দেশে যে অস্বাভাবিক অবস্থা চলছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্ভবত তা আমলে নিতে চাইছে না। আইন অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে। এই তারিখ পেরিয়ে গেলে তাদের জরিমানা পরিশোধ করতে হয়। স্বাভাবিক সময়ে এই নিয়মের বিরুদ্ধে কেউ কোনো আপত্তি তোলেনি। কিন্তু কোভিড–১৯ মহামারির ফলে শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়ায় ব্যবসা–বাণিজ্য বন্ধ, অর্থনীতিসহ সামগ্রিক জীবনে অস্বাভাবিক স্থবিরতা নেমে এসেছে। এই পরিস্থিতিতে মূল্য সংযোজন কর রিটার্ন (ভ্যাট) সম্পর্কিত বিধানটির বিষয়ে এনবিআরের অনমনীয় অবস্থান কতটা যৌক্তিক?
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম ৯ এপ্রিল এনবিআর চেয়ারম্যান বরাবর চিঠি লিখে রিটার্নের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু এনবিআর তার আগের সিদ্ধান্তে অনড় থাকে এবং ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে সরকারি সাধারণ ছুটির সময়ে সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিসগুলো ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়। যেখানে করোনা সংকটের কারণে যখন প্রায় সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ আছে, সেখানে ব্যবসায়ীরা কীভাবে রিটার্ন জমা দেবেন?
ব্যবসায়ীরা বলেছেন, সরকারের সাধারণ ছুটি চলছে। জরুরি সার্ভিস ছাড়া সরকারি সব প্রতিষ্ঠান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠপর্যায়ের ভ্যাট কার্যালয়গুলো বন্ধ। জরুরি নিত্যপণ্য ছাড়া অন্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠান খোলা নেই। এ অবস্থায় তঁাদের পক্ষে কোনোভাবেই নির্ধারিত সময়ে ভ্যাট রিটার্ন দেওয়া সম্ভব নয়। এনবিআর বলেছে, সীমিত পরিসরে অফিস খোলা থাকবে। সে ক্ষেত্রে যেসব এলাকায় এনবিআর অফিস বন্ধ থাকবে, তঁারা কোথায় যাবেন?
প্রথম আলোর খবর অনুযায়ী, বর্তমানে ১ লাখ ৭৮ হাজার ভ্যাট নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠান আছে। এর মধ্যে প্রতি মাসে ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার প্রতিষ্ঠান রিটার্ন জমা দিয়ে থাকে। ভ্যাট রিটার্ন সরকারি ও অনলাইনে জমা দেওয়ার বিধান আছে। যদিও অনলাইনে ভ্যাট আদায়ে পিছিয়ে আছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল। আবার এই দুটি অঞ্চল থেকেই সরকারের সিংহভাগ ভ্যাট আদায় হয়ে থাকে।
১২ এপ্রিল ডেইলি স্টার–এর খবরে বলা হয়, অর্থমন্ত্রী ভ্যাট রিটার্নের সময়সীমা বাড়ানোর কথা বলছেন। তারপরও এনবিআর কেন বাস্তবতা বিবেচনায় নিচ্ছে না? এনবিআরকে এটা বুঝতে হবে যে এটা একটা বিশেষ পরিস্থিতি, এখানে আইনের দোহাই দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ বা বিশ্বে মাসখানেক বা এরও বেশি সময় ধরে সবকিছু বন্ধ আছে—এমন ঘটনা অতীতে কখনো ঘটেনি। এই অস্বাভাবিক বাস্তবতাকে বিবেচনায় নিয়েই এনবিআরকে যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে।
করোনা সংক্রমণ মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। লোকজনকে ঘরে থাকতে বলা হচ্ছে এবং সে জন্যই সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ভ্যাট রিটার্ন জমা দিতে বলা মানে ব্যবসায়ীদের এনবিআর অফিসগুলোতে জড়ো হতে বলা এবং সবাইকে সংক্রমণের ঝুঁকিতে ফেলা।
আমরা আশা করব, এনবিআর বাস্তবতা বিবেচনায় নিয়ে ভ্যাট রিটার্নের সময়সীমা শিথিল করার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। বর্তমান অচলাবস্থা কেটে না যাওয়া পর্যন্ত ভ্যাট রিটার্ন নেওয়া স্থগিত রাখার সিদ্ধান্তই হবে যৌক্তিক। এ ব্যাপারে আইনগত কোনো বাধা থাকলে সেটি এনবিআরকে দূর করতে হবে।