ভৈরব নদ খনন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসনের উদাসীনতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর গাফিলতিতে যশোরে ভৈরব নদ খনন প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দেওয়ার খবরটি আমাদের হতাশ করেছে।
সোমবার প্রথম আলোর খবরে প্রকাশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩১ ডিসেম্বর যশোরে ‘ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পে’র উদ্বোধন করেন। সে অনুযায়ী ঢাকা ও যশোরের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে মোট পাঁচ প্যাকেজে ২৩ কিলোমিটার নদ খননের কার্যাদেশ দেওয়া হয়।

দুই বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখন দেখা যাচ্ছে, পাঁচ মাস পেরিয়ে গেলেও ভৈরব খনন প্রকল্পের কাজ বলতে গেলে কিছুই হয়নি। কারণ, ডলি কনস্ট্রাকশন নামে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠানটি দুই মাস ধরে নদের ১০ কিলোমিটারের খননকাজ বন্ধ রেখেছে। বাকি ১৩ কিলোমিটারের কাজও চলছে খুব ঢিমেতালে।

শহরের ভৈরব নদের দড়াটানা সেতুর দুই পাশে চার কিলোমিটার অংশ খননের জন্য তিনবার দরপত্র আহ্বান করেও ঠিকাদার পাওয়া যায়নি। কারণ, সেতুর দুই পাড়ে অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে, কিন্তু সেগুলো উচ্ছেদে জেলা প্রশাসনের তৎপরতা নেই। অথচ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে আট লাখ টাকা রাখা আছে। ৩০ জুনের মধ্যে ওই টাকা খরচ না করলে মন্ত্রণালয়ে ফেরত যাবে।
এই যে জেলা প্রশাসনের উদাসীনতা বা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর গাফিলতি। এগুলো দেখবে কে? কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া এভাবে কাজ ফেলে রাখে তারা কোন বিবেচনায়? আসলে মূল সমস্যা হচ্ছে জবাবদিহি না থাকা। জবাবদিহির ব্যবস্থা থাকলে এমনটা হতো না।

যশোরের প্রাণ হচ্ছে ভৈরব নদ। কিন্তু দেখা যাচ্ছে, ঠিকভাবে খনন
না করার কারণে নদটি নাব্যতা হারাচ্ছে। এ ছাড়া নদের তীরের দুই পাশে অবৈধ স্থাপনার কারণে গোটা নদই এখন দূষণের কবলে। অধিকাংশ স্থাপনার শৌচাগারের পাইপের মুখ সরাসরি নদে নামিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া
ময়লা-আবর্জনা তো ফেলা হচ্ছেই। এতে নদের পানি দূষিত হয়ে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে বিপর্যয় ঘটছে পরিবেশের। এসব থেকে রক্ষা পেতে নদ খনন
করা জরুরি ।
আমরা চাই, ভৈরব খনন প্রকল্পে গতি আনতে যশোর জেলা প্রশাসন তৎপর হবে। দড়াটানা সেতুর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে তারা যথাযথ পদক্ষেপ নেবে। প্রথম আলোর খবর অনুযায়ী, সেতুর দুই পাশে ২৯৬টি অবৈধ স্থাপনা রয়েছে। ইতিমধ্যে ৫০টি স্থাপনা উচ্ছেদ না করার জন্য উচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞা নিয়েছেন দখলদারেরা।
জেলা প্রশাসনকে এসব সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ না করলে প্রয়োজনে তাদের কার্যাদেশ বাতিল করতে হবে।