কোনো সরকারের যখন জনপ্রিয়তা কমতে থাকে, তখন মিডিয়ার ওপর তাদের রাগ বাড়ে। বাংলাদেশে এই চিত্র নতুন নয়। অতীতে বিভিন্ন সরকারের আমলে এমনটি ঘটেছে। সরকারের একটা ভুল ধারণা হয় এ রকম, তারা ঠিক কাজটি করছে অথচ মিডিয়া শুধু শুধু সমালোচনা করছে। সরকার বা ক্ষমতাসীন দলের নেতারা একটা কথা কিছুতেই বুঝতে পারেন না, মিডিয়ার সাধ্য নেই শুধু শুধু সমালোচনা করার। কোনো খারাপ ঘটনা ঘটলেই শুধু মিডিয়া সমালোচনা করতে পারে। কোনো মিডিয়া যদি উল্টো সুরে গান গায়, তাহলে সেই মিডিয়া কখনো পাঠক বা দর্শকের আনুকূল্য পাবে না। যেমন, সরকার পরিচালিত ‘বিটিভি’। কয়েক দিন ধরে প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও সরকারি দলের কয়েকজন নেতার মুখে মিডিয়ার নানা সমালোচনা শোনা যাচ্ছে। ইতিমধ্যে এগুলোর লাগসই জবাবও দেওয়া হয়েছে। আমাদের মিডিয়ার অনেক দুর্বলতা রয়েছে। মাঝেমধ্যে আমরা তা আলোচনা করার চেষ্টা করি। কিন্তু সাংবাদিকেরা এসব আলোচনায় যোগ দেন না বলে আমাদের আলোচনা কোনো পরিণতি পায় না। একতরফা আলোচনা হয়। তাতে কোনো ফল পাওয়া যায় না। তাই মিডিয়ার দুর্বলতার কোনো সুরাহা হয় না। নবীন সাংবাদিকেরা দিকভ্রষ্ট হন।প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী বা অন্য নেতারা যদি মিডিয়ার এসব দুর্বলতা নিয়ে কথা বলতেন, তাহলে মিডিয়ার বড় উপকার হতো। কিন্তু তাঁরা তা করেননি। প্রধানমন্ত্রী নাখোশ হয়েছেন মধ্যরাতের টক শোর ওপর। কারণ, এসব টক শোয় সরকারের সমালোচনা হয়। সমালোচনা করার মতো বিষয় থাকে বলেই আলোচকেরা সমালোচনা করার সুযোগ পান। কোনো কারণ ও তথ্য ছাড়া কেউ সমালোচনা করলে তাঁর বক্তব্য কোনো দর্শকই শুনতে চাইতেন না। তখন সবাই বিটিভির টক শো দেখতেন। বেসরকারি চ্যানেলের টক শোগুলো খুবই বক্তব্যধর্মী, গঠনমূলক, তথ্যসমৃদ্ধ ও সুখশ্রাব্য। মাঝেমধ্যে এর ব্যতিক্রম হয়ে যায়। তবে সংখ্যায় তা খুব কম। কোনো কোনো ক্ষুব্ধ আলোচকের ভাষা টিভি মিডিয়ার উপযোগী হয় না। ক্রোধ থেকে কেউ কেউ ভাষার সংযম হারিয়ে ফেলেন। তবে তা কদাচিৎ। বেশির ভাগ সময় টিভির টক শোগুলো দর্শকেরা খুব উপভোগ করেন। সরকারকে বুঝতে হবে, দর্শকেরা উপভোগ না করলে টক শো বহু আগেই বন্ধ হয়ে যেত। কোনো চ্যানেল দর্শকহীন অনুষ্ঠান প্রচার করে না।প্রধানমন্ত্রী শুধু সমালোচনার দিকটাই দেখলেন? বেশ কয়েকজন আলোচক সরকারের নানা পদক্ষেপকে সমর্থন করে চমৎকার আলোচনা করেন। তবে সংখ্যায় তাঁরা কম। টিভি সূত্রে জানতে পেরেছি, আজকাল নাকি সরকারকে সমর্থন করে কথা বলার মতো নেতা ও আলোচক পাওয়া যায় না, এটা খুব দুঃখজনক। আওয়ামী লীগ এত বড় দল। তার এত বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, শিল্পী, সংগঠন রয়েছে। তাঁদের টিভির আলোচনায় তেমন দেখা যায় না কেন? প্রধানমন্ত্রী টিভি চ্যানেলের সমালোচনা না করে তাঁর অনুগ্রহভোগীদের সমালোচনা করলে ভালো করতেন। কেন তাঁরা আজ টিভিতে আসতে চান না?