ভ্রাতৃঘাতী সংঘাত এম এন লারমার আদর্শ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকালপার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমার ২৯তম মৃত্যুবার্ষিকী। দিনটি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মানুষের জন্য শোকের ও চেতনার। জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত এম এন লারমা নামে খ্যাত এই মহান নেতার স্মরণে প্রতিবছর জুম্ম জাতীয় শোক দিবস পালিত হয়। তবে শান্তি, সাম্য ও মৈত্রী প্রতিষ্ঠায় তাঁর আদর্শ অনুসরণ করা হচ্ছে কি না, সে বিষয়ে নানা প্রশ্ন রয়েছে। তা না হলে পার্বত্য চট্টগ্রামের মানুষ কেন দ্বিধাবিভক্ত হয়ে পড়বে। কেন ভাইয়ের বুকে ভাই তপ্ত বুলেট ছুড়বে? ভ্রাতৃঘাতী সংঘাত এম এন লারমার আদর্শ নয়। তিনি সংঘাতের পরিবর্তে ক্ষমার কথা বলেছিলেন।এম এন লারমার আদর্শের পথ ধরে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মানুষ নিজেদের দাবি আদায়ে দীর্ঘ দুই যুগের বেশি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। সেই পথ ধরে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সঙ্গে চুক্তি করেছে। কিন্তু তার পর থেকে এম এন লারমার আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরতে পারছে না। পার্বত্য চট্টগ্রামে বর্তমানে রাজনীতিক থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া গ্রামের চাষি, মজুর—সবাই ভ্রাতৃঘাতী সংঘাতে বিপর্যস্ত। এ আদর্শ এম এন লারমার আদর্শ হতে পারে না।এম এন লারমার জীবনী পড়লে আমরা দেখতে পাই, তিনি বৃহত্তর স্বার্থে ঐক্য গড়তে পিছপা হননি। নিজের সুখের চেয়ে প্রতিবেশীর সুখকে তিনি বেশি প্রাধান্য দিতেন। তাঁর অনেক সহকর্মীর মুখে শুনেছি, তিনি যে জঙ্গলে আত্মগোপনে ছিলেন, সেই জঙ্গলের পশুপাখিগুলো যেন কোনো বিরক্তবোধ না করে, সেই দিকে তাঁর ছিল সজাগ দৃষ্টি। তিনি জ্যেষ্ঠ ব্যক্তিদের খুবই সম্মান করতেন। কোথাও পরিদর্শনে গেলে জ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে গিয়ে আশীর্বাদ নিতেন।স্বাধীনতা-পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের জন্য স্বায়ত্তশাসন এবং পাহাড়িদের জাতীয় পরিচয় দাবি প্রত্যাখ্যাত হয়। তার পরও তিনি বৃহত্তর স্বার্থে যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধুর নবগঠিত বাকশালে। বাকশালে যোগ দিয়ে তিনি পাহাড়িদের সম্পর্কে বঙ্গবন্ধুর যে ভুল ধারণা, তা ভেঙে দিতে চেয়েছিলেন। পঁচাত্তরের পর এম এন লারমা আত্মগোপন করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু লক্ষ্যে পৌঁছার আগে ১৯৮৩ সালের ১০ নভেম্বর একদল বিপথগামী সহকর্মীর হামলায় আট সহযোদ্ধাসহ নিহত হন। তবে তাঁর প্রদর্শিত পথ ধরে ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয় ‘পার্বত্য চুক্তি’।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিতে যখন মতভেদ দেখা দেয়, তখন এম এন লারমা ‘ক্ষমা করো, ভুলে যাও’ দর্শনকে সামনে রেখে ঐক্য পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর সে চেষ্টা সফলতা অর্জন করতে পারেনি। এখনো বিভেদকামীরা পার্বত্য চট্টগ্রামে সক্রিয়।এম এন লারমা ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম উত্তরাঞ্চল আসন থেকে সাংসদ নির্বাচিত হন। এর আগে ১৯৭০ সালে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনেও পার্বত্য চট্টগ্রাম আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন।স্বাধীনতা-পরবর্তীকালে সংবিধান প্রণয়নকালে এম এন লারমা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রামকে বিশেষ অঞ্চলের মর্যাদা দেওয়ার দাবি ও পাহাড়িদের বাঙালি হিসেবে জাতীয় পরিচয় নির্ধারণ করার প্রতিবাদ করেন। ওই সময় সংবিধান প্রণয়ন কমিটি তাঁর দাবি ও প্রতিবাদ অগ্রাহ্য করে। এসব দাবি আদায়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে ১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি গঠন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তিনি হন সমিতির সাধারণ সম্পাদক। পরে ১৯৭৩ সালে জনসংহতি সমিতির সভাপতির দায়িত্ব নেন। কাপ্তাই বাঁধবিরোধী প্রচারপত্র বিলি করার অভিযোগে পাকিস্তান সরকার ১৯৬৩ সালের ১০ ফেব্রুয়ারি এম এন লারমাকে গ্রেপ্তার করে। প্রায় তিন বছর কারাভোগের সময় স্নাতক পাস করেন।এম এন লারমা রাজনীতি করেছেন সমাজের জন্য। কাজ করেছেন মানুষের জন্য। তিনি সামন্ত সমাজের কবল থেকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মানুষকে মুক্ত করতে এবং স্বাধিকার আদায়ে শিক্ষাকে তিনি সর্বাধিক গুরুত্ব দিয়ে শিক্ষকতা পেশায় যোগ দিয়েছিলেন। একই সঙ্গে তরুণ সমাজকে শিক্ষায় মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি সব সময় সবার মতামতকে গুরুত্ব দিতেন। কারও মতামতের বিরুদ্ধে কিছু করতেন না।তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মানিক লাল দেওয়ান বলেছিলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সময় এম এন লারমা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর বাসভবনে গিয়েছিলেন। একজন শিক্ষিত ব্যক্তি হিসেবে আত্মনিয়ন্ত্রণাধিকার সংগ্রামে যোগ দিতে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মানিক লাল দেওয়ান তাতে সাড়া না দিলেও তিনি ক্ষুব্ধ হননি; এমনকি তর্কও করেননি। শান্তভাবে সেখান থেকে চলে এসেছিলেন। তিনি জোর করে কাউকে সংগ্রামে যোগ দিতে বাধ্য করেননি। সাধারণ মানুষকে বুঝিয়ে, চেতনার জন্ম দিয়ে সংগ্রাম জোরদার করেছিলেন। মানুষকে অধিকারকামী করেছিলেন। তিনি সব সময় চেয়েছিলেন সবাইকে নিয়ে পথ চলতে। গণতন্ত্রের, সংখ্যাগরিষ্ঠের মত ছিল তাঁর চলার পথ। ঐক্যবদ্ধ সমাজ তাঁর অনুপ্রেরণা।পার্বত্য চট্টগ্রামে চলমান ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ হোক। সমাজে ঐক্য গড়ে উঠুক। পার্বত্য চট্টগ্রামে বুলেটের শব্দ আর মা-বোনের কান্না চিরতরে বন্ধ করতে এম এন লারমার আদর্শ অনুসরণ একান্ত জরুরি। হরি কিশোর চাকমা: সাংবাদিক।