ছোটবেলায়, সেই ১৯৫০ ও ১৯৬০-এর দশকে স্কুলের বইতে পড়তাম, ইউরোপ এক পুষ্প বিছানো কিংবদন্তির দেশ। প্রথম বিশ্বযুদ্ধে ওসমানিয়া সাম্রাজ্য চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এই সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর নতুন এক রাষ্ট্র নির্মাণ করেন মুস্তাফা কামাল আতাতুর্ক। পশ্চিমা গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করলেও তিনি নিজস্ব সেনাদল ব্যবহার করে যে সামাজিক-সাংস্কৃতিক আধুনিকায়ন ঘটান, তা কিন্তু পাশ্চাত্যবিমুখ ছিল না, বরং ছিল পাশ্চাত্যপন্থী। তাঁর এই সংস্কার তুরস্কের নতুন এলিটদের শক্তিশালী করেছিল। একে জায়েজ করার জন্যই পাশ্চাত্যবাদী-ইউরোপীয় স্বপ্নকে আলিঙ্গন, এমনকি অনুকরণ করতে বলা হয় আমাদের।শৈশবের পাঠ্যপুস্তকগুলো আমাদের শেখাত—ধর্ম আর রাষ্ট্রের মধ্যে কেন একটি পার্থক্যরেখা থাকা উচিত, কেন দরবেশদের আস্তানাগুলো বন্ধ করে দেওয়া দরকার, অথবা কেন আরবি হরফ ছেড়ে আমাদের ল্যাটিন হরফ নেওয়া দরকার। ইউরোপের শ্রেষ্ঠত্ব আর সফলতার গোপন রহস্য জানানোর ব্যাকুলতায় ভরপুর ছিল বইগুলো। মাধ্যমিকের শিক্ষক হয়তো পরীক্ষায় প্রশ্ন করতেন, ‘ইউরোপীয় রেনেসাঁর উদ্দেশ্য ও পরিণতি আলোচনা করো।’ হয়তো আমার কোনো আনাড়ি সহপাঠী প্রশ্ন করে বসত, ‘আমরাও যদি আরবের মতো প্রচুর তেলের ওপর বসে থাকতাম, তাহলে কি ইউরোপীয়দের মতো আধুনিক আর ধনী হয়ে উঠতাম?’ বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরে সহপাঠীদের হতাশায় অস্থির হয়ে উঠতে দেখতাম, ‘আমাদের কেন কোনো এনলাইটেনমেন্ট নেই?’চতুর্দশ শতকের আরব দার্শনিক ইবনে খালদুন বলেছিলেন, পতনশীল সভ্যতা বিজয়ীর অনুকরণ করে যায়। কিন্তু তুরস্ক কখনোই কোনো বিশ্বশক্তির অধীন না হওয়ায় ‘ইউরোপের বন্দনা’ অথবা ‘পাশ্চাত্যের নকলনবিশি’র ব্যাপারটাকে ফ্রানজ ফানো, ভি এস নাইপল অথবা এডওয়ার্ড সাঈদের মতো করে অপমানকর বা নিন্দনীয় বলে দেখা হয়নি। ইউরোপের প্রতি টানকে এখানে দেখা হয়েছে ঐতিহাসিক তাড়না বা মানিয়ে নেওয়ার প্রায়োগিক প্রয়োজন হিসেবে।গোলাপি ইউরোপের স্বপ্ন একসময় তুমুল শক্তিশালী হয়ে উঠেছিল যে বেশির ভাগ পাশ্চাত্যবিরোধী চিন্তক ও রাজনীতিবিদই গোপনে তা লালন করতেন। কিন্তু সেই সব দিন আর নেই, সেই স্বপ্নও রংজ্বলা হয়ে গেছে। হয়তো তুরস্ক আর আগের মতো গরিব নেই বলে। অথবা দেশটি আর আগের মতো সেনাশাসনের অধীন কৃষকদের দেশ নেই বলে। তুরস্ক শক্তিশালী নাগরিক সমাজসমেত গতিশীল এক দেশ। হালে তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যোগাযোগও অনেক কমে গেছে, সমঝোতার সম্ভাবনাও সুদূরপরাহত। নিকট ভবিষ্যতে তুরস্কের ইউরোপীয় ইউনিয়নভুক্ত হওয়ার বাস্তব কোনো আশা ইউরোপ বা তুরস্কের কেউ করে বলে মনে হয় না। সেই আশা যে উবে গেছে, তা স্বীকার করা মানে ইউরোপের সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে পড়তে দেখা। তাই এই সত্য উচ্চারণের মানসিকতাও কারও নেই।