আমার এক ঘনিষ্ঠ পরিচিতজন ব্যবসায়ের প্রয়োজনে ইতালিতে গিয়েছিলেন। ভদ্রলোক ব্যবসায়ী হলেও অত্যন্ত শিল্পমনা মানুষ। এবারের যাত্রায় এক অবসরে গিয়েছিলেন ইতালির সন্নিকটবর্তী অ্যাপোনাইন পর্বতমালার পাদদেশে অবস্থিত ছোট্ট রাষ্ট্র স্যান ম্যারিনোতে। ভদ্রলোক তাঁর অফিসে চা পানের এক অবসরে ওই দেশের বিজ্ঞাপনের একটা ফোল্ডার দিলেন আমার হাতে। ফোল্ডারে লেখা থেকে বুঝলাম, পৃথিবীর অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র স্যান ম্যারিনোর আয়তন মাত্র ৬১ দশমিক ২ বর্গকিলোমিটার, জনসংখ্যা ৩২ হাজার ৪০৪ জন। নয়নাভিরাম সৌন্দর্য আর পাহাড়ঘেরা ছোট্ট দেশটি পর্যটকদের কাছে কিন্তু ভীষণ প্রিয়। ফোল্ডারের সবচেয়ে যে তথ্য আমাকে বিস্মিত করে, তা হলো পর্যটকের সংখ্যা। ২০১২ সালে সেখানে ২০ লাখ পর্যটক এসেছিল বলে উল্লেখ আছে। আরও লেখা আছে, স্যান ম্যারিনোর অর্থনীতির মূল চালিকাশক্তিই পর্যটকদের টাকায় গড়ে ওঠা পর্যটনশিল্প।পর্যটকের সংখ্যা আমাকে দারুণভাবে ভাবিয়ে তোলে। আমাদের দেশে যেখানে তিন-চার লাখ (পর্যটন করপোরেশনের ২০১২ সালের পরিসংখ্যান অনুযায়ী চার লাখ পর্যটক এসেছিল বলে উল্লেখ আছে) পর্যটক আসে; সেখানে ওই ছোট্ট দেশের পর্যটকসংখ্যা আদতে বিস্মিত করার ব্যাপারই বটে। যে দেশে রয়েছে বিশ্ব ঐতিহ্যঘোষিত ‘হোম অব রয়েল বেঙ্গল টাইগার’ খ্যাত বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, ১২০ কিলোমিটার দৈর্ঘ্যের বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার, সমুদ্রতটের সূর্যোদয়-সূর্যাস্তের দৃশ্যের অপরূপ সৌন্দর্যমণ্ডিত কুয়াকাটা, মোহনীয় রাঙামাটি-কাপ্তাই-ফয়’স লেক, প্রত্নতত্ত্বের অহংকার মহাস্থানগড়-পাহাড়পুর-ময়নামতি-জগদ্দল বৌদ্ধবিহার; সুলতানি ও মোগল শাসনামলের শিল্পসুষমামণ্ডিত মসজিদ-ইমারত, দিনাজপুর ও পুঠিয়ার মন্দিরের পোড়ামাটির অসাধারণ শিল্পকর্ম। নয়নাভিরাম ও সৌন্দর্যমণ্ডিত নদীমাতৃক বাংলাদেশের গৌরবদীপ্ত অতীতকে দেখতে তো প্রতিবছর অনেক বেশি পর্যটক আসার কথা।জাতিসংঘের পর্যটন সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পর্যটকের আগমনের হার সবচেয়ে কম ভুটান ও বাংলাদেশে। অসংখ্য বর্ণাঢ্য পর্যটন আকর্ষণ কেন্দ্র থাকা সত্ত্বেও বাংলাদেশে পর্যটকের হার অবিশ্বাস্য রকমের কম কেন?এ বিষয়ে অনুসন্ধান করে অনেক তথ্যেরই সন্ধান মেলে। আমাদের পর্যটনকেন্দ্রগুলো পর্যটক আকর্ষণ হারানোর প্রধান কারণের মধ্যে রয়েছে পলিব্যাগ, ফলের খোসা, ড্রিংকস ক্যান, খাবারের পরিত্যক্ত প্যাকেট প্রভৃতি ইতস্তত পড়ে থাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, জানমালের নিরাপত্তার অভাব, যাতায়াতব্যবস্থার অসুবিধা। অধিকন্তু পর্যটনের স্থানগুলোতে আধুনিক মানের টয়লেট-সুবিধা নেই, নেই খাবারদাবার ও বিনোদনের সুবিধা। পরিচিতিমূলক প্রচার-পুস্তিকা ও দেশজ কারুপণ্যের সম্ভার নিয়ে বহির্বিশ্বে প্রতিটি টুরিস্ট স্পটেই থাকে ‘গিফট শপ’; কিন্তু আমাদের দেশে কোথাও সে ব্যবস্থা নেই। টুরিস্ট স্পটে ছিনতাইয়ের ঘটনা তো প্রায় নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। পত্রিকান্তরে অহরহ এ নিয়ে খবর ছাপা হয়। বলা বাহুল্য, ছিনতাইয়ের শিকার হন বেশির ভাগই বিদেশি পর্যটক।