গত কয়েক দিনে কী ঘটল বাংলাদেশে? একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে যে ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটল, রাজনৈতিক সংঘাতে যে অরাজকতা সৃষ্টি হলো, তার প্রথম ও প্রধান শিকার হলো সংখ্যালঘু সম্প্রদায়। কক্সবাজারের বাঁশখালী উপজেলায়, নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রাম, লক্ষ্মীপুরের রায়পুর, চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাগেরহাটের মোরেলগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজার, দিনাজপুর জেলার মহেশপুর গ্রাম, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রাম, ফেনী জেলার সোনাগাজী উপজেলার চান্দলা গ্রাম, খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী বাজারসহ আরও অনেক স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করা হলো। নৃশংসভাবে পুড়িয়ে দেওয়া হলো বসতভিটে। লুট করা হলো দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান। বর্বরোচিত এই আক্রমণ থেকে রক্ষা পেল না সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বিগ্রহগুলো। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের শিংজোড় গ্রামে সর্বজনীন পূজা মন্দিরে ভেঙে ফেলা হলো দুর্গা প্রতিমার গলা। অসভ্য আচরণ থেকে রক্ষা পেল না সরস্বতী, গণেশ ও কালী প্রতিমা। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার গাইয়ারচর গ্রামে পূর্ণবক্ষ হরিচাঁদ গুরুচাঁদ সেবা আশ্রম ও রাধাগোবিন্দ নামে দুটি মন্দিরে আগুন দেওয়া হলো। কুমিল্লা, গাজীপুরসহ অন্য অনেক জেলায়ও ঘটল একই ধরনের ঘটনা। মন্দিরে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনা ঘটল বরিশাল জেলার হিজলা উপজেলার আলীগঞ্জ বাজারসংলগ্ন কালীমণ্ডপে, গৌরনদী উপজেলার পিংলাকাঠিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার আলিডাঙ্গা গ্রামে, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা গ্রামে, পাবনা জেলার বেড়া পৌর এলাকার দাসপাড়ায়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়, খুলনা জেলার কয়রা উপজেলার রজকপাড়ায়, পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বাড়ইপাড়া গ্রামে, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার করটখিল গ্রামে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার লাকিরপাড় গ্রামে, নাটোর জেলার সিংড়া উপজেলায়, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাধবপুর বাজারে, চট্টগ্রাম জেলার সাতকানিয়া সদর উপজেলার পূর্ব রূপকানিয়ায়, বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়াসহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায়। শুধু সংঘটিত ঘটনাসমূহের উপরিতলের বিবরণ দিতে গেলেও লিখতে হবে কোটি কোটি বিষণ্ন অক্ষর, লিখতে হবে হাজার-অযুত-নিযুত-লক্ষ ব্যথাতুর বাক্য! আর অন্তর্তলের বিবরণ? আক্রান্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানসিক অবস্থার ব্যাখ্যা? নিদারুণ বেদনার, অপরিসীম যন্ত্রণার সেই বিবরণ-ব্যাখ্যাকে কাগজ-কলমে ফুটিয়ে তোলার সাধ্য কার!কী ছিল অপরাধ তাদের? সংখ্যালঘু হিসেবে জন্ম নেওয়ার অপরাধ? এই অপরাধের দায় কি তাদের বয়ে বেড়াতে হবে যুগের পর যুগ? বয়ে বেড়াতে হবে মৃত্যু-আশঙ্কাকে জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে? পদে পদে সম্মুখীন হতে হবে প্রাণঘাতী তিক্ত অভিজ্ঞতার? অকারণেই মুখোমুখি হতে হবে ভীতিকর নারকীয় ঘটনার?