা নির্ধারণ করে। প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান-সন্ততি এই সুবিধা নিলে আপত্তির কিছু ছিল না। কিন্তু এই সুযোগে একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী ভুয়া সনদ জোগাড় করতে থাকেন, যার পেছনে মোটা অঙ্কের টাকাপয়সা লেনদেনেরও অভিযোগ আছে। অস্বীকার করার উপায় নেই, মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের দুই বছরের জ্যেষ্ঠতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন রয়েছে। মুক্তিযোদ্ধাদের মধ্যে একটি ছোট্ট অংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী। সে ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের বিশাল অংশ এই সুবিধার বাইরে থেকে গেছেন। তা ছাড়া একাত্তরে জীবন বাজি রেখে যাঁরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাঁরা নিশ্চয়ই এই সুবিধার কথা চিন্তা করেননি। বলার অপেক্ষা রাখে না, সরকারি চাকরিতে এই বৈষম্য অনেক সমস্যা ও বিভাজন তৈরি করেছে। তবে ১১৫ জন ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারী সরকারি কর্মকর্তা-কর্মচারীর সনদ বাতিল হওয়ায় সন্তুষ্টির কিছু নেই। কেননা, এ ধরনের ভুয়া সনদধারীর সংখ্যা কয়েক হাজার হবে। মুক্তিযুদ্ধ না করেও যাঁরা মুক্তিযোদ্ধা সেজে রাষ্ট্র থেকে বাড়তি সুবিধা নিয়েছেন, তাঁদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তাঁরা রাষ্ট্রের কাছ থেকে যে বাড়তি সুবিধা নিয়েছেন, তা-ও ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যথায় এই প্রতারণা চলতেই থাকবে।