আজ রক্তঝরা ২৪ জানুয়ারি। আইয়ুববিরোধী ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। আজ মতিউরের ৪২তম শাহাদাতবার্ষিকী। মতিউর ঊনসত্তরের এই দিনে শাহাদাত বরণ করে। আমি বেদনা ভারাক্রান্ত হূদয়ে স্মরণ করছি শহীদ মতিউরকে। মতিউর নবকুমার ইনস্টিটিউশনের দশম শ্রেণীর বিজ্ঞান শাখার মেধাবী ছাত্র ছিল। প্রতিবছরের মতো এবারও নবকুমার ইনস্টিটিউশনের সার্বিক ব্যবস্থাপনায় শোকবিধুর পরিবেশে পালিত হচ্ছে মতিউরের শাহাদাতবার্ষিকী।ঊনসত্তরের এই দিনে মতিউর বেলা ১১টায় আইয়ুববিরোধী মুক্তিকামী ছাত্র-জনতা ও তৎকালীন পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের এক বিরাট মিছিলের অগ্রভাগে ছিল। মিছিলটি স্লোগানরত অবস্থায় সচিবালয়ের সামনে আবদুল গণি রোড অতিক্রম করে পল্টন ময়দানের দিকে যাচ্ছিল তাদের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে। ঠিক তখনই ইপিআর বাহিনী বিনা মেঘে বজ্রপাতের মতো মিছিলের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। মিছিলের অগ্রভাগে থেকে মতিউর গুলিবিদ্ধ হয়ে প্রথম শাহাদাত বরণ করে। পরপর শাহাদাত বরণ করে রোস্তম আলী, মকবুলসহ আরও কয়েকজন ছাত্র। সেদিন ছিল শুক্রবার, সময় বেলা সাড়ে ১১টা। এ সংবাদ ছড়িয়ে পড়ে ঢাকাসহ সারা দেশে। এই আন্দোলন-মিছিলের নেতৃত্বে ছিলেন তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ ও কেন্দ্রীয় ১১ দফা ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা। এই অমানবিক হত্যাকাণ্ডে ঢাকা শহর হয়ে যায় অগ্নিগর্ভ। লাখো মানুষের ঢল নামে রাজপথে। ঢাকা মিছিলের নগরে পরিণত হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে দলমত-ধর্ম-নির্বিশেষে বাঙালি জাতির মধ্যে গড়ে ওঠে ইস্পাতকঠিন দৃঢ় ঐক্য। আইয়ুব শাহীর পতনের দৃঢ়সংকল্প নিয়ে নগরবাসী গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সূত্রপাত ঘটায় ঐতিহাসিক রক্তঝরা গণ-অভ্যুত্থানের।সেদিন বেলা দুইটায় পল্টন ময়দানে নিহত ছাত্রদের জানাজা অনুষ্ঠিত । পাঁচজন ছাত্রের মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চারজন ছাত্রের মরদেহ যার যার আত্মীয়স্বজন নিয়ে যায়। মতিউরের মরদেহ মেডিকেল থেকে প্রথমে শহীদ মিনারে নিয়ে সংগ্রাম পরিষদের নেতারা আইয়ুব শাহীর পতনের শপথবাক্য পাঠ করান হাজারো ছাত্র-জনতার উপস্থিতিতে। তারপর নিয়ে যাওয়া হয় তৎকালীন ইকবাল হল, বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে এ কারণে যে, শহীদের কোনো দাবিদার না পাওয়া গেলে তারা ইকবাল হল প্রাঙ্গণে মতিউরকে সমাহিত করবে। ঠিক এ সময় নবকুমার ইনস্টিটিউশনের দুজন ছাত্র মধুমিতা হলের পেছনে ন্যাশনাল ব্যাংক কলোনিতে এসে আমায় বলল, ‘চাচা, আপনি এক্ষুনি আমাদের সঙ্গে আসেন। আপনার ছেলে গুলিবিদ্ধ হয়ে মেডিকেলে আছে (নিহত বলে নাই)।’ এই সংবাদ শুনে মতিউরের মা কান্নায় ভেঙে পড়েন। কলোনির অন্য মহিলারা তাঁকে সান্ত্বনা দিতে থাকলেন।