ভোলায় মেঘনা নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, প্রতিদিন তজুমদ্দিন উপজেলায় মেঘনা থেকে অপরিকল্পিতভাবে ২০-২৫টি কার্গো জাহাজে বালু তোলা হচ্ছে। এভাবে বালু উত্তোলনের ফলে নদীতীরবর্তী গ্রামের মানুষের বসতভিটা, আবাদি জমি ও রাস্তা আরও ভাঙনের হুমকিতে পড়েছে। আর এই বালু উত্তোলনের সঙ্গে জড়িত রয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিন মহাজনসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। উপজেলার ভাইস চেয়ারম্যান একজন জনপ্রতিনিধি, এ ধরনের লোক যদি অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকেন, তাহলে সাধারণ মানুষ কার কাছে প্রতিকার চাইবে?

তবে ভাইস চেয়ারম্যানের বক্তব্য হচ্ছে, উন্নয়নের স্বার্থে ও নদীর তীর সংরক্ষণকাজে মাঠ ভরাটের জন্য বালু তোলা হচ্ছে। এখন কথা হচ্ছে, যে উন্নয়ন করতে গিয়ে ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, সেই ‘উন্নয়ন’ দিয়ে জনগণ করবে কী! প্রশ্ন হচ্ছে, নদীর তীর সংরক্ষণ বা উন্নয়নই কি এর লক্ষ্য, নাকি অন্য কিছু? অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু তোলা হলে নদীর গতিপথ পরিবর্তিত হয় এবং নদীর দুই পাড় ভেঙে যায়। নদীতে বালুমহালের ইজারা নীতিমালা অনুযায়ী, ড্রেজার মেশিন দিয়ে নদীগর্ভ থেকে বালু তোলা নিষিদ্ধ।

অবস্থা তো অনেকটা মগের মুল্লুকের মতো। যাঁর যা খুশি করছেন। কিন্তু কারও যেন কিছু বলার নেই। এই বালু উত্তোলনের মাধ্যমে একদল মানুষ অবৈধভাবে টাকা কামাচ্ছেন, আর অন্যদিকে মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়ছেন। প্রশাসনের কি কোনো দায় নেই? যদি থেকে থাকে, তবে অবিলম্বে এই অবৈধভাবে বালু তোলা বন্ধ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। প্রভাবশালী বলে তাঁদের ছাড় দেওয়া যাবে না।