ভূমি বিরোধজনিত মামলা-মোকদ্দমাই বাংলাদেশের বিচারব্যবস্থাকে ন্যুব্জ করে রেখেছে। ৩০ লাখ মামলার যে জট চলছে, তার উৎসে প্রধানত ভূমি বিরোধ। অথচ ১৩ বছর ধরে ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল ও তাঁদের রায় বাস্তবায়ন প্রশ্নে সারা দেশে একটা অচলাবস্থা বিরাজ করছে।
২০০৪ সালে দ্য স্টেট এক্যুইজেশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট, ১৯৫০-এ সংশোধনী এনে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। এতে গত ১৩ বছরে দায়ের করা আড়াই লাখের বেশি মামলার বিপরীতে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত মাত্র ২৬ হাজার ৫১৫টি মামলার নিষ্পত্তি হয়েছে। ২০০৪ সালের আইনেই সারা দেশে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠনের বিধান ছিল। পরিতাপের বিষয়, ১৩ বছরেও স্থির করা যায়নি যে আপিল কোথায় হবে।
আইন মন্ত্রণালয় এক বছর আগে এ বিষয়ে আইন সংশোধনের জন্য ভূমি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠালেও তারা এখন পর্যন্ত এ বিষয়ে জবাব দেয়নি বলে জানা গেছে। সিদ্ধান্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে ওঠা দীর্ঘসূত্রতার অভিযোগ সঠিক হলে সেটাই কিন্তু ভূমি জরিপের সমস্যাকে আরও প্রকট করে তুলছে।
প্রধান বিচারপতি এস কে সিনহা এর আগে আইনমন্ত্রী, ভূমি ও আইনসচিবকে নিয়ে দুটি বৈঠকও করেছেন। এতকাল পরে আইন মন্ত্রণালয়ের মনে পড়েছে যে শুধু যুগ্ম জেলা জজদের দিয়ে জরিপ ট্রাইব্যুনাল না চালিয়ে সহকারী ও সিনিয়র সহকারী জজদের দিয়েও এটা চলে। এখন এ প্রস্তাবে ভূমি মন্ত্রণালয়কে সাড়া দিতে হলে তা অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে হলেই ভালো। তবে এটা নির্মম পরিহাস যে এ বিষয়ে যথাসিদ্ধান্ত নিতে আওয়ামী লীগ তাদের পাঁচ বছরের সম্পূর্ণ একটি মেয়াদ ও দ্বিতীয় মেয়াদেরও অর্ধেকের বেশি শেষ করেছে।
আমরা আশা করব, এ বিষয়ে জট দ্রুত নিরসন হবে। ১১ মার্চ প্রথম আলোতে রাজবাড়ীর ভূমি জরিপ ট্রাইব্যুনালের দেওয়া ৪৬০টি মামলার রায়ের একটিও আজ পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার দায় রাজবাড়ীর জেলা প্রশাসন এড়াতে পারে না। দেশের ৬৪টি জেলার ট্রাইবু্যনালের রায় বাস্তবায়নে জেলা প্রশাসন কার্যত রায় অগ্রাহ্য করার মতো একটা মনোভাব দেখিয়ে চলছে। এ রকম একটি অবস্থা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য স্থায়ী হুমকি। জনদুর্দশা লাঘবে এর দ্রুত অবসান হোক।