মঠপ্রধানকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় সম্প্রদায় ও গোষ্ঠীর বিরুদ্ধে হামলার ধারাবাহিকতায় এবারে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় নিহত ও আরেকজন সাধু আহত হয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর দুই বিদেশি নাগরিককে হত্যার পরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) প্রথমবারের মতো সেগুলোর দায় স্বীকার করে। আইএসের এই দাবির বিষয়টি একটি মার্কিন বেসরকারি গোয়েন্দা ওয়েবসাইট প্রকাশ করেছিল। এরপর লক্ষণীয়ভাবে বেশ কিছু ধর্মীয় স্থাপনায় হামলা ও হত্যার ঘটনা ঘটেছে এবং মার্কিন সংস্থার সাইটের মাধ্যমেই এসব ঘটনায় আইএসের দায় স্বীকারের বিষয় জানা যাচ্ছে।
অন্যদিকে বাংলাদেশ সরকার শুরু থেকেই এসব ঘটনার সঙ্গে আইএস–সংশ্লিষ্টতা সরাসরি নাকচ করার যে অবস্থান নিয়েছিল, এখনো তাতে অটল রয়েছে। যদিও আইএসের একটি মুখপত্রে বাংলাদেশে তাদের উদ্বেগজনক এজেন্ডার বিষয়টি পরিষ্কার করে বলেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা যাদের ওপরে হামলা চালাচ্ছে, তাতে একটা সাম্প্রদায়িক ও গোষ্ঠীগত কার্যকরণ ফুটে উঠেছে। এবং সুপরিকল্পিতভাবেই যে এসব ঘটানো হচ্ছে, তাও পরিষ্কার।
এবার মঠপ্রধানকে গলা কেটে হত্যাএই বিষয়ে সরকারি কর্তৃপক্ষের তরফে যে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে, তা সন্তোষজনক বা গ্রহণযোগ্য বিবেচিত হওয়া থেকে অনেক দূরে। অপরাধী যে বা যারাই হোক এবং অপরাধ সংঘটনের কারণ যা-ই হোক, আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা ও কার্যকরতা নির্ভর করবে নাগরিক ও সামাজিক নিরাপত্তার সুরক্ষা তারা কীভাবে দিচ্ছে, তার ওপর। একের পর এক এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা যেমন থামানো যাচ্ছে না, তেমনি বিশ্বাসযোগ্যভাবে রহস্যভেদের ঘটনাও ঘটছে না। পঞ্চগড়ের পুলিশ সুপার আইএস–সংশ্লিষ্টতা নাকচ করলেও বলতে পারেননি কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আততায়ী ও হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের জন্য সোপর্দ করেই সরকারকে সফল হতে হবে। দেখা যাচ্ছে দূরবর্তী স্থান ও যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কম, এমন স্থান ও ধর্মীয় স্থাপনাগুলোকে এই গোষ্ঠী টার্গেট করছে। এ ধরনের প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, সেটা গভীরভাবে ভেবে দেখতে হবে।