ভেজাল রোধে পথনির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংরক্ষণের প্রথম কাজ খাদ্য ভেজালমুক্ত রাখা। ভেজালবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা প্রশংসনীয়। এ কার্যক্রমের প্রতি সব শ্রেণীর নাগরিকের রয়েছে অকুণ্ঠ সমর্থন। ভেজালের অপরাধ স্থায়ীভাবে নির্মূল করতে প্রয়োজন ভ্রাম্যমাণ আদালতের অভিযান সারা বছর নিরবচ্ছিন্ন রাখা এবং ভেজাল অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা। চট্টগ্রামে ২০০৪-০৭ সাল পর্যন্ত ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বপালনকালে আইনের কঠোর প্রয়োগ এবং বহুমাত্রিক পদক্ষেপ নেওয়ায় ব্যবসায়ীরা যেমনি সতর্ক হন, তেমনি ভোক্তারাও। ভেজাল খাদ্য প্রস্তুত ও বিপণনকারী অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল এবং বিপুল পরিমাণ ভেজাল খাদ্য ধ্বংস হয়েছিল। ভেজালবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সবার জন্য তিনটি ঘটনা কেস স্টাডি হিসেবে উপস্থাপন করা হলো— কেস স্টাডি-১: ২০০৬ সালে ঈদের আগে চট্টগ্রামের খ্যাতনামা দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে উচ্চমাত্রার মেল্টিং পয়েন্টযুক্ত (৪২০প) বিপুল পরিমাণ ক্ষতিকর সেমাই জব্দ এবং উচ্চ অঙ্কের জরিমানা করা হয় চট্টগ্রামসহ সারা দেশের বাজার থেকে এই দুই প্রতিষ্ঠানের সেমাই প্রত্যাহার করে বিএসটিআইকে লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়। এতে সারা দেশে ওই প্রতিষ্ঠানের ভেজাল সেমাই বিক্রিতে ধস নেমে কোটি টাকার ক্ষতি হয়। একই সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেমাই জব্দ ও ধ্বংস করা হয়। জরিমানা, পণ্য জব্দ এবং লাইসেন্স বাতিলের ত্রিমুখী চাপে পড়ে প্রতিষ্ঠানের মালিক মনস্তাত্ত্বিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং পরবর্তী সময়ে বিশেষজ্ঞ নিয়োগ করে মানসম্মত সেমাই উৎপাদনে বাধ্য হন। শুধু জরিমানা আরোপ করে এ পরিবর্তন আনা কঠিন ছিল। কেস স্টাডি-২: ২০০৬ সালে চট্টগ্রামের চাক্তাই এলাকায় ভেজাল ব্যবসার কেন্দ্রবিন্দুতে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে নয়টি অবৈধ সেমাই কারখানা সম্পূর্ণ উচ্ছেদ করে কয়েক ট্রাক দূষিত সেমাই জব্দ করা হয়। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ব্যবসা দীর্ঘদিন চললেও জনসাধারণ ছিল নিরুপায়। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট দীর্ঘদিন এ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। নৈশকালীন এ অভিযানকালে স্থানীয় সহস্রাধিক জনগণকে সম্পৃক্ত করে অপরাধীদের বিরুদ্ধে শক্তিশালী জনমত গঠন করা হয়। এতে নির্মূল হয়ে যায় চাক্তাইকেন্দ্রিক ভেজাল ব্যবসা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং জনপ্রতিরোধের মুখে অপরাধীরা চিরতরে গা-ঢাকা দেয়।