তুরস্ক এবং অন্যান্য অ-ইউরোপীয় দেশে সফর করে আর কথা বলে আমি জেনেছি, ইউরোপের প্রতি তাদের অনেকেরই মোহভঙ্গ হয়েছে। তুরস্ক ও ইউরোপের সম্পর্কের মধ্যে ফাটল ধরার অন্যতম প্রধান কারণ হলো সেনাবাহিনীর একাংশ, প্রভাবশালী মিডিয়া গোষ্ঠী এবং জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ। তারা জোটবদ্ধভাবে ইউরোপের সঙ্গে সংলাপে সফল অন্তর্ঘাত চালাতে পেরেছে। তারাই আমিসহ অনেক লেখককে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, অনেককে গুলি করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল মিশনারি ও খ্রিষ্টান পুরোহিতদের। এখানে একই সঙ্গে এমন এক মনঃকষ্টের ব্যাপার জড়িত, যার আদর্শ উদাহরণ হলো ফ্রান্স। গত শতাব্দীজুড়ে তুর্কি এলিটদের একের পর এক প্রজন্ম বিশ্বস্ততার সঙ্গে ফ্রান্সকে তাদের আদর্শ হিসেবে গ্রহণ করে। সেক্যুলারিজম নিয়ে ফ্রান্সের বোঝাপড়া, শিক্ষা ও শিল্প-সাহিত্যে ফরাসিদের অগ্রগতি তাদের অনুপ্রাণিত করেছিল। কিন্তু গত পাঁচ বছরে দেখা গেল, তুরস্কের ইউরোপীয় ইউনিয়নভুক্ত হওয়ার সবচেয়ে কঠিন বিরোধিতা করছে সেই ফ্রান্সই। তুরস্কের অনেকেই এতে মনে আঘাত পেল এবং তাদের মোহমুক্তি ঘটল। তা ছাড়া ইরাক যুদ্ধে ইউরোপের যোগ দেওয়ার ঘটনাও পাশ্চাত্যের বাইরের অনেক দেশকে তো বটেই, তুরস্ককেও রীতিমতো চটিয়ে দিল। বিশ্ব দেখল, ইউরোপ কেবল বুশের চাতুরীতে অবৈধ ও নিষ্ঠুর যুদ্ধে জড়ালই না, সেই চাতুরীতে পটে যাওয়ার জন্য অধীর হয়ে বসে ছিল।ইস্তাম্বুল বা আরও দূরের থেকে ইউরোপের দিকে তাকালে প্রথমেই চোখে পড়ে অভ্যন্তরীণ সমস্যা নিয়ে তার দ্বিধাদ্বন্দ্ব। এখন এটা পরিষ্কার যে ভিন্ন ধর্মের, ভিন্ন রঙের ও ভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের মানুষের সঙ্গে একসঙ্গে বসবাস করার ব্যাপারে ইউরোপের অধিবাসীরা মার্কিনদের চেয়ে অনেক গুণ বেশি অনভিজ্ঞ। এ ধরনের সহাবস্থানের কোনো আগ্রহও তাদের নেই। তাদের এই সংকীর্ণতার কারণেই ইউরোপের ঘরের সমস্যাগুলো সমাধানের অতীত অবস্থায় চলে যাচ্ছে। ভিন্ন জাতির অভিবাসীদের সঙ্গে একাত্ম হওয়া এবং বহু সংস্কৃতির সহবাসের বিষয়ে সাম্প্রতিক জার্মান বিতর্কের মধ্যেও এটা চোখে পড়ে।