মহানবী (সা.) মক্কা থেকে হিজরত করে দেখেন, মদিনায় বসবাসরত মুসলমান, ইহুদি, খ্রিষ্টান, পৌত্তলিক প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে সদ্ভাব ছিল না। দেশে বিরাজমান সহিংসতা, কলহ-বিবাদ, যুদ্ধ-বিগ্রহপূর্ণ অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি একটি ইসলামি সাধারণতন্ত্র প্রতিষ্ঠার সংকল্পবদ্ধ হয়ে অনুভব করেন যে মদিনায় শান্তিশৃঙ্খলা ও ঐক্য-সমপ্রীতি স্থাপন করা প্রয়োজন। জাতি-ধর্ম-বর্ণ-দল-মতনির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য না থাকলে দেশের কল্যাণ হয় না। তিনি বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সংলাপে আহ্বান করে শান্তিপূর্ণ সমঝোতার বৈঠকে বসে তাঁদের জাতীয় ঐক্য ও সামপ্র্রদায়িক সম্প্রীতির আবশ্যকতা বুঝিয়ে একটি সনদ প্রস্তুত করেন। ইসলামের ইতিহাসে এটি ‘মদিনা সনদ’ নামে সুপরিচিত। মদিনায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সবাই এ সনদ মেনে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন। নবী করিম (সা.) সেখানে আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামি রাষ্ট্রের নিরাপত্তা, নাগরিকদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখাসহ নানা দিক বিবেচনা করে যে সনদ প্রণয়ন করেন, এতে মদিনায় বসবাসরত সব ধর্মাবলম্বীর স্বাধীনতা ও মানবাধিকারের যথোপযুক্ত স্বীকৃতি ছিল। মদিনা সনদের প্রধান ধারা বা শর্তাবলি হচ্ছে: ১. মদিনার সব সম্প্রদায় একই জাতি বলে বিবেচিত হবে এবং তারা অন্যান্য জনগোষ্ঠী থেকে স্বতন্ত্র থাকবে। সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। ২. হজরত মুহাম্মদ (সা.) সাধারণতন্ত্রের সভাপতি এবং পদাধিকারবলে সর্বোচ্চ বিচারালয়ের সর্বময় কর্তা হবেন। ৩. সবার পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে। কেউ কারও ধর্মে হস্তক্ষেপ করবে না। ৪. মদিনা নগর পবিত্র বলে গণ্য হবে এবং রক্তপাত, হত্যা একেবারেই নিষিদ্ধ করা হয়। ৫. স্বাক্ষরকারী সম্প্রদায় মদিনা শহরের মর্যাদা রক্ষা করবে। দেশ সহসা আক্রান্ত হলে সবাই একত্র হয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে এবং যখন তাদের সন্ধি করতে বলা হবে তখন তারা যুদ্ধ বন্ধ করে শান্তিচুক্তি মেনে চলবে। ৬. মদিনার জাতীয় স্বার্থের পরিপন্থী ষড়যন্ত্রে কোনো সম্প্রদায় লিপ্ত হতে পারবে না। ৭. কেউ কুরাইশদের সঙ্গে কোনো সন্ধি স্থাপন করতে পারবে না। মদিনাবাসীর বিরুদ্ধে কুরাইশদের কেউ সাহায্য করতে পারবে না। ৮. স্বাক্ষরকারী সম্প্রদায়গুলোর কোনো ব্যক্তি দোষ করলে তা ব্যক্তিগত দোষ হিসেবে গণ্য হবে। ৯. আশ্রয়প্রাপ্ত প্রতিবেশী কোনো প্রকার বিশ্বাসঘাতকতামূলক কাজে লিপ্ত না থাকলে আপনজন বলে বিবেচিত হবে। ১০. ইহুদি মিত্ররাও সমান নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ করবে। ১১. দুর্বল ও অসহায়দের সর্বোত্তমভাবে সাহায্য করবে। ১২. অপরাধীদের রীতিমতো ন্যায়বিচার ও শাস্তি হবে। সব ধরনের পাপাচার, অন্যায়কারী ও দুর্নীতিপরায়ণদের ঘৃণার চোখে দেখতে হবে। ১৩. সম্প্রদায়ের মধ্যে কোনো প্রকার ঝগড়া-বিবাদ হলে রাসুলুল্লাহ (সা.)