মতিঝিলে রাস্তায় দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিলে এজিবি কলোনির রাস্তার ওপর থেকে কাঁচাবাজার তুলে দেওয়া হয়েছিল ১৪ মার্চ। এর দিন পাঁচেকের মাথায় দেখা গেল সেই রাস্তার দুই পাশে মহাসমারোহে ইটের দেয়াল তুলে পাকা দোকান করা হচ্ছে। প্রথম আলোতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দুই পাশে দোকান আর তা তৈরির কাজে আনা ইট-বালুর কারণে রাস্তাটি প্রায় বন্ধই হয়ে গেছে। আগের কাঁচাবাজার এই রাস্তাটিতে যে দখল কায়েম করেছিল, সেটা ছিল অস্থায়ী, এখন যেন পাকা দখলের আয়োজন চলছে!
রাস্তার ওপরে আগে যে কাঁচাবাজারটি ছিল, তা অবৈধ হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বাজারটি উচ্ছেদ করেছিল। আবার রাস্তা দখল করে পাকা দোকান তবে বানানো হচ্ছে কীভাবে? ডিএসসিসির রাজস্ব ও সম্পত্তি বিভাগ থেকে এর জবাব মিলেছে; এজিবি কলোনি কাঁচাবাজারে দোকান করার জন্য ‘মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র’ নামে একটি সংগঠনকে বরাদ্দ দেওয়া হয়েছে। একটি রাস্তার ওপর বাজার তৈরি করার জন্য ডিএসসিসি কোন বিবেচনায় জায়গা বরাদ্দ দিয়েছে, তা সত্যিই বিস্ময়কর।
রাজধানীর বিভিন্ন সড়ক ও ফুটপাত এমনিতেই অবৈধ দখলের শিকার। দিনে দিনে এসব দখল এতটাই পাকাপোক্ত হয়েছে যে এখন তা দখলমুক্ত করার কাজটি সহজ হচ্ছে না। বোঝা যায়, কতটা দায়িত্বজ্ঞানহীন হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ কাজ করতে পারে! একটি আধুনিক শহর গড়ে তোলা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার আশা কি আমরা এই কর্তৃপক্ষের কাছ থেকে করতে পারি?
অভিযোগ পাওয়া গেছে, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের নামে স্থানীয় সরকারদলীয় নেতারা বড় অঙ্কের টাকা নিয়ে সেখানে দোকান বরাদ্দ দিচ্ছেন। বোঝা যায়, আসল সমস্যাটি কোথায়। মিলেমিশে ভাগ-বাঁটোয়ারা ও দখল।
রাস্তা দখলের এই প্রকাশ্য উৎসবের বিরুদ্ধে ডিএসসিসির মেয়র এখন কী ব্যবস্থা নেন, সেটাই দেখার বিষয়। তবে রাস্তা পথচারী ও যানবাহন চলাচলের জন্য মুক্ত করার কোনো বিকল্প নেই।