ভোটার তালিকা হালনাগাদ করা নিয়ে মনে হচ্ছে আমরা জাতি হিসেবে আবারও বড় ধরনের কোনো গহ্বরের দিকে অগ্রসর হচ্ছি। সেনাবাহিনীর সহযোগিতায় দেশের এক সংকটাপন্ন পরিস্থিতিতে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর অনেকেই আমরা হাঁফ ছেড়ে বেঁচেছিলাম। আমরা ভেবেছিলাম, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্যতম বড় হাতিয়ার হলো গলদমুক্ত একটি ভোটার তালিকা, আর সেটি আমরা অবশেষে যথেষ্ট কাঠখড় পুড়িয়ে হলেও অর্জন করতে পেরেছি। কিন্তু এখন ক্রমেই আশঙ্কা দেখা দিচ্ছে যে সেই অর্জন হাতছাড়া হয়ে যাচ্ছে কি না।
এর আগেও ভোটার তালিকার হালনাগাদকরণে তথ্য সংগ্রহকারীদের বাড়ি বাড়ি না যাওয়া এবং সেই কারণে নারী ও পুরুষের ভোটের তারতম্যে অস্বাভাবিক হার লক্ষ করা গিয়েছিল। বেসরকারি সংস্থা সুজন এ বিষয়ে আপত্তি উত্থাপন করার পরে নির্বাচন কমিশন নিজেদের ব্যবস্থাপনাগত সমস্যা মেটানোর দিকে নজর দেয়নি। বাড়ি বাড়ি যাওয়ার বিষয়টিকে কমিশন যে তেমন গুরুত্ব দেয়নি, তার অন্যতম প্রমাণ, তথ্য সংগ্রহকারীদের সম্মানী ভাতা কম হওয়া এবং এ-সংক্রান্ত সার্বিক প্রক্রিয়ার প্রতি তাঁদের তদারকির কাজ নিতান্ত দায়সারাভাবে সম্পন্ন করা মর্মে নতুন করে অভিযোগ ওঠা।
কমিশন সচিবালয়ের সচিব নিজেই যখন সাক্ষ্য দিচ্ছেন যে ‘সম্মানী কম হওয়ার কারণে অনেকে সঠিকভাবে কাজ করেননি, এটা সত্য।’ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহসহ পুরো প্রক্রিয়াটি কেমন হতে পারে, সেটা আগেভাগে অনুমান করা যেত। কিন্তু সেটা বিবেচনায় প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। ১৫ লাখ লোক ছবি তুলতে আসেননি, তার মানে এর সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা যায়নি। এই ব্যর্থতার দায় ইসিকেই নিতে হবে। আমরা আশা করব, সময় থাকতে সর্বাত্মক যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ভোটার তালিকা নিয়ে অহেতুক বিতর্ক কোনোভাবেই কাম্য নয়। নির্বাচন কমিশনের তাই উচিত হবে ভোটার তালিকার হালনাগাদকরণ ত্রুটিমুক্ত করতে সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।