ভোলার নদ-নদীতে অবৈধ জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

জাল পেতে মাছ ধরা বেআইনি নয়। তবে জাল ব্যবহারের নিয়ম আছে। সেই নিয়ম লঙ্ঘন করলেই তা আইনের লঙ্ঘন হয়। তার চেয়ে বড় কথা, এতে মাছের বংশ নির্বংশ হয়। এমন জাল ব্যবহার করে মাছ শিকারের অনুমতি রাখা আছে, যাতে জালে অপ্রাপ্তবয়স্ক মাছ ধরা না পড়ে; যাতে পোনা মাছ নিধনের হাত থেকে রেহাই পায়। উদ্দেশ্য হলো মাছের বংশবৃদ্ধির সুযোগ করে দেওয়া। কিন্তু ভোলা সদর, বোরহানউদ্দিনসহ বিভিন্ন উপজেলায় তেঁতুলিয়া ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ বেহুন্দি, চরঘেরা ও মশারি জাল পাতা হচ্ছে। এসব জালে আটকা পড়ে রেণুপোনা, জাটকাসহ জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। এতে ১ নভেম্বর শুরু হওয়া জাটকা সংরক্ষণ অভিযান ব্যাহত হচ্ছে।

তেঁতুলিয়া নদীতে মশারির মতো ছোট ফাঁসের অবৈধ জাল দিয়ে যাঁরা মাছ ধরছেন, তাঁরা প্রভাবশালী। বেহুন্দি জাল কেনা ও তা ব্যবহারের সামর্থ্য সাধারণ গরিব জেলেদের নেই। অপেক্ষাকৃত সচ্ছল জেলে ও প্রভাবশালীরাই এ জাল দিয়ে নদীকে দখল করে রেখেছেন। এতে জেলার ৫০ হাজার দরিদ্র জেলে পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিদ্যমান আইন অনুযায়ী, নদীতে কারেন্ট, বেহুন্দি, চরঘেরা, মশারি জাল পাতা সম্পূর্ণ অবৈধ হলেও তেঁতুলিয়া নদীর মতো মেঘনা নদীর ভোলার চর, কানিবগার চর, গাজীপুর, মধুপুর, চর বৈরাগী, মদনপুরের পুবে, চরজহিরুদ্দিন, কলাতলীর চর, চরডেম্পিয়া, চরপাতিলা, ঢালচর, বাসান চরের আশপাশে ডুবোচরে এসব জাল পেতে রাখতে দেখা যায়। মা-ইলিশের নিষেধাজ্ঞা শেষ হতে না হতে এসব অবৈধ জাল পাতা শুরু হয়েছে।

বেহুন্দি জাল পাততে হলে জালের সঙ্গে বাঁশ-খুঁটি, লোহার রড, ড্রাম, ইট-পাথর ভর্তি বস্তা দরকার হয়। মোটা সুতায় বোনা বেহুন্দি জালের ত্রিভুজ আকারের মুখ। স্রোতের টানে জালের মুখের মধ্যে বড় মাছ, মাছের রেণুপোনা, জাটকা, জলজ প্রাণী—সব প্রবেশ করে আর বের হতে পারে না। এ জাল গোপনে নয়, সবার সামনে পাতা হচ্ছে। দিনের পর দিন এ জাল দিয়ে নদী আটকে রাখা হচ্ছে। তারপরও তা ধ্বংস করায় সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসা দরকার। নইলে তা ওই অঞ্চলের গোটা জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।