আমাদের দেশে পর্যটনকে সম্ভাবনাময় একটি শিল্প হিসেবে গড়ে তোলা সম্ভব। তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিদেশে বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলোর পরিচয় তুলে ধরতে হবে। পর্যটনকেন্দ্রগুলো দর্শনার্থীদের পরিদর্শনের উপযোগী করে উপস্থাপন করা। পর্যটকদের প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি বিমান, রেল ও সড়কপথের যোগাযোগব্যবস্থার উন্নতি করতে হবে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, সবার আগে পর্যটনকেন্দ্রগুলো সংস্কার করে প্রকৃতির ক্ষতিকর দিক থেকে রক্ষা করতে হবে। বাংলাদেশের আবহাওয়ায় লবণাক্ততার পরিমাণ মাত্রাতিরিক্ত থাকার ফলে পাহাড়পুর, ময়নামতি বৌদ্ধবিহারের দেয়াল এবং দিনাজপুরের কান্তজীর ও পুঠিয়ার অসাধারণ কাহিনি-সংবলিত পোড়ামাটির ফলকগুলো লোনা ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেগুলো পর্যটনের স্বার্থে তো বটেই, জাতীয় ঐতিহ্যের সংরক্ষণের প্রয়োজনে তা সংরক্ষণ অপরিহার্য হয়ে পড়েছে। বিশিষ্টজনদের অভিমত, আমাদের দেশে পর্যটনের অপার সম্ভাবনা কাজে লাগিয়ে পর্যটনকেন্দ্রের উন্নয়ন করে তা পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পর্যটন, সংস্কৃতি, পরিবেশ, ভূমি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। সম্প্রতি জাতিসংঘের ওয়ার্ল্ড টুরিজম অর্গানাইজেশন এক আনন্দ সংবাদ প্রকাশ করেছে। সংস্থাটির মতে, ২০২০ সালে দেশে পর্যটকের সংখ্যা বেড়ে ১৬০ কোটি হবে। বর্তমানে যেখানে পর্যটকের সংখ্যা ১০০ কোটির মতো, এ সংখ্যা বেড়ে ১৬০ কোটি হওয়া অবাক হওয়ার মতোই। ওই বিশ্ব সংস্থার ধারণা, সে সময় এশিয়ার পর্যটকের হারও বাড়বে অনেক।বর্ধিত ওই পর্যটকদের গ্রহণ করার ক্ষেত্রে বাংলাদেশ কতটা প্রস্তুত। প্রস্তুতি আদৌ নেই, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে এখন থেকেই কাজ শুরু করতে হবে।অ্যাপেনাইন পর্বতের ক্ষুদ্র দেশ স্যান ম্যারিনোর মতো বাংলাদেশে অর্থনীতির চালিকাশক্তি তো হতেই পারে অপার পর্যটন সম্ভাবনার দেশ বাংলাদেশ। তবে প্রয়োজন ওই উদ্যোগগুলোর আশু বাস্তবায়ন। আরও একটি শর্ত হলো, সুস্থ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ।ড. সাইফুদ্দীন চৌধুরী: গবেষক; অধ্যাপক, ফোকলোর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়[email protected]