ভূমি অফিসে ঘুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমির মালিকানা ও ব্যবস্থাপনার সঙ্গে দুর্নীতি ও হিংসাশ্রয়ী তৎপরতার গভীর যোগসূত্র রয়েছে এবং আমাদের দেওয়ানি মামলার ৬০ শতাংশই কোনো না কোনোভাবে ভূমির সঙ্গে সম্পর্কিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্টে ১০০ টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঘুষ গ্রহণের যে চিত্র ফুটে উঠেছে, তা প্রচলিত ধারণার সঙ্গে সংগতিপূর্ণ এবং প্রাপ্ত ফলাফলে বিস্ময়ের কিছু নেই। সে কারণে আমরা আশা করব, সরকার বিষয়টিকে যেন আবার তাদের ভাবমূর্তির সংকট হিসেবে না দেখে গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করে। অনেক সময় দেখা গেছে, টিআইবি বলেছে বলেই নির্জলা সত্যকে সরকার এবং ক্ষমতাসীন দলের মধ্যে কোনো কোনো মহল তাকে নেতিবাচক চোখে দেখে এবং অস্বীকারের চেষ্টা করে থাকে। এটা সর্বতোভাবে পরিহার করা উচিত হবে।
ভূমিসেবা পেতে ২০ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেনটিআইবি যথার্থই বলেছে যে ভূমি নিবন্ধনে আটটি ধাপ এবং মিউটেশন বা নাম খারিজে আরও ১০টি ধাপ অতিক্রম করতে হয়। এবং এসব ধাপ কমিয়ে সহজ করে দুর্নীতির প্রকোপ হ্রাস বা এর লাগাম টেনে ধরার সুযোগ আছে। যদিও এ কথা সত্য যে ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণ ও ডিজিটাল ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে এবং তার বাস্তবায়নও এগিয়ে চলেছে। কিন্তু টিআইবি ঘুষের যে ভয়াবহতা ও ব্যাপকতা উপস্থাপন করেছে, তা কেবল ডিজিটালকরণের ফলে যথেষ্ট হ্রাস পাবে, তা ধরে নেওয়া যাবে না। বরং অপ্রিয় বাস্তবতা হলো, ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং সেবাগ্রহণকারীরা ঘুষের লেনদেনকে নিয়মে পরিণত করে ফেলেছেন। তাঁরা এমনভাবে ‘রেট’ বেঁধে দিয়েছেন এবং তার উশুল খুবই যত্নের সঙ্গে ঘটে থাকে। এ বিষয়ে কোনো লাজলজ্জার বালাই নেই। প্রায় প্রকাশ্যে ঘুষ লেনদেন ঘটে এবং দুর্ভাগ্যজনক হচ্ছে, এই চক্রকে প্রতিরোধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। দায়িত্বশীল কর্মকর্তারা কেউ ঝটিকা অভিযান চালিয়ে এদের হাতেনাতে ধরার কোনো উদ্যোগই নেন না। এই গা-সহা অবস্থাটি বদলাতে হবে।
মনে রাখতে হবে, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় ভূমি–বিষয়ক জটিলতা যুগ যুগ ধরে মারাত্মক অন্তরায় হয়ে আছে। এর অবসান দরকার।