পাকিস্তান আমলে এ ধরনের ঘটনার মুখোমুখি প্রতিনিয়তই হয়েছে সংখ্যালঘু সমপ্রদায়। ’৭১, ’৯০, ’৯২, ২০০১ ছাড়াও যেকোনো বিরূপ সময়েই আক্রান্ত হয়েছে তারা। বর্তমান সরকারের আমলেও যে নিশ্চিন্তে কেটেছে তাদের জীবন, তাও নয়। গত বছর সংঘটিত সাতক্ষীরা ও রামুর ঘটনা দগদগে ক্ষত হয়ে আছে তাদের জন্য। সেই ক্ষত শুকাতে না-শুকাতেই ২০১৩ এল নতুন আশঙ্কা আর উৎকণ্ঠা নিয়ে! সংখ্যালঘু সম্প্রদায়ের এই জীবনসংহারী আশঙ্কা, এই স্বজন-সম্পদহানির উৎকণ্ঠার স্বরূপকে ধারণার অবকাঠামোয় আবদ্ধ করা একটি দেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষের পক্ষে প্রায় অসম্ভব!সংখ্যালঘুদের ওপর কেন এমন হিংসাত্মক আচরণ করা হয় বিভিন্ন সময়? কেন বেছে নেওয়া হয় চরম আক্রমণাত্মক পন্থা? কারণটা প্রধানত রাজনৈতিক। পাকিস্তান শাসনামল বিবেচনাবহির্ভূত রেখে স্বাধীনতা-উত্তর বাংলাদেশ পর্যায়ের কথা বলি। বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাই পরিষ্কার দুটি পক্ষের অবস্থান। আপাতদৃষ্টিতে বিপরীত ভাবধারার ধারক দুটি প্রবল পক্ষের রাজনৈতিক হিসাব-নিকাশের অন্যতম বিষয় নির্বাচনে জয়লাভ। নির্বাচনে জয়লাভের প্রধান শর্ত ভোট। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও বাংলাদেশের নাগরিক। সেই নাগরিকত্ব-সূত্রেই নির্বাচনে ভোটদানের অধিকারী তারা। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কোনো একটি বিশেষ পক্ষ বা দলের নির্বাচনে জয়লাভ নিশ্চিত করার ক্ষেত্রে কতটুকু সহায়ক কিংবা প্রভাবক, সে সম্পর্কে তেমন কোনো তথ্য-উপাত্ত কিংবা জরিপ-গবেষণা না থাকলেও তাদের ভোট ‘পাওয়া না-পাওয়া’সংক্রান্ত একটি অতিভ্রান্ত, অতিতরল তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিয়তি। যে রাজনৈতিক পক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পাওয়া থেকে নিজেদের বঞ্চিত বলে ধারণা করে, তাদের কাছে সংখ্যালঘুরা বরাবরই প্রতিপন্ন হয় শত্রু হিসেবে। এই রাজনৈতিক পক্ষ যখন ক্ষমতায় আসে, তখন সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের প্রয়োজনীয়তা অনুভব করে না স্বাভাবিকভাবেই। বরং তারা কিংবা তাদের সমর্থকেরা পূর্ববর্তী নির্বাচনে পরাজিত হওয়ার অজুহাতে কিংবা অন্য যেকোনো তুচ্ছ অজুহাতে সংখ্যালঘুদের ওপর ঝাঁপিয়ে পড়ে হীন সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে। বিপরীতে যে রাজনৈতিক পক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সব সময় পেয়ে থাকে বলে ধারণা করে, তারা নির্বাচনী মিত্র হিসেবে প্রতিপন্ন করে সংখ্যালঘুদের। সংখ্যালঘুদের ভোটপ্রাপ্তির বিষয়ে যেহেতু তারা একপ্রকার নিশ্চিত থাকে, তাই সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের বিষয়ে তারা থাকে উদাসীন, নির্লিপ্ত। এই রাজনৈতিক পক্ষ ক্ষমতায় এলেও অপরিবর্তিতই থাকে সংখ্যালঘু সম্প্রদায়ের নিয়তি।অথচ সংবিধান অনুযায়ী ক্ষমতায় যারাই থাকুক, যারাই থাকুক রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্বে, তাদের কর্তব্য জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্রের কাছে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর কোনো বিভেদ থাকার সুযোগ নেই। তবে সংখ্যালঘুদের জীবনমান-সামাজিক নিরাপত্তার সঙ্গে রাষ্ট্রের একটি বিশেষ সম্মানের সম্পর্ক বিজড়িত। একটি রাষ্ট্র কতটুকু সভ্য, তা সহজেই নিরূপিত হয় সেই রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার সাফল্যের ওপর! সভ্যতা নিরূপণের সেই সর্বজনগ্রাহ্য মাপকাঠিতে, সেই বিশ্বজনীন মানদণ্ডে বাংলাদেশকে আমরা অনেক ওপরে দেখতে চাই। আমাদের প্রাণপ্রিয় জন্মভূমিকে দেখতে চাই অসাম্প্রদায়িক রাজনীতির তীর্থভূমি হিসেবে। দীপংকর চন্দ: সংস্কৃতিকর্মী।