মজুরি বৃদ্ধির নিম্নতম হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নানা উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির প্রভাব যে দেশের সব মানুষের ওপর পড়ছে না, তার একটি ইঙ্গিত পাওয়া গেল আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গ্লোবাল ওয়েজ (২০১৬-১৭) প্রতিবেদনে। এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশের প্রকৃত মজুরি বৃদ্ধির হার কম। মূল্যস্ফীতি বা জিনিসপত্রের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় সাধনের পর প্রকৃত মজুরি বৃদ্ধির হার বাংলাদেশে এতই কম যে এতে জীবনযাত্রার মানে পরিবর্তন আনা দুষ্কর।
আইএলওর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশে প্রকৃত মজুরি বেড়েছে মোট ১১ শতাংশ। প্রতিবেশী ভারতে একই সময়ে এই বৃদ্ধির হার ১৬ দশমিক ৩ শতাংশ। কম্বোডিয়া, থাইল্যান্ড ও চীনের মতো দেশে এই হার আরও অনেক বেশি। ২০১৩ সালে বাংলাদেশে যেখানে গড় প্রকৃত মজুরি বেড়েছিল ৬ দশমিক ২ শতাংশ, সেখানে পরের দুই বছর তা বেড়েছে মাত্র ২ দশমিক ৪ শতাংশ হারে। শেষ দুই অর্থবছরে দেশের জিডিপির প্রবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিলে আমরা দেখব যে প্রায় সাড়ে ১২ শতাংশ প্রবৃদ্ধির বিপরীতে প্রকৃত মজুরি বৃদ্ধির হার মাত্র ৪ দশমিক ৮ শতাংশ। জিডিপির প্রবৃদ্ধির হারের সঙ্গে মিলিয়ে প্রকৃত মজুরি না বাড়ার অর্থ হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ভাগ দেশের শ্রমজীবী জনগোষ্ঠী পাচ্ছে না।
কয়েকটি নির্দিষ্ট খাত ছাড়া বাংলাদেশে শ্রমিকদের মজুরি নির্ধারণ বা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করার আনুষ্ঠানিক কোনো কাঠামো নেই। যে প্রধান খাতগুলো সমন্বয় করা যায়. সেগুলোতেও আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে মজুরি কম। ভারত, ইন্দোনেশিয়া বা পাকিস্তানের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, তৈরি পোশাক খাতে বাংলাদেশে শ্রমিকের মাসিক নিম্নতম মজুরি সবচেয়ে কম। কৃষি বা অন্যান্য অনানুষ্ঠানিক খাতে ন্যূনতম মজুরি বলেও কিছু নির্দিষ্ট নেই।
একটি দেশে অর্থনৈতিক উন্নয়নের সুফল যদি দেশের শ্রমজীবী জনগণ ভোগ করতে না পারে বা সামঞ্জস্যপূর্ণভাবে তাদের জীবনযাপনের মানের উন্নয়ন না ঘটে, তবে তাকে আর যাই হোক সামগ্রিক উন্নয়ন হিসেবে বিবেচনা করা যায় না। সরকার বেশ কিছু দিন আগে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে, যা তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করছে। সুতরাং, দেশের বেসরকারি ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের জীবনমান উন্নয়নের দিকটি সরকারের অর্থনৈতিক নীতি–কৌশলে উপেক্ষিত থাকতে পারে না। দেশের জাতীয় গড় আয়ের সঙ্গে মিল রেখে জাতীয়ভাবে ন্যূনতম মজুরির একটি কাঠামো ঠিক করা জরুরি।