মতলবে বাধাগ্রস্ত আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

করোনা মহামারি কৃষি, খামার, ক্ষুদ্র ব্যবসাসহ গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে নিঃসন্দেহে। সরকারি প্রণোদনা বা সহায়তা অপ্রতুল হলেও মানুষ নিজের চেষ্টায় এ কঠিন সময় পার করার চেষ্টা করছে। একের পর এক লকডাউনের ফলে নগর থেকে প্রত্যন্ত অঞ্চলে সরকারি বিভিন্ন সেবা ও কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, সেটি আমরা মানি। তাই বলে সামর্থ্য থাকা সত্ত্বেও দায়িত্ব পালনে গড়িমসি ও অবহেলা কোনোভাবে মেনে নেওয়া যায় না।

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের ভেতরে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় সেখানকার তিন হাজার হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করতে পারছেন না কৃষকেরা। বারবার অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। মহামারিতে নানা প্রতিবন্ধকতার মধ্যেও যেখানে কৃষকেরা ধান চাষে পিছপা হচ্ছেন না, সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে পাউবোর উদাসীনতা। বিষয়টি হতাশাজনক।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ১৯৮৮ সালে উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে সেচ প্রকল্পের ৬১ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ নির্মিত হয়। কয়েক দশক পর সেই বেড়িবাঁধের অনেক জায়গা এখন ঝুঁকিপূর্ণ। এর ভেতরে থাকা আবাদযোগ্য জায়গার মধ্যে চলতি মৌসুমে (জুলাই-আগস্ট) সাড়ে আট হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তিন হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা দিয়েছে, সেচ প্রকল্পটির বেড়িবাঁধের ভেতরে উপজেলার ফতেপুর, সিপাইকান্দি, ঠেটালিয়া, লধুয়া, শাহবাজকান্দি, ফরাজীকান্দি, গাজীপুর, আমুয়াকান্দা, আমিরাবাদসহ কয়েকটি এলাকার অনেক কৃষিজমি থইথই পানির নিচে। কৃষকদের দুশ্চিন্তা, এমন পরিস্থিতিতে কীভাবে আবাদ করা সম্ভব?

প্রতিবছর একই দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষকেরা। পাউবোর কাছে গিয়ে অভিযোগ করতে করতে তাঁরা হয়রান। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গেলে তাঁরা শুধু একটি জিনিসই পান, সেটি হচ্ছে আশ্বাস! ঠেটালিয়া এলাকার কৃষক মাসুদ প্রধান বলেন, এবার তাঁর চারটি কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। পাউবো কার্যালয়ে জানানোর পরও পানি সরানোর বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। মূলত কিছু জায়গায় নিষ্কাশন খাল ভরাট ও বেদখল হয়ে যাওয়ায় বৃষ্টির পানি বের হতে পারছে না।

পাউবো খালগুলোর সংস্কারের দিকে মনোযোগ না দেওয়ায় সেগুলো দখলের সুবিধা হয়েছে স্থানীয় কিছু অসাধু ব্যক্তির। জলাবদ্ধতা নিরসনে পাউবোর দুটি পাম্প হাউস চালু থাকলেও কোনো কাজে আসছে না। এ ব্যাপারে জানতে চাইলে চাঁদপুর জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেছেন, নিষ্কাশন খাল দখলমুক্ত করতে শিগগিরই অভিযান চালানো হবে। খালগুলোও সংস্কার করা হবে। আমরা আশা করব, কথা ও কাজের প্রতিফলন ঘটাবেন তাঁরা। দ্রুত পদক্ষেপ নিয়ে কৃষকদের পাশে দাঁড়াবেন।