অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে যেসব প্রস্তাব করেছিলেন, পাসের পর দেখা গেল তাতে অনেক কিছুই বদলে গেছে। অনেকটা খোলনলচে বদলের মতো। আগে কোনো বাজেটে এমনটি হয়নি। সেই হিসেবে এই বাজেটকে নজিরবিহীন বলা যায়। ২০১২ সালে নতুন ভ্যাট আইন পাস হওয়ার পর প্রতিবারই তিনি এর বাস্তবায়নে পিছিয়ে গেলেন। এটি আওয়ামী লীগ সরকারের ঘোষিত নীতির প্রতি ‘অবিচল’ থাকার বিষয়ে বড় দুর্বলতা বলেই আমরা মনে করি।
নতুন মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আইন এবং ব্যাংকে আমানতের ওপর আবগারি কর বসানো নিয়ে সংসদের ভেতরে-বাইরে ব্যাপক সমালোচনা হয়। প্রথমে অর্থমন্ত্রী এসব হাওয়ায় তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইলেও শেষ পর্যন্ত নতি স্বীকারে বাধ্য হয়েছেন। অবশ্য এ ক্ষেত্রে অর্থনৈতিক দর্শনের চেয়েও সরকারের কাছে অগ্রাধিকার পেয়েছে ভোটের হিসাব–নিকাশ। অর্থমন্ত্রী এবারের বাজেট প্রস্তাবকে তাঁর জীবনের শ্রেষ্ঠতম বাজেট বলে আখ্যায়িত করলেও খোদ সরকারি দলের সাংসদদেরই কঠোর সমালোচনার মুখোমুখি হতে হয়। বিশেষ করে ব্যাংকে জামানতের অর্থের ওপর আবগারি কর বসানোর নৈতিক ভিত্তি নিয়েই প্রশ্ন ওঠে। প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী আবগারি কর কমানো হয়েছে, যা ছোট সঞ্চয়কারীদের কিছুটা স্বস্তি দেবে। অর্থমন্ত্রী সমালোচনার মুখে একবার বলেও ছিলেন যে আবগারি কর নামটাও বদলে অন্য কোনো নামে আমানতের ওপর করের কথা ভাববেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আবগারি শুল্ক রেখেই দিলেন, যে শ্রেণির করের লক্ষ্য হচ্ছে করদাতাকে কোনো কিছু থেকে নিরুৎসাহিত করা।
ভ্যাটের ক্ষেত্রে সরকার ব্যবসায়ীদের দাবিই শেষ পর্যন্ত মেনে নিয়েছে। অর্থমন্ত্রী বাজেটে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের কথা বললেও এ ব্যাপারে সরকারের যে প্রস্তুতি ছিল না তার প্রমাণ ইসিআর (ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার) সরবরাহে অপ্রতুলতা।
ভোটারদের তুষ্ট করতে সরকার নতুন ভ্যাট আইন বাস্তবায়ন দুই বছর পিছিয়ে দিয়েছে। কিন্তু এতে ভোটার অর্থাৎ সাধারণ মানুষ উপকৃত হবেন, না ব্যবসায়ীরা বাড়তি মুনাফা হাতিয়ে নেবেন, সেই প্রশ্নের জবাব ভবিষ্যৎই দেবে। সরকারের সর্বশেষ সিদ্ধান্তে বাজেটের ঘাটতি আরও বেড়ে যাবে। কিন্তু সেই ঘাটতি পূরণ কীভাবে হবে, সেই প্রশ্নেরও জবাব নেই। সরকারকে মনে রাখতে হবে নতুন ভ্যাট আইন পিছিয়ে দিলেই ভোটাররা সন্তুষ্ট হবেন না। সে জন্য যা প্রয়োজন তা হলো উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অপচয় বন্ধ এবং ব্যাংকিং খাতে যথেচ্ছাচার বন্ধের পাশাপাশি বাজার তদারকি জোরদার করা। সেটি করতেও তারা ততটা প্রস্তুত বলে মনে হয় না।