রোববার মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে যে রেকর্ডসংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তার সবটা স্বাভাবিক বলে মনে হয় না। ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্রের মধ্যে বাতিল হয়েছে ৭৮৬টি, যা মোট সংখ্যার ২৫ দশমিক ৬৪ শতাংশ। বাতিলের তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান, জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমিনুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ।
যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁদের মধ্যে বিরোধী দলের নেতাই বেশি। এটি নিছক কাকতাল না, এর পেছনে কোন রহস্য আছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বাড়তি সতর্কতার কারণে যদি সরকারি দলের প্রার্থীদের মনোনয়নপত্র নির্ভুল হয়ে থাকে, সে জন্য তাঁরা ধন্যবাদ পেতে পারেন। অন্যদিকে বিরোধী দলের প্রার্থীদের খামখেয়ালিপূর্ণ আচরণ যদি তাঁদের মনোনয়নপত্রের ভুলের কারণ হয়ে থাকে, তবে সমালোচনাই তাঁদের প্রাপ্য। কিন্তু বিচারের ক্ষেত্রে পক্ষপাত কাম্য হতে পারে না। আইন সবার জন্য সমগতিতে চলতে হবে।
সুপ্রিম কোর্টের সর্বশেষ রায় অনুযায়ী দুই বছরের বেশি শাস্তি হয়েছে, এমন কোনো ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ও পরে হাইকোর্টের দুই বেঞ্চের রায় এবং আপিল বিভাগের চূড়ান্ত রায় নিয়ে জনমনে বিভ্রান্তি আছে। দেখা গেছে, দণ্ডপ্রাপ্ত এবং মামলা এই পর্যায়ে রয়েছেন, এমন কারও কারও মনোনয়ন টিকে গেছে আবার অনেকের ক্ষেত্রে তা বাতিল হয়েছে। অন্য যেসব কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে, তার মধ্যে আছে ঋণখেলাপি ও বিলখেলাপি ও স্থানীয় সরকার সংস্থার পদ থেকে পদত্যাগ করলেও সেটি গৃহীত না হওয়া। ঋণখেলাপি ও বিলখেলাপিদের বিষয়ে আইন অনুযায়ী ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশন আপিলের নিষ্পত্তি ৮ ডিসেম্বরের মধ্যে করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছিলেন, ছোটখাটো ভুল থাকলে যেন মনোনয়নপত্র বাতিল করা না হয়।কিন্তু পত্রিকায় যেসব খবর এসেছে, তাতে ধারণা করা যায় যে, ছোটখাটো ভুলের কারণেও অনেকের মনোনয়নপত্র
বাতিল হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, মানিকগঞ্জের রিটার্নিং কর্মকর্তা জেলার তিনটি আসনে বিএনপির মনোনীত সাতজন প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল করেছেন দলের মহাসচিবের স্বাক্ষরের যথার্থতা নিয়ে সন্দেহ থাকায়। পটুয়াখালীতে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে প্রার্থীর সই না থাকায়। মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে দলীয় সাতজনের মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি। দলের মহাসচিব জানিয়েছেন, দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মনোনয়নপত্রে তিনিই স্বাক্ষর করেছেন। তাহলে কিসের ভিত্তিতে এই সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হলো?
মনোনয়নপত্রে সই না দেওয়া বা সামান্য ভুলত্রুটির কারণে কারও প্রার্থিতা বাতিল করা কতটুকু যৌক্তিক, তা কমিশনকে বিবেচনা করে দেখতে হবে। অভিযোগ আছে, ঋণখেলাপি ও বিলখেলাপির দায়ে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হলেও সরকারি দলের অনেক প্রার্থীর ঋণ শোধের বিষয়টি অজানা থেকে গেছে। আপিলে এসব বিষয় বিবেচনার দাবি রাখে।
আমরা আশা করব, আপিলে প্রার্থীদের বক্তব্য শুনে নির্বাচন কমিশন ন্যায্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে। মনোনয়নপত্র বাতিল নিয়ে জনমনে যে সংশয় ও সন্দেহ দেখা দিয়েছে, তা দূর করা তাদেরই কর্তব্য।