কেস স্টাডি-৩: বিএসটিআইয়ের লাইসেন্স নিয়ে বহু নামকরা প্রতিষ্ঠান আড়ালে-অন্তরালে ভেজাল ব্যবসায় জড়িত, তার বহু প্রমাণ রয়েছে। ২০০৬ সালে চট্টগ্রামের একটি শিল্প এলাকায় বৃহৎ এক ভোজ্যতেল উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআইয়ের লাইসেন্সযুক্ত এবং লাইসেন্সবিহীন একাধিক ব্র্যান্ডের ৪০০ মেট্রিক টন নিম্ন মানের ভোজ্যতেল জব্দ করা হয়। ল্যাবরেটরিতে পরীক্ষা করে ক্ষতিকর প্রমাণিত হওয়ার পর জনবিজ্ঞপ্তি আকারে ওই তেল ক্রয় থেকে বিরত থাকার জন্য ভোক্তাদের সতর্ক করা হয়। এ শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানকে অনৈতিক ব্যবসার দায়ে উচ্চ অঙ্কের জরিমানা আরোপ ও উৎপাদন বন্ধের পাশাপাশি লাইসেন্স বাতিলের জন্য ঢাকাস্থ বিএসটিআই কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হলে দ্রুত তা কার্যকর হয়। জরিমানা, জব্দ, উৎপাদন বন্ধ এবং লাইসেন্স বাতিলের যুগপৎ ঘটনা প্রতিষ্ঠানের সুনামে আঘাত হানায় প্রতিষ্ঠানের মালিক পর্যুদস্ত হয়ে পড়েন। উল্লিখিত তিনটি দৃষ্টান্ত থেকে শিক্ষণীয় বিষয় হলো, ভ্রাম্যমাণ আদালতের প্রতিটি অভিযানে অপরাধকে সমীক্ষা করে ম্যাজিস্ট্রেটদের সমস্যার গভীরে প্রবেশ করতে হবে। অপরাধের পুনরাবৃত্তি রোধই অভিযানের লক্ষ্য হতে হবে। অভিযান শেষে প্রতিটি ঘটনার ফলোআপ করতে হবে। অপরাধ সংঘটনের পথগুলো রুদ্ধ করতে হবে এবং মালিক, শ্রমিক ও কর্মচারীদের মোটিভেট করতে হবে। এভাবে ধাপে ধাপে পরিবেশ ও পরিস্থিতির সংশোধন এবং পরিবর্তন আনতে হবে। অপরাধের সংশোধন, অবস্থার পরিবর্তন এবং পরিস্থিতির উন্নয়ন না হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সমাজে সুফল বয়ে আনবে না। অভিযান ও অপরাধ সমান্তরালে চলতে থাকবে। অপরাধীদের মানসিক শুদ্ধতা আনয়ন এবং দণ্ডিত প্রতিষ্ঠানগুলোতে গুণগত পরিবর্তন আনার জন্য নিয়মিত ফলোআপ অপরিহার্য। আইনের বিধান ও নির্দেশনার ভিত্তিতে গাইডলাইন দিতে হবে এবং সংস্কার ও সংশোধন আনার জন্য বাধ্য করতে হবে। শুধু জেল-জরিমানা নয়, অপরাধে জড়িত প্রতিষ্ঠানের লাইসেন্স অথবা ছাড়পত্র বাতিল করতে হবে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর অনিবার্যভাবেই আর্থিক ক্ষতিজনিত মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হবে। এ ছাড়া অভিযানস্থলে জনসাধারণ, ক্রেতা, ভোক্তা ও ভুক্তভোগীদের সংগঠিত ও উদ্বুদ্ধ করে নকল, ভেজাল ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘সুদৃঢ় জনসচেতনতা’ তৈরি করতে হবে। অভিযানের লক্ষ্য, ভেজালের স্বাস্থ্যগত ক্ষতি এবং অভিযানের ফলাফল সম্পর্কে ভোক্তা এবং সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুধু শাস্তির জন্য নয়, শুধু জরিমানার জন্য নয়; নৈতিকতার সংশোধন, পণ্যসেবার মানোন্নয়ন এবং অপরাধ থেকে নিবৃত্ত করে পরিবর্তন আনার জন্যই ভ্রাম্যমাণ আদালত। ভেজালের অভিশাপ ও ব্যবসায়িক অনৈতিকতার দূষণ থেকে সমাজকে রক্ষা করতে পারাটাই ভ্রাম্যমাণ আদালতের সার্থকতা। একটি অভিযান যেন পরবর্তী সময়ে অনেক অপরাধের পথ রুদ্ধ করে। একজন ভেজালকারীকে কঠোর শাস্তি দিয়ে বাকি ১০ জনকে সতর্ক করতে হবে। রাঘববোয়ালদের ধরতে হবে। উৎপাদকদের শাস্তি দিতে হবে। অপরাধের উৎসমূলে আঘাত হানতে হবে। অভিযানের পর যেন অপরাধের পুনরাবৃত্তি না ঘটে—সে নিশ্চয়তায় ভ্রাম্যমাণ আদালতকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।মোহাম্মাদ মুনীর চৌধুরী, পরিচালক (এনফোর্সমেন্ট), পরিবেশ অধিদপ্তর।e-mail:mmuniৎ[email protected]