-এর সম্মুখে উপস্থিত হতে হবে এবং তিনি আল্লাহর বিধান অনুযায়ী এর মীমাংসা করবেন। দ্বিধাবিভক্ত ও আত্মকলহে লিপ্ত সমপ্রদায়ের মধ্যে সামাজিক শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই রাসুলুল্লাহ (সা.) মদিনা সনদ প্রণয়ন করেন। তিনি মদিনায় বসবাসকারী জনগোষ্ঠীকে যে সনদ বা লিখিত সংবিধান দিয়েছিলেন, তার নজির জগতে খুঁজে পাওয়া দুষ্কর। মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত শাসনতন্ত্র। আইনকানুন ও শাসনপ্রণালি সর্বপ্রথম হজরত মুহাম্মদ (সা.) জনগণের কল্যাণার্থে প্রতিষ্ঠা করেন। মদিনা সনদে যে জাতির শুভসূচনা হয়েছে, তা ধর্মের পার্থক্য অতিক্রম করে সমপ্র্রদায়ের উঁচু দেয়াল ডিঙিয়ে, ভৌগোলিক সীমারেখা ছাড়িয়ে, রীতিনীতি, সংস্কৃৃতি-ঐতিহ্যের সব বাধা-বন্ধনকে জয় করে বিশ্বময় উম্মাহর পথ প্রশস্ত করেছে। সনদ ঘোষণার পর বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা একই জাতি হিসেবে পরিচিতি লাভ করে। ফলে যৌথ শক্তি সৃষ্টি হয় ও গোত্রপ্রথার বিলোপ সাধন করে। ইসলামি ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে নবী করিম (সা.)-এর ওপর সমাজ ও ধর্মীয় অনুশাসন পরিচালনার দায়িত্ব অর্পিত হয়। মদিনা সনদে সব সম্প্রদায় স্বাক্ষর করলেও পরে কোনো সম্প্রদায় বিশ্বাসঘাতকতা করার জন্য নবী করিম (সা.) তাদের মদিনা থেকে বিতাড়িত করেন। বহিঃশত্রুর আক্রমণ থেকে মদিনাকে রক্ষা করা জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে প্রতিটি বসবাসকারী ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য। কেউ এ নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ করে ষড়যন্ত্র করলে তাকে শত্রু হিসেবে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা করা হবে মর্মে যে ধারা মদিনার সনদে ছিল, তা যথাযথ প্রয়োগ করা হবে। মহানবী (সা.) মাত্র ১০ বছর মদিনার জীবনে সনদের ভিত্তিতে যে সমাজ ও নীতি-আদর্শের ভিত রচনা করেছিলেন, তা শতধাবিভক্ত আরব জাতিকে শক্তিশালী ইমারতের ন্যায় একক সত্তায় পরিণত করেছিল এবং তাঁর ওফাতের এক শতকের মধ্যে ইসলামের জীবনদর্শন সমকালীন অর্ধগোলাকার বিজয়ের পতাকা উড্ডীন করেছিল। মদিনা সনদের এ সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে বৃহত্তর সনদ স্বাক্ষরের সম্ভাবনার পথকে সুগম করে। এমনিভাবে মদিনা সনদের মাধ্যমে আন্তর্জাতিকতাবাদের সূচনা হয়। তাই বলা হয় যে বর্তমান জাতিসংঘ প্রতিষ্ঠার ধারণা মদিনার সম্প্রদায়সমূহের মধ্যকার ঘোষিত সনদের মধ্যে নিহিত।কোনো প্রকার সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে জনগণের ধ্বংস ডেকে আনতে না পারে, তার প্রতিবিধানের সূত্র বিশ্বনবী (সা.) প্রদত্ত মদিনা সনদে লিপিবদ্ধ আছে। মদিনা সনদ মানুষের মৌলিক অধিকারের পরিপূর্ণ নিশ্চয়তা বিধান করেছে। বর্তমান বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন তৎপরতা চলছে। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সনদ ঘোষণা করেছে, যাতে মানুষ তার পূর্ণ মৌলিক অধিকার নিয়ে বাঁচতে পারে। অথচ ৬২২ খ্রিষ্টাব্দে ঘোষিত মদিনা সনদের শর্তাবলি যথাযথভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে মানবাধিকারের রক্ষাকবচ মদিনা সনদের মাধ্যমে মানুষ তার ন্যায্য অধিকার ঠিকমতো পেয়েছে। তাই মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মদিনা সনদে যে আদর্শ নীতিমালা গৃহীত হয়েছে, তা সব সময়ই অনুসরণযোগ্য।ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক।[email protected]