মধুপুরে কফি চাষে সফলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

কফি বাংলাদেশে অপ্রচলিত ফসল। নব্বই দশকে পার্বত্য চট্টগ্রামে প্রথম কফির চাষ শুরু হয়। তিন দশক পর টাঙ্গাইল, নীলফামারী, মৌলভীবাজারেও কফি চাষ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কফিকে সম্ভাবনাময় অর্থকরী ফসল বলে চিহ্নিত করেছে। কফি চাষ বাড়াতে প্রকল্পও নেওয়া হয়েছে। কিন্তু এর চাষ এখনো সনাতন পদ্ধতি এবং অনেকটাই ব্যক্তি উদ্যোগে আটকে আছে।

টাঙ্গাইলের মধুপুরের ছানোয়ার হোসেন ব্যক্তিগত উদ্যোগে কফি চাষে সফলতা দেখিয়েছেন। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, একটি রেস্তোরাঁয় কফি পান করতে গিয়ে কফি চাষের চিন্তা মাথায় আসে ছানোয়ারের। বান্দরবান থেকে চারা সংগ্রহ করে মধুপুরের মহিষমারা গ্রামে নিজ বাড়ির পাশে তিনি ৪০০ কফির চারা লাগান। দুই বছর পর ২০১৯ সালে কিছু গাছে দু-একটি ফল আসে। এতে উৎসাহ বেড়ে যায় তাঁর। মনোযোগ দিয়ে পরিচর্যা শুরু করেন। পরের বছর ফলে ফলে ভরে যায় প্রতিটি গাছ। প্রতিটি গাছ থেকে গড়ে দুই কেজি কফি ফল পান। ফল শুকিয়ে প্রক্রিয়াজাতকরণের পর প্রায় ৮৫ কেজি কফি পাওয়া যায়। তা বিক্রি করে ৮০ হাজার টাকা পান। এবারও প্রচুর ফল এসেছে প্রতিটি গাছে।

ছানোয়ারের সাফল্যে উৎসাহিত হয়ে আশপাশের আরও কয়েকজন কফি চাষ শুরু করেছেন। এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মধুপুর ও ধনবাড়ী উপজেলায় চাষিদের মধ্যে বীজ সরবরাহ করে এ বছর কফি বাগান সৃজন শুরু করেছে। কফি অন্যান্য বনজ উদ্ভিদের সঙ্গে একসঙ্গে বেড়ে উঠতে পারে। সঠিক সময়ে সেচ ও পরিচর্যা করা হলে উৎপাদন অনেক গুণ বাড়ে।

অপ্রচলিত হলেও কফি সম্ভাবনাময় অর্থকরী ফসল। ব্যাপকভাবে কফির বাণিজ্যিক চাষ সম্ভব হলে বাংলাদেশের জন্য সেটা রপ্তানি আয়ের বড় উৎস হতে পারে। কিন্তু কফি চাষ পদ্ধতি নিয়ে এখনো কৃষকদের মধ্যে তেমন কোনো ধারণা নেই। সনাতন পদ্ধতিতে চাষ হলে বাণিজ্যিক সফলতা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আধুনিক পদ্ধতিতে কফি চাষের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের আবহাওয়ার উপযোগী টেকসই জাত উদ্ভাবনও এ ক্ষেত্রে জরুরি।

কফির প্রক্রিয়াজাতকরণের সফলতার ওপরই এর বাণিজ্যিক সফলতা নির্ভর করে। এ ক্ষেত্রে কম খরচে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কৃষকদের দিতে হবে। শুধু উৎপাদন হলেই হবে না, কফির বাজারজাতকরণেরও সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। কফির চাষ উপযোগী জমি নির্বাচন, লাগসই বীজ উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির চাষাবাদের প্রশিক্ষণ, প্রক্রিয়াজাতকরণে প্রযুক্তির ব্যবহার ও বাজারজাতকরণ—সব ক্ষেত্রেই কার্যকর পরিকল্পনা প্রয়োজন।