বেসরকারি টিভি চ্যানেলের টক শোগুলোর মান আরও উন্নত করার সুযোগ রয়েছে। আশা করি, চ্যানেল কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে। টক শোকে আরও সমৃদ্ধ করতে হবে। কারণ, মধ্যরাতের টক শো আমাদের গণতন্ত্রেরই কণ্ঠস্বর। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সম্প্রতি এক বৈঠক করেছেন। সেই বৈঠকে এক সম্পাদক বলেছেন, অন্য জায়গা থেকে ফোন করে টক শো নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এর উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘ফোনের নির্দেশ শোনেন কেন? লিখিতভাবে কেউ কি বলেছে?’ (সূত্র: প্রথম আলো, ১৮ অক্টোবর)বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। দেশে রয়েছে নির্বাচিত সরকার। গণমাধ্যমকে কোনো পরামর্শ দিতে হলে তথ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হবে, সেটাই স্বাভাবিক। সেখানে অন্য কোনো স্থান থেকে টিভি চ্যানেলে ফোনে নির্দেশ কে দিচ্ছে? এই সাহস কার? আমরা মনে করি, এ রকম কোনো ফোন বা নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও দেওয়া উচিত নয়। প্রধানমন্ত্রীর কার্যালয় তা তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দেবে, এটাই গণতান্ত্রিক নিয়ম। কিন্তু এর বাইরে আর কোনো অফিস থেকে সংবাদপত্রে বা টিভি চ্যানেলে ফোন আসে, তা অনুসন্ধান করার জন্য আমরা তথ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। তার আগে তথ্য মন্ত্রণালয় থেকে যেন সব গণমাধ্যমে জানানো হয়, তথ্য মন্ত্রণালয় ছাড়া আর কোনো দপ্তরের ফোন, পরামর্শ বা নির্দেশ গণমাধ্যম কর্তৃপক্ষ যেন বিবেচনা না করে। তথ্য মন্ত্রণালয় থেকেও কে ফোন করবেন বা কার সইয়ে চিঠি আসবে, তা-ও স্পষ্ট করা দরকার। তথ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র থাকলে ভালো হয়। ‘প্রধান তথ্য কর্মকর্তা’ (পিআইও) সেই মুখপাত্র হতে পারেন। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তথ্য মন্ত্রণালয়।তথ্যমন্ত্রী একই বৈঠকে আরও একটি কথা বলেছেন, যা বাস্তবসম্মত নয়। তিনি বলেছেন, ‘ফোনের নির্দেশ শোনেন কেন? লিখিতভাবে কেউ কি বলেছে?’ (সূত্র: ওই) তথ্যমন্ত্রীর জানা উচিত, সরকারের বহু অনুরোধ, পরামর্শ বা নির্দেশ ফোনে দেওয়া হয়। বেশির ভাগ ক্ষেত্রে লিখিতভাবে দেওয়া হয় না। সম্প্রতি বেসরকারি গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান কভার করতে মানা করা হয়েছে, তা কি প্রধানমন্ত্রীর অফিস লিখিতভাবে জানিয়েছে? না, জানায়নি। প্রয়োজনও হয়নি। কাজেই, তথ্যমন্ত্রী যদি বলতে চান যে লিখিতভাবে না জানালে তা পালন করার প্রয়োজন নেই, তাহলে সেই নির্দেশটুকু অন্তত তথ্য মন্ত্রণালয় লিখিতভাবে জানালে ভালো হয়। তথ্যমন্ত্রী এই নির্দেশ জানালে গণমাধ্যম কর্তৃপক্ষ তাঁকে সাধুবাদ জানাবে, সন্দেহ নেই।