বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমান্ত। সীমান্তে উঁচু পাহাড়ের যে কী উপযোগিতা, তা বাংলাদেশের মানুষ ছাড়া অন্য কোনো দেশের মানুষ বুঝবে না। আমাদের সমগ্র সীমান্তরেখা জুড়ে যদি থাকত উঁচু পাহাড়, কী যে মজা হতো! প্রতিদিন আমাদের পাতে থাকত গরুর গোশতের তৈরি নানা পদ। কাবাবই নানা রকম। শিক কাবাব, হাঁড়ি কাবাব, বঁটি কাবাব, শাহি কাবাব, মোগলাই কাবাব, জালি কাবাব প্রভৃতি। কলিজার নানা রেসিপি। যেমন কলিজা কারি, ভাজা কলিজা। মগজ ভুনাও হয়, মগজের কাবাবও হয়। তা ছাড়া সবচেয়ে বেশি প্রচলিত যা, তা হলো মাংসের রেজালা, ভুনা চাপ, মাংসের কাটা মসলার কালিয়া প্রভৃতি। পায়ার নেহারির স্বাদ গ্রহণ করেননি এমন মধ্যবিত্ত বাঙালি মুসলমান আছেন কি না সন্দেহ। এ কালের আধুনিক রেস্তোরাঁয় যোগ হয়েছে নতুন আইটেম। গ্রিলড বিফ বার্গার স্টেক, বিফ স্টু প্রভৃতি। এক অতি-বুদ্ধিমান প্রকাশকের পীড়াপীড়িতে কাজী নজরুল ইসলাম মক্তবের শিশুদের জন্য এক বই লিখেছিলেন। তাতে ‘গোরু’ শীর্ষক রচনায় তিনি লিখেছিলেন, ‘গৃহপালিত জন্তুর মধ্যে গোরুর দ্বারা আমরা সর্বাপেক্ষা বেশি উপকার পাইয়া থাকি।’ নজরুল সবকিছুর শুধু ভালোটুকু দেখতে পেতেন। গরু শুধু গোশত দেয় না, গুঁতাও দেয়। লাথিও দেয়। তবে গরুর থেকে মানবসভ্যতা যা পেয়েছে, তার তুলনায় তার লাথি-গুঁতা কিছুই না। গরুর সব অঙ্গ-প্রত্যঙ্গের উপকারিতা সম্পর্কে নজরুলের ধারণা ছিল না। বাংলাদেশের কোরবানির গরুর অণ্ডকোষ ও লিঙ্গ থাইল্যান্ড-সিঙ্গাপুরে রপ্তানি হয়। ওসব দিয়ে সেখানে অতি সুস্বাদু স্যুপ তৈরি হয়। শুরুতে যা বলেছি, যদি থাকত আমাদের গোটা সীমান্তজুড়ে উঁচু পাহাড়, খুব ভালো হতো। প্রথম আলোর সিলেট প্রতিনিধি উজ্জ্বল মেহেদী এক প্রতিবেদনে লিখেছেন, ‘ভারত থেকে গড়িয়ে পড়ছে গরু’। পাথর না, গাছের গুঁড়ি নয়—গরু। ‘প্রায় ২০০ ফুট উঁচু পাহাড়। এর ওপর থেকে ছেড়ে দেওয়া হয় গরু। এত উঁচু থেকে নামতে গিয়ে কোনোটি গড়িয়ে পড়ে, কোনোটি বা পড়ে হোঁচট খেয়ে। কোরবানির পশুর হাট ধরার প্রতিযোগিতায় সময় বাঁচাতে সিলেটের সীমান্তপথ দিয়ে ভারতীয় গরু আমদানিতে এ বছর এই কৌশল অবলম্বন করছেন ব্যবসায়ীরা।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওপার থেকে গরু আনতে গিয়ে এপারের কারবারিদের প্রায় দু-তিন দিন অপেক্ষা করতে হয়। বিকল্প পন্থায় ওপার থেকে পাহাড়ে গরু উঠিয়ে তা ছেড়ে দেওয়া হলে কয়েক ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি গরু নামানো সম্ভব হয়। গত এক সপ্তাহে পালা করে সহস্রাধিক গরু পাহাড় গড়িয়ে নামানো হয়েছে। বিজিবি কর্মকর্তা বলেন, এটা গরু কারবারিদের একান্ত নিজস্ব বিষয়। [প্রথম আলো, ১৯.১০.১২]যে দেশে স্নেহ-মায়া-মমতার অভাব, মানুষের কাছে মানুষের জীবনের মূল্য নেই, সেখানে গরুর মতো বোবা প্রাণীর দুঃখ-কষ্টের কী মূল্য আছে?মানুষ মাংসাশী প্রাণী। মাংস তার প্রয়োজন। অনাদিকাল থেকে নানা উপলক্ষে সে পশু হত্যা করে। দৈনন্দিন খাদ্যের প্রয়োজনে করে, সামাজিক-ধর্মীয় কারণেও করে। কাগজে পড়লাম, এক ধর্মীয় অনুষ্ঠানে কোথাও ২০ হাজার পাঁঠা বলির খবর। কোথাও হয় লাখ লাখ দুম্বা ও শত শত উট জবাই। উপলক্ষ ধর্মীয় হলেও উপযোগিতা একই। মাংসপ্রাপ্তি। আনুষ্ঠানিক পশু হত্যা নিয়ে বলার কিছু নেই। কিন্তু হত্যার আগে পশুকে ক্লেশ দেওয়া, তার ওপর নিষ্ঠুর আচরণ করা মনুষ্যত্বের মধ্যে পড়ে না। আমরা মানবাধিকার নিয়ে আন্দোলন করি। পশুরও শান্তিতে থাকার অধিকার আছে। পশুর অধিকার নিয়ে অনেক দিন থেকেই পশ্চিমে আন্দোলন হচ্ছে। দার্শনিকদের মধ্যে তর্ক ও গবেষণা চলছে। জার্মানির এক দর্শনের অধ্যাপকের সঙ্গে এ নিয়ে আমার কথা হয়েছিল। ব্যক্তিগত দুঃখ-কষ্ট, তার চেয়ে বেশি জাতির দুর্দশা দেখে ভেঙে পড়েছিলেন নজরুল। সেই সময় এক ভক্তের অনুরোধে লিখেছিলেন ‘বকরীদ’ কবিতা। কোরবানি বলতে তিনি যা বোঝেন তা প্রকাশ পেয়েছিল সেই পদ্যে: ইবরাহীমের কাহিনী শুনেছ? ইসমাইলের ত্যাগ?আল্লারে পাবে মনে করে কোরবানি দিয়ে গরু ছাগ?আল্লার নামে, ধর্মের নামে, মানব জাতির লাগিপুত্রেরে কোরবানি দিতে পারে, আছে কেউ হেন ত্যাগী?সেই মুসলিম থাকে যদি কেউ, তসলিম করি তারে, ঈদগাহে গিয়া তারি সার্থক হয় ডাকা আল্লারে। ঈদের আগাম শুভেচ্ছা। হূদেরাগ, ডায়াবেটিস ও পেটের গোলযোগ থেকে সবাই সুস্থ থাকুন এই কামনা করি। সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।