ভেজাল সার উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার যশোরে তিনটি সার কারখানা সিলগালা করে সেগুলোর তিন মালিকসহ পাঁচজনকে আটক করেছেন এই অভিযোগে যে ওই কারখানাগুলোতে ভেজাল সার উৎপাদন করা হচ্ছে। প্রথম আলোতে ‘ভেজাল সারের ডিপো যশোর’ শিরোনামে একটি প্রতিবেদন যেদিন প্রকাশিত হয়েছে, ভ্রাম্যমাণ আদালত ঠিক সেদিনই এই পদক্ষেপ নিয়েছেন।
এ জন্য আমরা ভ্রাম্যমাণ আদালতকে ধন্যবাদ জানাই। কিন্তু বলা প্রয়োজন, শুধু সংবাদমাধ্যমে খবর প্রকাশের অপেক্ষায় না থেকে ভেজাল সার উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে নজরদারি ও অভিযান চালানো উচিত নিয়মিতভাবে। কিছু লোক প্রকাশ্যে কারখানা বসিয়ে ভেজাল সার উৎপাদন করে বাজারে বিক্রি করছে, এমন কারখানার সংখ্যা একটি-দুটি নয় বরং অনেক—এটা কীভাবে সম্ভব হলো? যশোর ভেজাল সারের ‘ডিপো’তে পরিণত হলো কীভাবে? এটা কি স্বল্প সময়ের মধ্যে সম্ভব, নাকি অনেক দিন ধরে এসব কারখানা গড়ে উঠেছে?
একটি কারখানায় যদি ভেজাল সার তৈরি হয়, সেই সার যদি প্রকাশ্য বাজারে বেচাকেনা হয়, এই প্রতারকেরা যদি কোনো শাস্তিই না পায়, তাহলে তাদের দেখাদেখি আরও ভেজাল সারের কারখানা গড়ে ওঠারই কথা। বস্তুত, যশোরে সেটাই ঘটেছে। নিয়মিত নজরদারি থাকলে, ভেজাল সার উৎপাদনকারীদের শাস্তি দেওয়া হলে এবং তাদের কারখানাগুলো বন্ধ করে দেওয়া হলে যশোর আজ ভেজাল সারের ডিপোতে পরিণত হতে পারত না।
শুধু যশোর কেন, দেশের আর কোন কোন এলাকায় ভেজাল সার উৎপাদন ও বিপণন করা হচ্ছে, সে বিষয়েও ব্যাপক অনুসন্ধান চালানো জরুরি। ভেজাল সার উৎপাদক ও বিপণনকারীরা কৃষকদের শুধু প্রতারিতই করছে না, তারা কৃষিজমি এবং ফসলেরও ভীষণ ক্ষতি করছে।
তাই দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে সব ভেজাল কারখানা বন্ধ করা এবং সেগুলোর মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন আর কেউ এসব অপকর্ম করার সাহস না পায়। সেই সঙ্গে সারা বছর নিয়মিত নজরদারিও রাখতে হবে।