ভোজ্যতেলের দাম নিয়ে যা হচ্ছে, তা আসলে ভোক্তাদের সঙ্গে একধরনের তামাশা। সরকার আবারও তেলের দাম ঠিক করে দিয়েছে। জনগণ এই নির্ধারিত দামে বাজার থেকে তেল কিনতে পারবে কি না, সে ব্যাপারে যথেষ্ট সংশয় আছে। নতুন দাম নির্ধারণের ক্ষেত্রে লিটারপ্রতি চার টাকা বাড়ানো হয়েছে। সয়াবিন তেলের সঙ্গে এবার পাম অয়েলের দামও নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম নির্ধারণ করার পর যখন তা বাস্তবায়ন করা গেল না, তখন বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের ডেকে ধমক দিলেন, উত্তেজনা দেখালেন। তাতেও কাজ হয়নি। হলে আবার নতুন করে দাম নির্ধারণের প্রয়োজন পড়ত না।পণ্যের দাম যৌক্তিক রাখা ও ভোক্তাদের স্বার্থ রক্ষা করা সরকারের দায়িত্ব। সয়াবিন তেলের দাম নিয়ে যা হচ্ছে, তা অগ্রহণযোগ্য। ব্যবসায়ীদের ধমক দেওয়া, আবার নতুন করে দাম বাড়ানো—দুটোই চলছে ধারাবাহিকভাবে। এই পদ্ধতিতে কি বাজার নিয়ন্ত্রণ করা যায়? ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে যখন দাম নির্ধারণ করা হয়, তখন আন্তর্জাতিক দামের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। কিন্তু এর পরও দেখা যায়, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি হচ্ছে এবং সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিচ্ছে না। এভাবে কত দিন চলবে?ব্যবসায়ীরা যদি অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ায়, তবে সরকারের বাজার হস্তক্ষেপের বিষয়টি জরুরি হয়ে পড়ে। সরকার বাজারে হস্তক্ষেপের জন্য করতে পারে নিয়মিত মনিটরিং এবং বিকল্প সরবরাহব্যবস্থার মাধ্যমে। সেটি করতে না পারলে কেবল হুমকি-ধমকি দিয়ে তা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা যাবে না। সরকারের বিভিন্ন সময়ে নেওয়া পদক্ষেপে সমন্বয়ের অভাব আছে। তারা বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে জোর গলায় কথা বললেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। বাজার নিয়ন্ত্রণ করতে হলে চাহিদার বিষয়টি যেমন মাথায় রাখতে হবে, তেমনি আন্তর্জাতিক বাজারের গতি-প্রকৃতির দিকেও জোর নজর রাখতে হবে। বাজারের প্রবণতা সম্পর্কে ধারণা থাকলে আগাম ব্যবস্থা নেওয়া যায়। এই মুহূর্তে ভোজ্যতেল ছাড়াও চাল, পেঁয়াজ, আটা, চিনি ও মটর ডালের দামও বেড়েছে। আমদানি পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে অনেক সময় আন্তর্জাতিক বাজারের দোহাই দেওয়া হয়। কিন্তু দেশে উৎপাদিত চালের দাম ভরা মৌসুমে বৃদ্ধি পাওয়ার কী কারণ থাকতে পারে? অসাধু ব্যবসায়ী, ফড়িয়া ও মজুদদারেরা বাড়তি মুনাফার জন্য মুখিয়ে থাকেন। এ ক্ষেত্রেও তেমন কিছু হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। সরকার বর্তমানে ভোজ্যতেলের যে দাম নির্ধারণ করে দিয়েছে, তার মেয়াদ আগামী ১৫ জানুয়ারি। এই সময় পর্যন্ত বর্তমান দাম কার্যকর থাকবে কি না, সে নিশ্চয়তা কি তারা দিতে পারবে? না পারলে বারবার দাম পুনর্নির্ধারণের নামে ভোক্তাদের হয়রানি করার কী কারণ থাকতে পারে? অতএব বাজার স্থিতিশীল রাখার জন্য সরকারকে অবিলম্বে কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে হবে। নিজস্ব সরবরাহব্যবস্থা জোরদার করার পাশাপাশি সার্বক্ষণিক বাজার মনিটরিংও নিশ্চিত করতে হবে।