ভোলায় পেঁয়াজ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজ আমদানি নিয়ে প্রতিবছর যে ভজকট দেখা যায়, তাতে ভবিষ্যতে এর উৎপাদন বাড়ানোর প্রতিই আমাদের নজর দিতে হবে। গত এক দশকে বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে প্রায় আড়াই গুণ। কিন্তু চাহিদা বেড়েছে আরও অনেক বেশি। এক পরিসংখ্যানে দেখা যায়, বর্তমানে দেশে বছরে ২৭-২৮ লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা আছে। উৎপাদিত হয় ২২ লাখ টনের মতো। সে ক্ষেত্রে ৫-৬ লাখ টন আমদানি করতে হয়, যার বেশির ভাগ আসে ভারত থেকে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, দেশটি গত বছরের মতো এ বছরও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

এই প্রেক্ষাপটে কৃষিবিদেরা পেঁয়াজের উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তবে নিচু জমিতে পানি জমে যাওয়ায় পেঁয়াজ চাষ সম্ভব নয়। সেদিক থেকে উপকূলীয় অঞ্চলের উঁচু ও সহজে পানি নিষ্কাশন হয়, এমন জমিতে পেঁয়াজের চাষ সুবিধাজনক। ৬ অক্টোবর প্রথম আলোর খবরের শিরোনাম ছিল ‘ভোলাও হতে পারে পেঁয়াজভান্ডার’। সবুজ বাংলা অ্যাগ্রিকালচার খামারের পরিচালকসহ বেশ কয়েকজন কৃষক বাণিজ্যিক ভিত্তিতে পেঁয়াজ চাষ করে লাভবানও হয়েছেন। সরকারের উচিত হবে অন্যদেরও পেঁয়াজ চাষে উৎসাহিত করা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোলা জেলায় ২০১৮-১৯ সালে ৬০৮ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। স্থানীয় চাষিরা জানিয়েছেন, আরও বেশি জমিতে পেঁয়াজ চাষ সম্ভব। পেঁয়াজ চাষের ক্ষেত্রে সমস্যা হলো, আমন ওঠার পর একই জমিতে এই রবিশস্য চাষ হয়। প্রধানত দুই জাতের আমন চাষ হয় ভোলায়। এক জাতের আমন চাষে সময় লাগে ১৩০ থেকে ১৫০ দিন। আরেক জাতের আমন ১০০ দিনেই চাষ করা সম্ভব। এ কারণে কৃষকেরা ১০০ দিনে যে ধান আবাদ হয়, তার বীজ ন্যায্যমূল্যে সরবরাহের দাবি জানিয়েছেন। উপকূলের অন্যান্য জেলার কৃষকদের দাবিও এর থেকে ভিন্ন নয়।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় পেঁয়াজের উৎপাদন হয় ৪ হাজার ৯৬০ মেট্রিক টন, চাহিদা ৭ হাজার ৬৬৫ মেট্রিক টন। কিন্তু এই জেলায় ১০ হাজার মেট্রিক টন উৎপাদন সম্ভব।

এই অবস্থায় ১০০ দিনে আবাদ হয়, এ রকম ধানের আবাদের ওপরই জোর দিতে হবে। একই সঙ্গে কৃষকদের ন্যায্যমূল্যে উন্নত মানের বীজ সরবরাহ করা, পেঁয়াজ সংরক্ষণের জন্য মজুতাগার প্রতিষ্ঠা এবং সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।