ঔপন্যাসিক ফ্লবেয়ারের ভাষায় বললে ইউরোপ হয়তো নিজের বুর্জোয়া চরিত্র রক্ষার সংগ্রামে কিছুটা নমনীয় হবে অর্থনৈতিক সংকট গভীর ও বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে। কিন্তু তাতে সমস্যার সমাধান হওয়ার নয়। প্রতিটা নতুন বছরে ইস্তাম্বুল আরও বেশি কসমোপলিটান ও জটিল হয়ে উঠছে এবং এশিয়া ও আফ্রিকার অভিবাসীরাও এখন এর আকর্ষণে ছুটে আসছে। ওই ইস্তাম্বুলের দিকে তাকিয়ে এই উপসংহারে পৌঁছাতে আমার সমস্যা হয়নি যে এশিয়া ও আফ্রিকার গরিব, বেকার ও বিপন্ন মানুষ এখন বসবাস ও কাজের জন্য নতুন এলাকার খোঁজে মরিয়া। তাদের আর খুব বেশি দিন ঠেকিয়ে রাখতে পারবে না ইউরোপ। উঁচু উঁচু দেয়াল, দুর্লভ ভিসা আর সমুদ্রসীমান্তে জাহাজযাত্রীদের ওপর আরও বেশি নজরদারি কেবল চূড়ান্ত হিসাব-নিকাশের দিনকে পিছিয়ে দেবে, ঠেকিয়ে রাখতে পারবে না। একদিন যেসব ধারণার ভিত্তিতে ইউরোপ ইউরোপ হয়েছিল, অভিবাসন পুলিশ আর জাতের বড়াই সেই সব বুনিয়াদি ধারণাকেই ধ্বংস করে দিচ্ছে। সবচেয়ে খারাপ হলো এটাই।আমার শৈশবের তুরস্কের পাঠ্যপুস্তকগুলোতে গণতন্ত্র বা নারীর অধিকার নিয়ে কোনো কথা থাকত না। সেগুলো আমরা পেতাম ফ্রান্স থেকে আসা ‘গোলোসে’ সিগারেটের প্যাকেটে। ফরাসি বুদ্ধিজীবী আর শিল্পীরা এই সিগারেট ভালোবাসতেন (অথবা আমরা সেটাই ভাবতে ভালোবাসতাম)। এর প্যাকেটের গায়ে লেখা থাকত ফরাসি বিপ্লবের মন্ত্র: ‘স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব’। সবখানেই এটা পাওয়া যেত। প্রতিরোধ ও সংহতির চেতনায় বিশ্বাসী বামপন্থী আন্দোলনে বারবার উচ্চারিত হতো এই ভ্রাতৃত্ববোধের কথা। কিন্তু ইউরোপের কোনাকাঞ্চিতে বসবাস করা অভিবাসী ও সংখ্যালঘুদের দুঃখ-কষ্ট কিংবা এশীয়, আফ্রিকীয় ও মুসলিমদের নিষ্পেষিত জীবনের খবর তারা রাখত না। এমনকি এদের দুরবস্থার জন্য এদেরই দায়ী করা হতো। এদের প্রতি ‘ভ্রাতৃত্বের’ অনুভূতি ইউরোপের মনে জাগেনি।ইউরোপের উদ্বেগ ও আতঙ্ক আমরা বুঝতে পারি। তাদের বিরাট সাংস্কৃতিক ঐতিহ্য তারা রক্ষা করতে চাইবে। অ-ইউরোপীয় দেশগুলো থেকে আহরণ করা সম্পদ ও মুনাফার প্রতি তাদের লালসা এবং অনেক শতাব্দীর শ্রেণীসংঘাত, উপনিবেশবাদ ও গৃহযুদ্ধের মাধ্যমে অর্জিত সুবিধাগুলো তারা ছাড়বে না। কিন্তু নিজেকে বাঁচাতে চাইলে ইউরোপের তাকাতে হবে তার নিজের ভেতরে। মেটাতে হবে তার ঘরের সমস্যাগুলো। অথবা তার কি উচিত নয় সেই সব মূল্যবোধের কথা মনে করা, যা তাকে একসময় বিশ্বের বুদ্ধিজীবীদের মনোজগতের ভরকেন্দ্র করে তুলেছিল? দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, ইংরেজি থেকে অনুবাদ ফারুক ওয়াসিফঅরহান পামুক: নোবেল বিজয়ী তুর্কি সাহিত্যিক। মাই নেম ইজ রেডসহ একগুচ্ছ উপন্যাসের জনক।