তথ্যমন্ত্রী একই সভায় জাতীয় সম্প্রচার নীতিমালা প্রসঙ্গে বলেছেন, গণমাধ্যম থেকে প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করা হবে এবং এই কমিটি খসড়া তৈরি করবে।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের সম্প্রচার নীতিমালার আদলে এখানেও নীতিমালা করার পক্ষে মত দিয়েছেন।’ (সূত্র: ওই)যে সরকার (তথ্য মন্ত্রণালয়) তাদের চার বছরেও সম্প্রচার নীতিমালার গ্রহণযোগ্য একটি খসড়া তৈরি করতে পারেনি, তারা বাকি এক বছরে তা পারবে, বিশ্বাস হয় না। যুক্তরাজ্যের সম্প্রচার নীতিমালার আলোকে বাংলাদেশে নীতিমালা করা সম্ভব কি না, সে ব্যাপারে আমাদের সন্দেহ রয়েছে। কারণ, আমাদের দেশে ‘রাষ্ট্র পরিচালিত’ আর ‘সরকার পরিচালিত’—এ দুই কর্তৃপক্ষের মধ্যে যে তফাত রয়েছে, তা রাজনৈতিক সরকারগুলো বুঝতে চায় না। ‘বিবিসি’ ও ‘বিটিভি’র অনুষ্ঠান বা খবর দেখলে তা যে কেউ অনুভব করতে পারবেন। ‘স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান’ বলতে ঠিক কী বোঝায়, তা-ও আমাদের রাজনৈতিক সরকারগুলো ঠিক বুঝতে পারে না বা বুঝতে চায় না। আমরা মনে করি, কোনো বিষয়ে ‘জাতীয় নীতিমালা’ করার জন্য সরকারের প্রথম বছরটিই উপযুক্ত সময়। অন্তত প্রথম বছরে কাজটির সূচনা হওয়া উচিত। যেমনটি হয়েছিল ‘শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে। সরকারের চতুর্থ বছরে যদি কমিটি গঠন প্রক্রিয়ার কথা ভাবা হয়, তাহলে অনেকের সন্দেহ হতেই পারে—সরকার এই নীতিমালা গঠনের জন্য আন্তরিক নয়। এ ধরনের ছলনা না করাই ভালো।১০ নভেম্বর থেকে কলকাতায় ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘কলকাতা উৎসবের’ বয়স মাত্র কয়েক বছর। অথচ এই উৎসব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিকভাবে একটা স্থান করে নিয়েছে। ঢাকায় সরকারিভাবে বেশ কয়েকবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তা বাৎসরিক রুটিনে পরিণত করা সম্ভব হয়নি। অথচ বেসরকারিভাবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মোটামুটি রুটিনে দাঁড়িয়ে গেছে। তবে বেসরকারি উদ্যোগের নানা সীমাবদ্ধতা থাকে। আগেও বহুবার বলা হয়েছে, আবার বলছি, সরকারি উদ্যোগে বাংলাদেশে একটি ‘নিয়মিত’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করার উদ্যোগ নেওয়া হোক। সরকার চাইলেই তা পারে। তথ্য মন্ত্রণালয় এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে অভিজ্ঞতা অর্জনের জন্য একটা প্রতিনিধিদল পাঠাতে পারে। এফডিসি ও বাংলাদেশ চলচ্চিত্র সংসদ ফেডারেশনের ওপর এ আয়োজনের ভার দেওয়া যেতে পারে। তথ্য মন্ত্রণালয়ে এ জন্য একটি স্থায়ী সেল থাকতে পারে। নতুন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যদি কাজটির সূচনা করে যেতে পারেন, তা হলে চলচ্চিত্র অনুরাগীরা তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবেন। মুহাম্মদ জাহাঙ্গীর: উন্নয়ন ও মিডিয়াকর্মী।