আমি লুঙ্গিপরা অবস্থায় তাদের সঙ্গে ছুটে গেলাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে যাওয়া মাত্র আমাদের বলা হলো, একজন ছাত্রের মরদেহ ইকবাল হলের মাঠে নিয়ে গেছে। মতিউরের মৃত্যুসংবাদ শুনে আমার শরীর কাঁপতে কাঁপতে মাথা ঘুরে রাস্তায় বসে পড়লাম। তিনজন ছাত্র ধরাধরি করে আমাকে ইকবাল হলের মাঠে নিয়ে গেল। সেখানে পরিচয় হলো ডাকসুর তৎকালীন ভিসি তোফায়েল আহমেদের সঙ্গে। তিনি ও অপর দুজন ছাত্র আমাকে ধরাধরি করে ছোট একটি মঞ্চের ওপর তুললেন। চেয়ে দেখি, সামনে মতিউরের মরদেহ ফুলে ফুলে ঢাকা। আমি পাগলপ্রায় অশ্রুসিক্ত অবস্থায় মতিউরের মরদেহের দিকে চেয়ে থাকি। আমাকে কে যেন বলল, ‘চাচা, আপনি কি কিছু বলবেন?’ আমি শোককে শক্তিতে পরিণত করে বলতে পেরেছিলাম, ‘আমি ন্যাশনাল ব্যাংকের একজন কেরানি। আমার পুত্র মতিউর নবকুমার ইনস্টিটিউশনের দশম শ্রেণীর ছাত্র। আমার এক পুত্র দেশের জন্য জীবন দিয়েছে। আমি দুঃখ করব না। দেশের স্বার্থে আমার অন্য ছেলেরাও জীবন দিতে প্রস্তুত। আমি এখানে লাখো মতিউরকে দেখতে পাচ্ছি। তারাই এক দিন বৃহত্তম আন্দোলন গড়ে তুলবে, যে আন্দোলনের মাধ্যমে এক দিন এ দেশ স্বাধীনতা লাভ করবেই।’পরের দিন ২৫ জানুয়ারি সকালে দুই ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হলে তোফায়েল আহমেদ কলোনির বাসায় এসে দুঃখ প্রকাশ করে কেঁদে ফেললেন এবং আমাদের সান্ত্বনা ও সমবেদনা জানিয়ে বলেছিলেন, ‘মতিউরের রক্তের ঋণ পরিশোধ করবই এবং এ দেশের মানুষকে অত্যাচারের হাত থেকে মুক্ত না-করা পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম চলতে থাকবে।’ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের বাঁধভাঙা জোয়ারে ২২ ফেব্রুয়ারি স্বৈরশাসক ফিল্ড মার্শাল প্রেসিডেন্ট আইয়ুব খান তথাকথিত সাজানো আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব নিরপরাধ আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়। ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে উৎফুল্ল লাখ লাখ ছাত্র-জনতার করতালির মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের গণজোয়ারে লৌহমানবখ্যাত ফিল্ড মার্শাল প্রেসিডেন্ট আইয়ুব খান রাষ্ট্রক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন ২৫ মার্চ, ’৬৯-এ।এ দেশের মুক্তিকামী মানুষের স্বাধিকার ও মুক্তির চেতনায় অনুপ্রাণিত হয়ে কিশোর বয়সে মতিউর দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ছাত্রজীবনে নিজের অমূল্য জীবন বিসর্জন দিয়ে বাঙালি জাতিকে পরাধীনতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য গণজাগরণের যে দিক নির্দেশনা দিয়ে গেছে, তারই প্রাপ্তি ও ফসল আমাদের কষ্টার্জিত এই স্বাধীনতা। মতিউর জাতির গর্ব ও বাঙালির অহংকার এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রথম কাতারের শহীদ ও জাতীয় বীর হিসেবে ইতিহাসের পাতায় চির অমর হয়ে আছে।আজহার আলী মল্লিক: শহীদ মতিউরের পিতা।