মংলা-ঘষিয়াখালী নৌপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী একটি ট্যাংকার ডুবে পরিবেশগত বিপর্যয় সৃষ্টির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মংলা-ঘষিয়াখালী নৌপথটি আবার চালু করার নির্দেশ দিয়েছেন। ফলে বিআইডব্লিউটিএ ঘষিয়াখালী খাল আবার খনন করার উদ্যোগ নিয়েছে বলে খবর বেরিয়েছে। কিন্তু এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম—এই সত্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের জানা থাকার কথা। কারণ, এর আগে খালটি দুই দফায় খনন করার ২০ থেকে ৩০ দিনের মধ্যেই তা পলিতে ভরাট হয়ে নৌ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
সুন্দরবনের পরিবেশ সুরক্ষার স্বার্থে মংলা-ঘষিয়াখালী নৌপথটি অবশ্যই আবার চালু করা প্রয়োজন। তবে টেকসই সুফল পেতে হলে, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, পরামর্শক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের পরামর্শ হলো, মংলা-ঘষিয়াখালী নৌপথের সংযোগকারী ৩২টি বড় খালসহ অন্য খালগুলো অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে হবে, জোয়ার অববাহিকা বা টাইডাল বেসিন তৈরি করতে হবে এবং পানি উন্নয়ন বোর্ডের স্থাপন করা পোল্ডার অপসারণ করতে হবে। এসব ছাড়া কেবল ঘষিয়াখালী খাল খনন করে সুফল পাওয়া যাবে না।
মংলা-ঘষিয়াখালীর ৩২ খাল বেদখলমনে রাখা প্রয়োজন, ঘষিয়াখালী খাল কোনো খনন ছাড়াই ৪০ বছর ধরে নৌপথ হিসেবে ব্যবহৃত হয়েছে। কেন সেটি নৌ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, কেন দুবার খনন করার পরও খালটিকে আগের অবস্থায় স্থায়ীভাবে ফিরিয়ে নেওয়া যায়নি—এ বিষয়েও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ রয়েছে। এই নৌপথের দুই পাশে ছোট-বড় যে প্রায় সাড়ে ৩০০ খাল রয়েছে, একসময় সেগুলোই ছিল মংলা-ঘষিয়াখালী নৌপথের নাব্যতা রক্ষার প্রধান সহায়ক। সুতরাং খালগুলো পুনরুদ্ধার করতে হবে, সরিয়ে ফেলতে হবে চিংড়ি চাষের জন্য লোনাপানি আটকানোর লক্ষ্যে পাউবোর তৈরি বেড়িবাঁধ। এই কাজটি সহজ নয়। এ জন্য দরকার সরকারের জোরালো রাজনৈতিক অঙ্গীকার ও পদক্ষেপ।
ঘষিয়াখালী খাল খনন বাবদ ২০০ কোটি টাকা ব্যয় করা হবে বলে খবর বেরিয়েছে। উল্লিখিত কাজগুলোও একই সঙ্গে না করলে এই বিপুল পরিমাণ অর্থ পানিতে ফেলা হবে।