ভূসম্পত্তি না থাকা অপরাধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-শ্রমিক বাবা-মায়ের সন্তান কলিন্স রোজারিও ও রাজু প্রসাদ চূড়ান্ত বাছাইয়ে টিকে গেলেও পুলিশ বিভাগের কনস্টেবল পদে চাকরি থেকে বাদ পড়েছেন ভূসম্পত্তি না থাকার কারণে। এটি কেবল অমানবিক নয়, বেআইনিও।
পুলিশ বিভাগের নীতিমালা অনুযায়ী ভূসম্পত্তি না থাকলে নাকি চাকরি পাওয়া যায় না। ঔপনিবেশিক আমলে প্রণীত আইন স্বাধীন দেশে এখনো টিকিয়ে রাখার কোনো যুক্তি নেই। সরকারি হিসাবে দেশে প্রায় ১৭ লাখ ভূমিহীন পরিবার আছে। প্রতি পরিবারে পাঁচজন সদস্য থাকলেও ভূমিহীন মানুষের সংখ্যা দাঁড়ায় ৮৫ লাখ। এদের মৌলিক অধিকার হরণ করে এমন কোনো আইন, বিধি বা নীতিমালা দেশে থাকতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বিভাগের বিধিমালায় সমস্যার কথা স্বীকার করে তা সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। কিন্তু কবে?
ভূসম্পত্তি নেই বলে পুলিশে চাকরি হলো না দুই তরুণের
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যথার্থই বলেছেন, পুলিশের এই নীতিমালাটি মানবাধিকারের চরম লঙ্ঘন। যিনি যে এলাকার ভোটার সেই তিনি সেই এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে গণ্য হবেন। সে ক্ষেত্রে ভূসম্পত্তি থাকা না-থাকার প্রশ্নটি অবান্তর। ভূসম্পত্তি না থাকা কারও অপরাধ হতে পারে না।
গতকাল প্রথম আলোতে দুই তরুণের খবরটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানবাধিকার কমিশন দুই তরুণের পদায়নের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছে। মৌলভীবাজারের পুলিশ সুপার দুই তরুণকে ডেকে নিয়ে পুনর্বিবেচনার আবেদন জানাতে বলেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে যদি তাঁদের পদায়ন করা যায়, আবেদনের আগে কেন করা গেল না? পুলিশ বিভাগের ভুল নীতির দায় চাকরিপ্রার্থী দুই তরুণকে কেন ভোগ করতে হবে?
এই ঘটনা যেমন পুলিশ বিভাগের আইনি দুর্বলতাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তেমনি এখনো যে সমাজে মানবিক আবেদনে সাড়া দেওয়ার মানুষ আছেন, সেটিও প্রমাণিত হলো। পত্রিকায় খবরটি পড়ে একজন মহৎ ব্যক্তি ওই দুই তরুণের নামে জমি লিখে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাঁর এই মহানুভবতাকে অভিনন্দিত করি। একই সঙ্গে ওই দুই তরুণের পদায়নের পাশাপাশি পুলিশ বিভাগের অন্যায্য নীতিমালাটি পরিবর্তনের দাবি জানাই।