সুষ্ঠু পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে যে একটি প্রায় পরিত্যক্ত প্রতিষ্ঠানকে কার্যকর ও লাভজনক করা সম্ভব, মংলা বন্দরই এর প্রকৃষ্ট উদাহরণ। যেখানে ২০০৩-০৪ অর্থবছর থেকে ২০০৭-০৮ অর্থবছরে বন্দরটি লোকসান গুনেছে ৩৮ কোটি ৫২ লাখ টাকা, সেখানে গত অর্থবছরে বন্দরের নিট আয় ১৪৫ কোটি ২৯ লাখ টাকায় উন্নীত হওয়া এবং ৪৮ কোটি টাকা মুনাফা করা সংশ্লিষ্টদের কর্মদক্ষতারই স্বাক্ষর বহন করে। এ জন্য মংলা বন্দর কর্তৃপক্ষ ধন্যবাদ পেতে পারে।
তবে এখানেই থেমে থাকলে হবে না। বন্দরের সেবা ও কর্মদক্ষতা আরও বাড়াতে হবে। পদ্মা সেতু বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে যোগাযোগব্যবস্থায় যেমন বৈপ্লবিক পরিবর্তন আসবে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ডও বহুগুণে বেড়ে যাবে। সম্প্রতি বাংলাদেশ ও ভারত সমুদ্রপথে পণ্য আমদানি–রপ্তানির বিষয়ে একমত হয়েছে। এ ক্ষেত্রে চট্টগ্রামের চেয়ে মংলা বন্দরই হবে অধিক সুবিধাজনক। একই সঙ্গে আঞ্চলিক ট্রানজিট বাস্তবায়িত হলে নেপাল ও ভুটান মংলা বন্দর দিয়ে তাদের পণ্য আনা-নেওয়া করতে পারবে। স্থলবেষ্টিত দেশ দুটি বর্তমানে পণ্য আমদানি-রপ্তানির জন্য শুধু ভারতীয় সমুদ্রবন্দরই ব্যবহার করে থাকে।
দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বাণিজ্যিক লেনদেনের সুবিধার জন্যই দেশের দ্বিতীয় সমুদ্রবন্দরটি সচল রাখা এবং এর উন্নয়ন ত্বরান্বিত করা জরুরি। ইতিমধ্যে মংলা বন্দরের অবকাঠামো উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। পশুর নদীর নাব্যতা বাড়ানোর কাজও চলছে। একটি বন্দরের প্রতি দেশি–বিদেশি ব্যবসায়ীরা তখনই আগ্রহ দেখাবেন, যখন স্বল্প সময়ে তঁাদের পণ্য খালাস ও পরিবহনের সুযোগ পাবেন। অন্যান্য পণ্যের সঙ্গে ২০০৯ সাল থেকে এ বন্দর দিয়ে গাড়ি আমদানি শুরু হয়েছে। এতে কিছুটা হলেও চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমবে।
সরকার পটুয়াখালীতে তৃতীয় সমুদ্রবন্দর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এই দুটি বন্দর দক্ষিণাঞ্চলের বাণিজ্য প্রসারের পাশাপাশি দেশের অর্থনীতিতে গতিসঞ্চার করবে আশা করা যায়।