করোনাকালে যখন মানবিকতার সংকট চলছে, সন্তান বাবার লাশ হাসপাতালে রেখে পালিয়ে যাচ্ছে, করোনা ব্যাধিতে মৃত ব্যক্তির শেষকৃত্য করার জন্য মানুষ পাওয়া যাচ্ছে না, তখন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একদল তরুণ প্রসূতিদের রক্ত দিয়ে মানবিকতার অনন্য উদাহরণ স্থাপন করেছেন।
প্রথম আলোর খবর থেকে জানা যায়, স্যাক্রেড হার্ট (পবিত্র হৃদয়) নামে একটি সংগঠনের সদস্যরা করোনাকালে গত তিন মাসে ৩৫ জন প্রসূতিকে বিনা মূল্যে অর্ধশতাধিক ব্যাগ রক্ত দিয়েছেন। এর বাইরে আরও ১০ নারীকে অন্যান্য অস্ত্রোপচারের সময় আরও ১০ ব্যাগ করে রক্ত দিয়েছেন তাঁরা। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কিছু উদ্যমী তরুণ এই সংগঠন গড়ে তুলেছেন। এর সদস্যরা কেউ ধনবান নন। স্নাতক পাস করে কেউ টিউশনি করছেন, কেউ ছোটখাটো ব্যবসায় নিয়োজিত আছেন।
সংগঠনটির জ্যেষ্ঠ নির্বাহী সদস্য মোহাম্মদ হাবিব জানিয়েছেন, তঁাদের সদস্যসংখ্যা ৪০ জন। এর মধ্যে ২০ জন সক্রিয়ভাবে কাজ করছেন। এলাকায় করোনা সংক্রমণ ঠেকাতে বাড়ি বাড়ি ও স্থানীয় বাজারে গিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরা বিষয়ে সচেতন করছে সংগঠনটি। এলাকায় কারও করোনা উপসর্গ দেখা দিলে দ্রুত প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের জানিয়ে দিচ্ছেন সংগঠনের সদস্যরা। এ ছাড়া সচ্ছল ব্যক্তিদের দেওয়া ত্রাণসামগ্রী গরিবদের কাছে পৌঁছে দেওয়ার কাজও করেছেন তাঁরা।
৪ জুন রাত দেড়টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক প্রসূতির জরুরিভাবে দুই ব্যাগ রক্তের প্রয়োজন হয়। খবর পেয়ে সংগঠনের কয়েকজন সদস্য ঝড়–বৃষ্টির মধ্যে এক কিলোমিটার পথ হেঁটে সেখানে গিয়ে রক্ত দিয়েছেন। ওই নারী বলেছেন, করোনাকালে যখন রক্তদাতা খুঁজে যাওয়া যাচ্ছিল না, তখন এই তরুণেরা ঝুঁকি নিয়ে রক্ত দিতে এসেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।
মতলব দক্ষিণ উপজেলার স্যাক্রেড হার্ট সংগঠনের সদস্যরা সত্যিকারভাবেই রক্তের বন্ধন তৈরি করেছেন। তাঁরা প্রমাণ করেছেন, মানুষকে সহায়তা করতে হলে ধনবান হতে হয় না। সদিচ্ছা থাকলে ছোট ছোট চেষ্টার সমন্বয়ে অনেক বড় কাজ করা যায়। স্যাক্রেড হার্টের সদস্যদের মতো দেশের অন্যান্য অঞ্চলের তরুণেরাও এগিয়ে আসুক। করোনাকালের কিছু নিষ্ঠুরতা ও নির্দয়তাকে অগ্রাহ্য করে বাংলাদেশে মানবিকতার উদ্বোধন ঘটুক। অভিনন্দন স্যাক্রেড হার্টের যোদ্ধাদের।