মঙ্গল শোভাযাত্রার বৈশ্বিক স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল শোভাযাত্রা ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় বাংলা নববর্ষ উদ্যাপন ভুবনপ্রিয় হলো। যে বাংলাদেশের ভাষা আন্দোলনের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রবর্তিত হয়েছে, সেই বাংলাদেশেরই আরেকটি সাংস্কৃতিক প্রতীক অর্জন করল বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা। সব বাংলাদেশি তো বটেই, বিশ্বের সব বাঙালির জন্য এ এক আনন্দের উপলক্ষ।
১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণিল শোভাযাত্রা করে বাংলা বর্ষবরণকে ভিন্ন মাত্রা দিয়েছিলেন, তা ইতিমধ্যেই বাংলাদেশের জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে। জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর বরাতে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া সেই অসাধারণ ঘটনারই এক বৈশ্বিক স্বীকৃতি। এবারে যেমন মঙ্গল শোভাযাত্রার স্বীকৃতি মিলল, গত বছর তেমন স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। জাতিসংঘের এই বিজ্ঞান ও সংস্কৃতি–বিষয়ক বৈশ্বিক প্রতিষ্ঠান ইউনেসকোই বাংলাদেশের সুন্দরবনকে প্রাকৃতিক বিশ্বঐতিহ্যের তালিকাভুক্ত করেছিল। মঙ্গল শোভাযাত্রার স্বীকৃতিটি একটু ভিন্ন রকম। বিশ্বের যেসব সাংস্কৃতিক চর্চা, রীতি, প্রথা সমগ্র মানবজাতির জন্য কল্যাণকর বিবেচিত হয়, সেগুলোকে ইউনেসকো ‘বিশ্বসভ্যতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে মূল্যায়ন করে। বাঙালির বর্ষবরণ এই সম্মান অর্জন করায় বাংলাদেশের জাতীয় সংস্কৃতির মানবিক সৌন্দর্য ও শক্তি সম্পর্কে বিশ্ব আরও ওয়াকিবহাল হতে পারবে।
মঙ্গল শোভাযাত্রা পেল ইউনেসকো সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিইউনেসকো যথার্থই বলেছে যে ‘অশুভকে দূর করা, সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সংস্কৃতির প্রতীক। এই শোভাযাত্রার মাধ্যমে বাঙালির ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতিগত সব ধরনের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে হস্তান্তরিত হয়।’ প্রতিবছর পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লাখো মানুষ শুভেচ্ছা ও মৈত্রীর উদ্যাপন করতে আসে। সারা দেশও হয়ে ওঠে যেন ওই শোভাযাত্রার সঙ্গী।
সামরিক স্বৈরাচারের সময়ে প্রতিবাদ ও শুভবোধের সংকল্প থেকে যে শোভাযাত্রা শুরু হয়েছিল, আজও সব রকম ভেদাভেদ ও অন্যায়ের বিরোধিতার ঐতিহ্য তা ধারণ করে আছে। এর মাধ্যমে বাঙালি সংস্কৃতির উদার মানবিক ও প্রকৃতিমুখী বার্তা প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়। মঙ্গল শোভাযাত্রাকে সর্বজনীন উৎসবে রূপান্তরের কারিগর হিসেবে যাঁরা ভূমিকা পালন করেছেন, চারুকলা অনুষদের সেই পথিকৃৎ শিক্ষক-শিক্ষার্থীরা এ জন্য সবার কাছে ধন্যবাদার্হই হলেন। সাংস্কৃতিক ঐতিহ্যের বৈশ্বিক স্বীকৃতি উদযাপনের সময় আমাদের এ কথাও স্মরণ রাখা দরকার যে, বিশ্বঐতিহ্যের অন্যান্য স্মারককেও রক্ষা করার দায়িত্বটি হেলাফেলার নয়। প্রাকৃতিক ঐতিহ্যের সম্পদ সুন্দরবনের স্বকীয়তা রক্ষার গুরুত্বও তাই ভুলে যাওয়া চলে না।