গত ২৮ অক্টোবর রাঙামাটি সদর উপজেলা চিকিৎসা কর্মকর্তা সুশোভন দেওয়ানকে দেখতে সস্ত্রীক তাঁর ট্রাইবাল অফিসার্স কলোনির বাসায় গিয়েছিলাম। দেখে খুবই খারাপ লাগল। এমন একজন সুস্থ-সবল মানুষ কোনো অসুখবিসুখ ছাড়াই হঠাৎ দুই হাত ও দুই পায়ে ব্যান্ডেজ, একটি চোখ নষ্ট! শরীরের এমন কোনো স্থান নেই যেখানে আঘাত করা হয়নি। কয়েক দিন আগে দেখা চঞ্চলতাও হারিয়ে গেছে! খুব কষ্টে বিছানায় উঠে বসলেন। কী বলব বুঝতে পারছিলাম না। তিনিই আগে প্রশ্ন করলেন, ‘কেমন আছো?’ বললাম, কেমন আর থাকা যায়। কারও মনে শান্তি নেই। বললেন, ‘তা তো অবশ্যই। আমি যে কীভাবে বেঁচে গেলাম, তা-ই বুঝতে পারছি না।’ ঘটনার দিনের কথা বলতে গিয়ে বললেন, ‘এতজন সশস্ত্র মানুষের হিংস্র আক্রমণ থেকে বাঁচব কোনো অবস্থাতেই চিন্তা করতে পারিনি। পরবর্তী কয়েক দিন তো আমার জ্ঞানই ছিল না।’ বলতে বলতে যেন একটু গলা ধরে এল। আমি বললাম, এখন কাকে কী বলব? তিনিও বললেন, ‘ঠিকই তো, সব কপালের দোষ! কাকে কী বলব, কার কাছে প্রতিকার চাইব?’গত ২২ সেপ্টেম্বর রাঙামাটি সরকারি কলেজে ছাত্রদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় সুশোভন দেওয়ান প্রথমে বনরূপা এলাকায় হামলার শিকার হন। তখন তাঁর হাত ভেঙে যায় এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এরপর একটি দোকানে আশ্রয় নিয়ে বেশ কিছুক্ষণ লুকিয়ে থাকেন। পরে আওয়ামী লীগের এক নেতা এসে তাঁকে বাড়িতে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি ভয়ে যেতে চাননি। পরে কোনো ভয় নেই, কিছু হবে না বলে নিজের দলের দুই কর্মীকে দিয়ে একটি মোটরসাইকেলে করে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এ সময় পুরোনো বাসস্ট্যান্ড-সংলগ্ন ট্রাকস্ট্যান্ডের কাছে পৌঁছলে রিজার্ভবাজার থেকে বনরূপার দিকে যাওয়া একদল উত্তেজিত বাঙালির সামনে পড়ে যান। তাঁদের সবার হাতে ধারালো অস্ত্র, লাঠিসোঁটা। এ সময় একজন হাত ভাঙা ব্যক্তির ওপর ১০০ থেকে ১৫০ জন সশস্ত্র ব্যক্তি হামলা করে। মৃত ভেবে কাপ্তাই হ্রদের পানিতে ফেলে দিয়ে যায়। তারপর এক মাসেরও বেশি সময় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়ে ২৬ অক্টোবর বাড়িতে ফিরে আসেন সুশোভন দেওয়ান।যখন কথা বলছিলাম তখন খেয়াল করলাম, তাঁর বড় ছেলে ফৌজদারহাট ক্যাডেট কলেজের নবম শ্রেণীর ছাত্র বারবার আমাদের কথা শোনার আর বোঝার চেষ্টা করছে। সে কারণে আমি খুব সাবধানে কথা বলছিলাম, যেন কোনো অবস্থাতে আমাদের কোনো কথায় বিদ্বেষ বা সাম্প্রদায়িক কোনো বক্তব্য ফুটে না ওঠে। ছেলের মনের দুঃখ যেন আর না বাড়ে। সুশোভন দেওয়ান বলছিলেন, ‘আমাকে যে দোকানি আশ্রয় দিয়ে প্রথম চিকিৎসা করেছিলেন, তাঁর কাছ থেকে কোনো দিন কোনো একটি জিনিস কিনেছি বলে আমার মনে পড়ে না। তার পরও ওই দোকানি আমাকে যথাসাধ্য চেষ্টা করেছিলেন চিকিৎসা দিতে। এ সময় আরও কয়েকজন লোক সেখানে উপস্থিত হন। তখন অনেকের মুঠোফোনে এমন সব সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ কথাবার্তা আসছিল, শুনলে আশ্চর্য হতে হয়। মনে হয়েছে, অনেকে হামলায় জড়িত হতে বাধ্য হয়েছিলেন।’সুশোভন দেওয়ান এমন শান্তভাবে কথাগুলো বলছিলেন, আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। তিনি আহত অবস্থায় শোনা কিছু কথা উদ্ধৃত করে বলছিলেন, ‘আমরা কি আর এই রাঙামাটি থাকতে পারব? এমন একটি সাম্প্রদায়িক পরিবেশে একজন সুস্থ মানুষের বাঁচা কি সম্ভব? আমি তো একজন চিকিৎসক হিসেবে কোনো দিন চিন্তা করিনি কে বাঙালি, কে আদিবাসী। যার যে চিকিৎসা প্রয়োজন, তাকে সেই চিকিৎসা দিয়েছি। আমি কোনো দিনই পার্বত্য চট্টগ্রামের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। পড়াশোনাও করেছি ময়মনসিংহ জেলায়। শুধু কর্মজীবন থেকে একনাগাড়ে রাঙামাটিতে অবস্থান। কোনো বাঙালির সঙ্গে আমার কোনো দিন তর্কও হয়নি। অথচ চেনা নেই, জানা নেই সেসব বাঙালি আমার ওপর আক্রমণ করলেন!’