ভৈরব নদের তীরে আবর্জনা, স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদের তীরের যেখানে-সেখানে ময়লা–আবর্জনা ফেলা এবং দখল ও দূষণের কবলে পড়ে নদটির নাকাল হওয়ার যে খবর প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, তা সত্যিই দুঃখজনক।
প্রথম আলোর খবরে বলা হয়েছে, ময়লা-আবর্জনা ফেলার জন্য বাগেরহাট পৌরসভার নিজস্ব কোনো জায়গা না থাকায় শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদের তীরে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষ ছোট ছোট ভ্যান আর ট্রাকে করে ময়লা এনে নদের তীরে ফেলছে। এতে ময়লা আবর্জনা পড়ে দূষণের শিকার হচ্ছে নদটি। এসব ময়লা-আবর্জনার স্তূপের পাশে গড়ে উঠেছে ট্রাক ও মোটরসাইকেলের পার্কিং। অনেকে আবার এই সুযোগে কৌশলে তীরের জায়গা ভরাট করে দখলে নিচ্ছেন। দোকানঘর, কাঁচাবাজার, ডেকোরেটরের মালামাল ও ব্যবসায়ীদের দখলে গেছে তীরের অনেকখানি জায়গা। বাজারের একমাত্র পশু জবাইখানাটিও নদের তীরে। তা ছাড়া শহরের প্রধান নালা থেকেও সরাসরি বর্জ্য যাচ্ছে নদে। এ রকম চলতে থাকলে এটি মরা নদে পরিণত হতে বেশি সময় লাগবে না।
জায়গা না থাকার অজুহাতে বাগেরহাট পৌরসভার এভাবে নদের তীরে ময়লা-আবর্জনা ফেলাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা পৌরসভার চূড়ান্ত অব্যবস্থাপনার নজির। পৌরসভাই যদি নদের তীরে ময়লা-আবর্জনা ফেলে, তাহলে অন্যদের ফেলতে অসুবিধা কী? পৌরসভার উচিত দ্রুত স্থান নির্ধারণ করে সেখানে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা করা। এ ছাড়া নদের তীর দখল করে যেভাবে স্থাপনা গড়ে তোলা হয়েছে, তার বিরুদ্ধে জেলা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। নদীতীরে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।
তবে শুধু ভৈরব নদই নয়, বুড়িগঙ্গাসহ দেশের আরও অনেক নদ-নদী দখল ও দূষণের কবলে পড়ে বিলীন হওয়ার পথে। এসব নদ-নদীর পানি আর ব্যবহারের যোগ্য নেই। মারা যাচ্ছে জলজ উদ্ভিদ ও প্রাণিকুল। শিল্পকারখানার বর্জ্য, কৃষিতে ব্যবহৃত রাসায়নিক, কীটনাশক, নৌযানের ব্যবহৃত তেল, ট্যানারি ও মনুষ্য বর্জ্যে পরিপূর্ণ এসব নদী। এখনই এসব নদ-নদী বাঁচানোর উদ্যোগ নিতে হবে। মানুষের জীবন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য এর কোনো বিকল্প নেই।