ভূমিতে রাজস্ব ফাঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি দেওয়া বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার অন্যতম গুরুতর দুর্বলতা। যুগ যুগ ধরে সংশ্লিষ্ট সবার জানা–বোঝার মধ্যে এটা ঘটে চলছে। দোকানের ভূমিকে কান্দা, কান্দাকে নামা, নামাকে বিল ও বিলকে খাল দেখিয়ে জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে দলিল তৈরি করে রাজস্ব ফাঁকি একটি অভ্যাসগত বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে পদ্ধতিগত এই দুর্নীতির তেমন কোনো প্রতিকার মেলে না। এমনকি এ ধরনের দুর্নীতির রাশ টানতে সাবরেজিস্ট্রার প্রশাসনের নিয়ন্ত্রণ বা তদারককারীরা কখনো কার্যকর উদ্যোগ নিয়েছে বলেও আমরা জানতে পারি না। ঢাকার আশুলিয়ার সাবরেজিস্ট্রারের কার্যালয়ে ১৮টি সাফ কবলা দলিলে জমির শ্রেণি পরিবর্তন করে সোয়া কোটির বেশি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার তথ্য উদ্‌ঘাটনে তাই কোনো বিস্ময় নেই। গোটা বাংলাদেশেই কমবেশি একই অবস্থা বিরাজ করছে। মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে এ ধরনের দুর্নীতি রোধে চেষ্টা যে আমাদের চোখে পড়ে না, তা নয়। কিন্তু তা প্রয়োজনের তুলনায় কম।

এটা সবারই জানা যে দেশের উল্লেখযোগ্যসংখ্যক সাবরেজিস্ট্রি কার্যালয় মলিন ভাবমূর্তি নিয়ে দিন পার করছে। ভোগান্তি ছাড়া মানুষ সেবা পায় না। গত বছর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবরেজিস্ট্রি অফিসবিষয়ক এক গণশুনানিতে বিভিন্ন অঞ্চলের সেবাগ্রহীতারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। অফিসে ঘুষ লেনদেনে দালালের দৌরাত্ম্য, জমির শ্রেণি পরিবর্তনের নামে রাজস্ব ফাঁকি ও নিবন্ধনের নামে অবৈধভাবে বিভিন্ন ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ অকপটে বলেছিলেন তাঁরা। জমির শ্রেণি পরিবর্তনের নামে সরকারের বিপুল রাজস্ব ফাঁকির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নাসিরউদ্দিন অনুসন্ধানের ঘোষণা দিয়েছিলেন। পরের অগ্রগতি আমরা জানি না।

দেশের সাবরেজিস্ট্রি অফিসগুলো নিয়ন্ত্রণের সম্পূর্ণ দায়িত্ব আইন মন্ত্রণালয়ের। প্রতিবছর মৌজাভিত্তিক জমির শ্রেণি নির্ধারণ করা হয়। মূল্য নির্ধারণেরও একটি পূর্বসূত্র বা মানদণ্ড আছে। কোনো একটি বছরে সংশ্লিষ্ট মৌজায় বিক্রি হওয়া সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্যের অল্প কয়েকটি দলিলের গড়
মূল্যই হলো মৌজাভিত্তিক জমির মূল্য। এভাবে নির্ধারিত মূল্যের নিচে কোনো দলিলের দাম হতে পারে না। সুতরাং একটি বড় রক্ষাকবচ হলো, এই মূল্য পুনর্নির্ধারণের প্রক্রিয়াটাকেই যথাসম্ভব ত্রুটিবিচ্যুতিমুক্ত করা। দালানে পরিণত হওয়া এলাকাকে প্রাচীন পর্চার ভিত্তিতে ‘ডোবা’ বানানোর প্রয়াস অনেকটা অঙ্কুরেই বিনাশ করা যেতে পারে। সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার ও সাবরেজিস্ট্রার প্রাথমিকভাবে মূল্য নির্ধারণের পর আইজিআরের (ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রার) মাধ্যমে আইন মন্ত্রণালয় প্রতিবছর ওই মূল্য তালিকা অনুমোদন দিয়ে থাকে।

এ প্রসঙ্গে দেশের সাবরেজিস্ট্রি প্রশাসনের ওপর সুপ্রিম কোর্টের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ নজরদারির সুযোগ থাকলে তা কার্যে পরিণত করার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করব। কারণ, আইজিআর একজন কর্মরত জ্যেষ্ঠ জেলা জজ, আর তিনিই দেশের রেজিস্ট্রি প্রশাসনের প্রধান নির্বাহী।