এক মাসের বেশি চিকিৎসায় সুশোভন দেওয়ানের শরীরের ক্ষত প্রায় শুকিয়ে গেছে। তিনি এখনো সাধারণ মানুষকে সুচিকিৎসা দিতে প্রস্তুত। কিন্তু সুশোভন দেওয়ানের মনের যে ক্ষত, তা কে শুকিয়ে দেবে? শুধু কি সুশোভন দেওয়ান? ঘটনার পর যে হিসাব পাওয়া গেছে, সেই হিসাবে ২২ সেপ্টেম্বরের ঘটনায় শতাধিক আদিবাসী ও ২০ থেকে ২৫ জন বাঙালি আহত হয়েছেন। আহত ব্যক্তিরা এখন সবাই সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু তাঁদের মন কি সুস্থ হয়ে উঠেছে? সবচেয়ে বড় বিষয়, বিশ্বাস-অবিশ্বাসের যে ক্ষত, সেই ক্ষত শুকানোর কোনো উদ্যোগ কি আমরা দেখছি? ঘটনার পর থেকে লক্ষ করছি, সবার আচার-ব্যবহারে অনেক পরিবর্তন হয়েছে। কেউ যেন কাউকে বিশ্বাস করতে পারছে না। লোকজনের মধ্যে যে ভয় আর শঙ্কা সৃষ্টি হয়েছে, তা দূর করতে সেনাবাহিনীর সহযোগিতায় রাঙামাটি ও কাপ্তাই উপজেলায় শান্তি সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেই উদ্যোগ খুবই প্রশংসনীয়। সেখানে পাহাড়ি-বাঙালি অনেক দর্শক খেলা উপভোগ করেছেন। কিন্তু সেই আগের মতো কি তাঁদের মধ্যে স্বতঃস্ফূর্ততা বা উদ্দীপনা ছিল?এর মধ্যে তিন সম্প্রদায়ের তিনটি বড় উৎসব—হিন্দুধর্মাবলম্বীদের দুর্গাপূজা, মুসলমানদের কোরবানির ঈদ এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত হয়ে গেছে। অনেক পাহাড়িকে বলতে শুনেছি, তাঁরা আর আগের মতো অন্য সম্প্রদায়ের এই দুই উৎসবে খোলা মনে যোগ দিতে পারেননি। প্রবারণা পূর্ণিমায় গ্রামাঞ্চল থেকে আদিবাসীরা যেভাবে উৎসাহ-উদ্দীপনায় যোগ দিতেন, এবার সে রকম দেখা যায়নি। সবার মনে কেমন যেন একটা কালো মেঘ। আগামী এক মাসের মধ্যে রাঙামাটি রাজবন বিহারে উদ্যাপিত হবে আদিবাসী বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’। সেই উৎসবের নিরাপত্তা নিয়ে চিন্তিত অনেক আদিবাসী। সাম্প্রদায়িক সহিংস ঘটনার পর মানুষের মনে যে ক্ষত সৃষ্টি হয়েছিল, তা থেকে সৃষ্ট রক্তক্ষরণের কারণে এসব প্রশ্নের জন্ম হচ্ছে। সাম্প্রদায়িক ঘটনায় মানুষের আঘাতে মানুষের শরীরে যে ক্ষত সৃষ্টি হয়েছে, তা শুকিয়ে যাবে। কিন্তু আন্তসম্প্রদায়ের মধ্যে যে ক্ষত সৃষ্টি হয়েছে, তা শুকাবে কীভাবে? সে ধরনের বাস্তব পদক্ষেপ কি সরকার বা প্রশাসন নিচ্ছে? তেমন কোনো আভাস পাওয়া যাচ্ছে না। বরং অনেকে সেই ঘটনাকে নিয়ে রাজনীতি করছে। অন্যের ঘাড়ে দোষ চাপানোর রাজনীতি ইতিমধ্যে শুরু হয়েছে। এমন রাজনীতি সাম্প্রদায়িকতা আর দলগত সংঘাতকে উসকে দেবে। আর যেকোনো সংঘাত পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িকতায় রূপ নেয়, তা তো প্রমাণিত সত্য।ঘটনার পরপরই জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটির সদস্যরা অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও ১৬ অক্টোবর প্রতিবেদন প্রকাশ করেছেন। তাঁরা বেশ কয়েকজন বাঙালি ও আদিবাসীকে শনাক্ত করেছেন। অধিকতর তদন্তের সুপারিশ করেছেন। অনেকের দ্বিমত সত্ত্বেও বেশ কিছু বাস্তবসম্মত সুপারিশ এসেছে। সেসব সুপারিশ বাস্তবায়নে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। তা না হলে শরীরের ক্ষত শুকালেও মনের ক্ষত শুকাবে না। এ ক্ষত না শুকালে তা সাম্প্রদায়িক গোষ্ঠী ছাড়া কারও জন্য মঙ্গলজনক হবে না। হরি কিশোর চাকমা: সাংবাদিক।