রাজধানী ঢাকার বাসিন্দাদের জীবন যে ‘ঘরে-বাইরে’ নিরাপদ নয়, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গত রোববার মগবাজার এলাকার বিস্ফোরণের ঘটনা। এতে ছয়জন মানুষের মৃত্যু ঘটে এবং দুই শতাধিক আহত হন। কেন বারবার এ প্রাণঘাতী বিস্ফোরণ?
প্রথম আলোর খবর অনুযায়ী, বিস্ফোরণের মাত্রা এতই ভয়াবহ ছিল যে ৭৯ আউটার সার্কুলার রোডের তিনতলা ভবনের একাংশ ধসে পড়েছে, পাশের ডজনখানেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাসের কাচ ভেঙে অনেকে আহত হয়েছে। রাস্তার ওপারে থাকা আড়ংয়ের দোকানসহ অনেক ভবনের জানালার কাচ ভেঙে গেছে।
যে তিনতলা ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচের তলায় শরমা হাউস নামের একটি রেস্তোরাঁ ও বেঙ্গল মিটের চিলার রুম (মাংস ঠান্ডা করার জন্য যেখানে শক্তিশালী কমপ্রেসর ব্যবহার করা হয়) ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, রেস্তোরাঁর গ্যাসলাইন কিংবা বেঙ্গল মিটের চিলার রুম থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া পুলিশ বিভাগ থেকেও গঠিত হয়েছে আলাদা তদন্ত কমিটি। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেছেন, ‘আমরা চাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।’
এ চাওয়া কেবল তাঁর নয়। দেশের প্রতিটি মানুষ চায় এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরণ না ঘটুক। এ ধরনের দুর্ঘটনা যে কত ব্যক্তি ও পরিবারের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা ভুক্তভোগীরা ছাড়া কেউ জানেন না। মগবাজারের দুর্ঘটনায় অন্যদের মধ্যে এক পরিবারের মা ও শিশুকন্যা মারা যায়। শিশুর বাবার আহাজারি, ‘আমার সব শেষ, আর কিছু রইল না।’
গত কয়েক বছরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে গ্যাস বিস্ফোরণে কত পরিবারের যে সব শেষ হয়ে গেছে, তার হিসাব নেই। গত সেপ্টেম্বরে নারায়ণগঞ্জে একটি মসজিদে গ্যাস বিস্ফোরণে ৪০ জন মানুষ মারা যান। এর আগে চট্টগ্রামেও গ্যাস বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হয়েছে কি? তদন্ত হলেও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন উদাহরণ নেই। আমাদের দেশে দুই ধরনের তদন্ত হয়। একটি হলো ঘটনার রহস্য উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করা। আরেকটি হলো দায়ী ব্যক্তিদের আড়াল করা।
আমরা আশা করি, মগবাজারের বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রকৃত কারণ খুঁজে বের করতে পারবে। তবে তদন্তে সঠিক তথ্য বেরিয়ে এলেও লাভ নেই, যদি না কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। দায়ী ব্যক্তিরা শাস্তি পায়। গ্যাসের সঞ্চালন লাইন থেকে শুরু করে সংযোগস্থল হতে হয় পুরোপুরি নিশ্ছিদ্র ও সুরক্ষিত। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, অনেকে বাসাবাড়ি ও বাণিজ্যিক ভবনে কম দামের পাইপ ও সিলিন্ডার ব্যবহার করেন। আবার সঞ্চালন লাইন বসানোর পর এর রক্ষণাবেক্ষণও ঠিকমতো করা হয় না। কিন্তু সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তদারকি নেই। যে দেশে ৪০ লাখ গ্যাস সিলিন্ডার আছে, সে দেশে পরীক্ষাকেন্দ্র মাত্র ছয়টি। এ উদাসীনতার জবাব কী। আর কত প্রাণ গেলে আমরা সতর্ক হব?