ভয়ংকর অপহরণ চক্রের খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাব-পুলিশের তদন্ত এবং আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি থেকে পাওয়া তথ্য আমাদের এক বর্বর অপরাধ চক্রের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই চক্র দেশের বিভিন্ন স্থান থেকে শিশুদের অপহরণ করে আনত। কিন্তু মুক্তিপণ আদায়ই তাদের উদ্দেশ্য না। মুক্তিপণ পাওয়ার পরও শিশুদের একটা অংশকে তারা বিদেশে পাচার করত এবং কাউকে কাউকে মেরেও ফেলত। গত ডিসেম্বর ও জানুয়ারিতে ওই বাসায় তারা দুটি শিশুসহ চক্রের আরও দুই সদস্যকে হত্যা করে। সিদ্ধিরগঞ্জের এক মাদক ব্যবসায়ী দম্পতির বাসা ছিল তাদের আস্তানা।

অপহরণ ও পাচারে তারা মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স ব্যবহার করে। মানুষ অপহরণ করে আটকে রাখা, দেশের এক স্থান থেকে আরেক স্থানে পরিবহন করে বিদেশে পাচার এবং হত্যা করে লাশ ফেলে দেওয়ার যে দক্ষ আয়োজন, তাতে এদের মোটেই সিদ্ধিরগঞ্জের বিচ্ছিন্ন অপরাধী গোষ্ঠী ভাবার সুযোগ নেই। অতীতে মাদক ব্যবসার দায়ে এই চক্রের সদস্যদের আটক হওয়া এবং বারবার মুক্তি পাওয়া থেকে বোঝা যায়, স্থানীয় প্রভাবশালী একটি মহলের ছত্রচ্ছায়া তারা পেয়ে আসছিল। সুতরাং, আটক পাঁচজন আসলে অপহরণ ও হত্যাচক্রের ডুবোপাহাড়ের ভাসমান অংশমাত্র। এদের রাজনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ উদ্‌ঘাটিত হওয়া খুবই জরুরি। পূর্ণ তদন্ত ও যথাযথ বিচার–প্রক্রিয়া ছাড়া এই অপরাধীদের উৎসে হাত দেওয়া কঠিন হবে।

ঢাকার চারপাশের গাজীপুর, ডেমরা, আশুলিয়া, সোনারগাঁ, সারুলিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রভৃতি এলাকায় প্রায়ই অপহরণ ও হত্যাকাণ্ডের নজির রয়েছে। তাহলে ওই এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করেছে এত দিন?

পুলিশ ও র‍্যাবের বিশেষ বিভাগকে দিয়ে এই চক্রের নেটওয়ার্ক উন্মোচন এবং বিচারের মুখোমুখি করা না হলে আরও শিশুর জীবন ভয়াবহ ঝুঁকিতে পড়ে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে অগ্রাধিকার দেবে, এটাই প্রত্যাশা।